বইয়ের পাতায়, প্রদর্শনীতে অপর্ণা সেনের তোলা ছবি
Aparna sen's book my gaze: প্রকাশিত হতে চলেছে অপর্ণা সেনের ফোটোগ্রাফি সংকলন ‘মাই গেজ’। ১৭০ জিএসএম টেক্সচারড পেপারে তৈরী বইটির, মুখবন্ধ লিখেছেন কবি, গীতিকার জাভেদ আখতার। ২১শে নভেম্বর, ২০২৬ কেসিসি অ্যাম্ফিথিয়েটারে বইটি প্রকাশ পাবে।
গত ছয় দশক ধরে সেলুলয়েডের ফ্রেমে, তিনি নিরন্তর বুনে চলেছেন জীবনের আখ্যান। সাধারণের ভিড়েই তাঁর চোখ, চিরকাল খুঁজে ফিরেছে অনন্য সব মুহূর্তকে। অনবদ্য অভিনয়, মননশীল পরিচালনা কিংবা পত্রিকার সম্পাদনা, সব পরিচয়েই দর্শক তাঁকে দেখেছেন সমান উজ্জ্বল ভূমিকায়। কিন্তু এই পরিচিত আখ্যান ও চলন্ত ফ্রেমের বাইরে, ক্যামেরার লেন্স হাতে স্থিরচিত্রের কারিগর অপর্ণা সেনকে আমরা কতটা চিনি? চলমান জীবনের বাইরে দাঁড়িয়ে এক চিলতে নিস্তব্ধ, স্থির মুহূর্তকে তিনি ঠিক কীভাবে লেন্সবন্দি করেছেন এতকাল? ব্ল্যাকলেটার্সের উদ্যোগে প্রকাশিত হতে চলেছে তাঁর তোলা ছবির সংকলন 'মাই গেজ।'
স্থিরচিত্র তোলার এই নেশা অপর্ণা সেনের জীবনে নতুন নয়। এই বৃহদায়তন সংকলনের নেপথ্যে রয়েছে, এক দীর্ঘ ইতিহাস। অপর্ণা বলছেন,
'১৯৭৬ সালের কথা, আমার ছবি তোলার একেবারে শুরুর দিকে। সে-সময় প্রখ্যাত স্টিল ফোটোগ্রাফার সুভাষ নন্দীর কাছ থেকে একটি গাফ এল-১৭ ক্যামেরা কিনেছিলাম। মৃণাল সেনের ছবির পাশাপাশি আমার ‘৩৬ চৌরঙ্গী লেন’-এও তিনি স্টিল ফোটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। সুভাষের কাছ থেকে ক্যামেরা কিনলেও, সেটা পরিচালনার কৌশল আমার একেবারেই জানা ছিল না। সত্যি বলতে, ঠিক কীভাবে ছবি তুলতে হয়, সেই বিষয়ে আমি ছিলাম সম্পূর্ণ অজ্ঞ। ক্যামেরা চালানোর কারিগরি দিকটা শিখতে তখন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, চিত্রপরিচালক গৌতম ঘোষকে বলি। গৌতমই সে-সময় আমাকে দেখিয়েছিল, অ্যাপারচার ও শাটার স্পিডের মাধ্যমে কীভাবে আলো নিয়ন্ত্রণ করতে হয়, অর্থাৎ, ফ্রেমে ঠিক কতটা আলো প্রবেশ করবে, তার পরিমাপ নির্ধারণ করা। একবার সেই ব্যাকরণটা বুঝে যাওয়ার পর, আমাকে আর পায় কে!'
এই ক্যামেরার প্রতি তাঁর প্রেম ছিল মাদকের নেশার মতো -
'আমি ক্যামেরা ঘাড়ে করে যেতাম লোকেশন শুটেও। সেখানে গিয়ে আউটডোর শুটিং করছি, সেখানে সকলের ছবি তুলে বেড়াচ্ছি, সবাই বেশ রীতিমতো বিরক্ত হয়ে যেত!'
- আপনার জন্য আরও কিছু লেখা
Aparna Sen: যেহেতু আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, মা বাংলা শেখানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন।
ক্যামেরা তখন হয়ে উঠল তাঁর নিত্যসঙ্গী। শুটিংয়ের ফাঁকে, আউটডোর লোকেশনে তিনি ক্যামেরা ঘাড়ে করে ঘুরে বেড়াতেন। পরিচিত থেকে অপরিচিত, সবার ছবি তুলে বেড়াতেন আপন খেয়ালে। শিল্পের যে নিজস্ব কোনো নিয়ম নেই, সে আপন খেয়ালেই মুহূর্ত খুঁজে ফেরে, এ তিনি বিলক্ষণ জানতেন।
দুর্ভাগ্যবশত, সেই সত্তর বা আশির দশকে তোলা বহু অমূল্য নেগেটিভ প্রিন্ট, আজ আর তাঁর কাছে নেই। বারবার বাড়ি বদলের ঝক্কিতে এবং কিছুটা নিজের স্বভাবগত অযত্নে, সেইসব ফ্রেম কালের গর্ভে হারিয়ে গেছে। কিন্তু ফ্রেম হারালেও, তাঁর দেখার চোখ তো আর হারিয়ে যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি পাল্টেছে। অ্যানালগ থেকে পৃথিবীর চাকা গড়িয়েছে ডিজিটালের দিকে।
অপর্ণা সেনও সহজেই ডিজিটাল ফোটোগ্রাফিতে, নিজেকে মানিয়ে নিয়েছেন। তিনি বিলক্ষণ জানেন, মাধ্যম পাল্টালেও মানুষের দেখার চোখ একই থাকে। আলোটা দেখতে পাওয়া, একটা বিশেষ মুহূর্ত ধরতে পারা, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ফ্রেম তৈরি করা, এসবের কোনো বদল হয় না। এই অপরিবর্তনীয় ‘দেখার চোখ’-এরই ফসল হল তাঁর আসন্ন এই ফোটোগ্রাফির সংকলন।
‘মাই গেজ’ কোনোভাবেই প্রথাগত ‘ট্রাভেল ফোটোগ্রাফি’র বই নয়। চেনা-অচেনা নগর, বন্দর, পথে-প্রান্তরে ঘুরে বেড়ানোর সময় তাঁর লেন্সে ধরা পড়েছে অচেনা মুখের আদল, ক্ষণস্থায়ী অথচ স্মরণীয় মুহূর্ত, শূন্যতার প্রতিবিম্ব এবং শাশ্বত আলো-আঁধারির খেলা। প্রথাগত আখ্যান সৃষ্টির তাগিদ থেকে বেরিয়ে এসে তিনি খুঁজেছেন আরও সূক্ষ্মতা। নীরবতা কীভাবে কথা বলে ওঠে, আলো কীভাবে চারপাশের জগৎকে বদলে দেয়, সেটিই তাঁর মূল অন্বেষণ।
১৭০ জিএসএম বিদেশি টেক্সচারড পেপারে ছাপা, এই কফিটেবিল বইটি প্রকাশনা সংস্থা ব্ল্যাকলেটার্সের একটি স্মরণীয় প্রযোজনা হয়ে থাকবে। বইটির মুখবন্ধ লিখেছেন, প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার। তবে এই বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, শুধু ছবিই নয়, প্রতিটি ছবির সঙ্গে জড়িয়ে থাকা টুকরো ঘটনা, স্মৃতিকথা বা অ্যানেকডোটও লিখেছেন অপর্ণা সেন। ফলে ছবিটি কেন তাঁর মনে ঢেউ তুলেছিল, তা পাঠকের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। এই বইটি হাতে নেওয়া মানে অপর্ণা সেনকেই জানা, তাঁর দেখার চোখকে জানতে চাওয়ার পথে দু-দশ কদম হেঁটে যাওয়া।
ব্ল্যাকলেটার্সের তরফে নির্বাহী সম্পাদক অর্ক দেব বলেন, এই ধরনের প্রকল্পের সঙ্গে জড়িয়ে থাকা খুবই সম্মানের। দায়িত্ব বেড়ে যায়। এক্ষেত্রে বিশেষ প্রশংসা প্রাপ্য অলক্যাপ কমিউনিকেশনের। বইটি সাজিয়ে তুলতে সাহায্য করেছেন তারাই। একটি সাম্প্রতিক ভিডিও বার্তায় অপর্ণা সেন, এই বইয়ের স্পনসর হিসেবে মানসী রায়চৌধুরী, অনন্যা চৌধুরী এবং চাউম্যান-এর কর্ণধার দেবাদিত্য চৌধুরীকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বইটি প্রকাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, টেকনো ইন্ডিয়া, অঞ্জলি জুয়েলার্স, চাউম্যানের মত সংস্থাগুলি।
আগামী ২১ নভেম্বর, কলকাতার কেসিসির (কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি) অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে, এই বইটির প্রকাশ অনুষ্ঠান। এই প্রথমবার অপর্ণা সেনের তোলা, ছবির একক আলোকচিত্র প্রদর্শনী আয়োজিত হতে চলেছে। প্রদর্শনীটি চলবে আগামী ৯ই ডিসেম্বর পর্যন্ত। বড় বড় ক্যানভাসে মুদ্রিত তাঁর এই, ফোটোগ্রাফিগুলো দর্শকদের এক নতুন দৃশ্য-অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে।
শিল্পের এই নতুন যাত্রাপথে অপর্ণা সেন আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন, তাঁর নিজের চোখের দৃষ্টিতে জগৎটাকে একবার দেখার জন্য। আশা করা যায়, আবিশ্ব তাঁর অনুরাগীদের দ্বারা বইটি আদৃত হবে।






