শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে? বিশ্ব রাজনীতির নির্বাসিত রাষ্ট্রপ্রধানদের অভিজ্ঞতা কী বলছে?

Sheikh Hasina passport: দিল্লিতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদন ঘিরে তুঙ্গে বিতর্ক। ইতিহাসে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের নির্বাসন ও দেশে ফেরার নজির কী বলছে?

inscript
৬ মিনিট
শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে? বিশ্ব রাজনীতির নির্বাসিত রাষ্ট্রপ্রধানদের অভিজ্ঞতা কী বলছে?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। লন্ডনভিত্তিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স ৯ নভেম্বর ২০২৬ দিল্লির বাংলাদেশ হাই কমিশনে ইমেল পাঠিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানায়। হাই কমিশন সেই ইমেল ঢাকায় পাঠিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশ চেয়েছে। তবে সংস্থাটির কাছে শেখ হাসিনার অনুমোদনপত্র বা এমন কোনো নথি ছিল না, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে তিনি নিজেই এই আবেদন করতে বলেছেন। ফলে আবেদনটি তাঁর অনুমোদিত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই ঘটনা সামনে আসার পর প্রশ্ন উঠছে, ক্ষমতাচ্যুত কোনো রাষ্ট্রপ্রধান বিদেশে আশ্রয় নেওয়ার পর নিজের দেশে ফিরতে চাইলে তাঁর পথ কতটা সহজ হয়? নির্বাসনে থাকা অবস্থায় একজন প্রাক্তন শাসকের সঙ্গে তাঁর দেশের সরকারের সম্পর্কই বা কীভাবে বদলায়?

বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। কখনও সামরিক অভ্যুত্থান, কখনও গণঅভ্যুত্থান, আবার কখনও দুর্নীতির মামলা বা রাজনৈতিক সংঘাতের জেরে ক্ষমতা হারিয়ে একাধিক রাষ্ট্রপ্রধানকে দেশ ছাড়তে হয়েছে। তাঁদের কেউ জীবনের শেষ দিন পর্যন্ত বিদেশেই কাটিয়েছেন। কারও মৃত্যুর পরেও তাঁর দেহাবশেষ দেশে ফেরানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আবার কেউ দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরে রাজনীতিতে নতুন করে প্রভাব বিস্তার করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কয়েকটি ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষভাবে আলোচিত হয়েছে।

ইস্কান্দর মির্জা

১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হওয়ার পর ইস্কান্দর আলি মির্জা দেশটির প্রথম প্রেসিডেন্ট হন। কিন্তু তাঁর শাসনকাল দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৫৮ সালের ৭ অক্টোবর দেশে সামরিক আইন জারি করেন তিনি। সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দিলেও শেষ পর্যন্ত সেই সেনাবাহিনীর হাতেই ক্ষমতা হারাতে হয় তাঁকে।

মাত্র তিন সপ্তাহের মধ্যে আইয়ুব খান ইস্কান্দর মির্জাকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেন। এরপর তাঁকে পাকিস্তান ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে হয়। লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে শুরু করেন পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট। ১৯৬৯ সালে পাকিস্তানের কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে লন্ডনে দেখা হওয়ার পর তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। কিন্তু তাঁর সেই প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি।

১৯৬৯ সালের ১৩ নভেম্বর লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইস্কান্দর মির্জার। মৃত্যুর পর তাঁর দেহাবশেষ পাকিস্তানে নিয়ে যাওয়ার পরিবর্তে ইরানের তেহরানে সমাধিস্থ করা হয়। ইরানের শাহ তাঁর দেহাবশেষ নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠিয়েছিলেন এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছিল। এভাবেই পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের জীবনের শেষ অধ্যায় কাটে দেশের বাইরে।

ইদি আমিন

আফ্রিকার দেশ উগান্ডার প্রাক্তন শাসক ইদি আমিন আধুনিক ইতিহাসের অন্যতম নৃশংস স্বৈরশাসক হিসেবে পরিচিত। ১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মিল্টন ওবোটেকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রের ক্ষমতা দখল করেন তিনি। পরবর্তী আট বছর তাঁর শাসনকালে বিরোধী রাজনীতিক, সরকারি আধিকারিক, সেনাকর্মী এবং সাধারণ নাগরিকদের উপর ব্যাপক দমন-পীড়ন চলে। তাঁর শাসনকালে নিহত মানুষের সংখ্যা এক লক্ষ থেকে পাঁচ লক্ষের মধ্যে বলে বিভিন্ন হিসাব ও গবেষণায় অনুমান করা হয়েছে।

১৯৭৮ সালে প্রতিবেশী তানজানিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন ইদি আমিন। পরের বছর তানজানিয়ার সেনাবাহিনী এবং উগান্ডার সরকারবিরোধী বিদ্রোহীদের যৌথ অভিযানে তাঁর সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে সৌদি আরবে আশ্রয় নেন তিনি। জীবনের শেষ প্রায় ২৪ বছর সৌদি আরবেই কাটান এই প্রাক্তন শাসক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হাসিনার প্রত্যাবর্তন সম্ভবনাকে বাংলাদেশ কীভাবে দেখছে?

Sheikh Hasina passport application: ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদন ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক তরজা। হাসিনার প্রত্যাবর্তনকে কীভাবে দেখছে বাংলাদেশ?

২০০৩ সালের জুলাইয়ে গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে যান ইদি আমিন। সেই সময় তাঁর পরিবার উগান্ডা সরকারের কাছে তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার অনুমতি চায়। বিরোধী দল উগান্ডা পিপলস কংগ্রেসও তাঁকে দেশে ফেরানোর পক্ষে সওয়াল করে। তবে প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সরকারের বক্তব্য ছিল, ইদি আমিন দেশে ফিরতে চাইলে তাঁকে আইনের মুখোমুখি হতে হবে এবং তাঁর শাসনকালের অপরাধের জন্য বিচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হবে না। অর্থাৎ সরকার তাঁর প্রত্যাবর্তনের পথ পুরোপুরি বন্ধ করার কথা বলেনি, কিন্তু দেশে ফিরলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে বলে স্পষ্ট করেছিল।

শেষ পর্যন্ত ২০০৩ সালের ১৬ অগাস্টে সৌদি আরবের জেদ্দায় মৃত্যু হয় ইদি আমিনের। নিজের দেশে আর ফেরা হয়নি তাঁর।

ফার্দিনান্দ মার্কোস

ফিলিপিন্সের দীর্ঘদিনের শাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়র ১৯৬৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭২ সালে দ্বিতীয় মেয়াদের শেষদিকে সামরিক আইন জারি করে কার্যত একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। বিরোধী নেতাদের গ্রেফতার, সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাঁর শাসন ক্রমশ বিতর্কিত হয়ে ওঠে।

১৯৮৩ সালে বিরোধী নেতা বেনিগনো অ্যাকুইনো জুনিয়রের হত্যাকাণ্ডের পর ফিলিপিন্সে মার্কোস-বিরোধী আন্দোলন আরও তীব্র হয়। ১৯৮৬ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। স্ত্রী ইমেল্ডা এবং পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আশ্রয় নেন। ১৯৮৯ সালে সেখানেই মৃত্যু হয় মার্কোসের।

প্রথমদিকে তাঁর দেহাবশেষ দেশে ফেরানোর অনুমতি দেয়নি তৎকালীন প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর সরকার। তবে ১৯৯৩ সালে প্রেসিডেন্ট ফিদেল রামোস সেই নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর মার্কোসের দেহাবশেষ ফিলিপিন্সে ফিরিয়ে আনা হয় এবং ইলোকোস নর্তে প্রদেশের বাটাকে সংরক্ষণ করা হয়। আরও পরে, ২০১৬ সালে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সিদ্ধান্তে তাঁকে ম্যানিলার জাতীয় বীরদের সমাধিক্ষেত্র লিবিঙ্গান এনগা বায়ান-এ সমাহিত করা হয়। এই সিদ্ধান্ত ফিলিপিন্সে নতুন করে বিতর্ক তৈরি করেছিল।

থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নির্বাসন এবং প্রত্যাবর্তনের ঘটনা কিছুটা আলাদা। ২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৫ সালে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরেন। কিন্তু তাঁর পরিবারের ব্যবসায়িক স্বার্থ, স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঘিরে দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে।

২০০৬ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। সে সময় তিনি বিদেশে ছিলেন। প্রথমে যুক্তরাজ্যে থাকলেও পরে দুবাইয়ে বসবাস শুরু করেন। ২০০৮ সালে অল্প সময়ের জন্য থাইল্যান্ডে ফিরেছিলেন তিনি। কিন্তু দুর্নীতির মামলায় আদালতের সাজা ঘোষণার পর আবার দেশ ছাড়েন। বিদেশে থেকেও থাইল্যান্ডের রাজনীতিতে তাঁর প্রভাব বজায় ছিল। তাঁর রাজনৈতিক শিবিরের সঙ্গে যুক্ত দলগুলো পরবর্তী সময়ে ক্ষমতায় এসেছে। তাঁর বোন ইংলুক সিনাওয়াত্রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন।

অবশেষে ২০২৩ সালের ২২ অগাস্ট েদেশে ফেরেন থাকসিন। বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে মোট আট বছরের কারাদণ্ডের সাজা ছিল। পরে রাজকীয় ক্ষমায় সেই সাজা কমিয়ে এক বছর করা হয়। তবে দেশে ফেরার পর তাঁর কারাবাসের পরিস্থিতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে রাখা হয় এবং পরবর্তী সময়ে প্যারোলে মুক্তি দেওয়া হয়। তাঁর প্রত্যাবর্তন থাইল্যান্ডের রাজনীতিতে নির্বাসিত নেতার ফের সক্রিয় হয়ে ওঠার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

নওয়াজ শরিফ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক জীবনে নির্বাসন ও প্রত্যাবর্তনের ঘটনা একাধিকবার ঘটেছে। ১৯৯৯ সালে সেনাপ্রধান পারভেজ মুশাররফের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং আদালতে সাজাও ঘোষণা করা হয়। ২০০০ সালে সৌদি আরবের মধ্যস্থতায় নির্বাসনে যেতে সম্মত হন নওয়াজ। পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরবে চলে যান।

২০০৭ সালে পাকিস্তানে ফেরার চেষ্টা করলেও প্রথমে তাঁকে বাধার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত ওই বছরই দেশে ফেরেন তিনি। এরপর ২০১৩ সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ২০১৬ সালে পানামা পেপার্সে তাঁর পরিবারের বিদেশি সম্পত্তি নিয়ে তথ্য প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়। ২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে। পরে দুর্নীতির মামলায় তাঁর কারাদণ্ডও হয়।

২০১৯ সালের নভেম্বরে চিকিৎসার জন্য চার সপ্তাহের অনুমতি নিয়ে যুক্তরাজ্যে যান নওয়াজ। কিন্তু সেই যাত্রা দীর্ঘ নির্বাসনে পরিণত হয়। এই সময় তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। ইমরান খানের সরকার ২০২১ সালে তাঁর পাসপোর্ট নবীকরণ না করার সিদ্ধান্ত নেয়। তবে ২০২২ সালে ইমরান সরকারের পতনের পর তাঁর ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হলে পরিস্থিতি বদলায়। নতুন সরকার নওয়াজকে নতুন পাসপোর্ট দেয়।

অবশেষে ২০২৩ সালের ২১ অক্টোবর পাকিস্তানে ফেরেন নওয়াজ। দেশে ফিরে আদালতে আইনি লড়াই চালান। পানামা পেপার্স-পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে হওয়া কয়েকটি মামলায় তিনি খালাস পান বা আইনি স্বস্তি লাভ করেন। ২০২৪ সালে পাকিস্তানের রাজনীতিতে আবার সক্রিয় হয়ে ওঠেন তিনি এবং জুন মাসে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সভাপতি নির্বাচিত হন।

আশরাফ ঘানি ও গোটাবায়া রাজাপাকশে: দেশ ছাড়ার পর দু'রকম পরিণতি

ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশে আশ্রয় নেওয়া সব রাষ্ট্রপ্রধানের অভিজ্ঞতা এক নয়। আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশের ঘটনাই তার উদাহরণ।

২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তান ছেড়ে চলে যান আশরাফ ঘানি। তাঁর দেশত্যাগ ঘিরে সে সময় নানা বিতর্ক তৈরি হয়েছিল। পরে সংযুক্ত আরব আমিরশাহি জানায়, মানবিক কারণে ঘানি ও তাঁর পরিবারকে সে দেশে আশ্রয় দেওয়া হয়েছে। দেশ ছাড়ার পর ঘানি দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে তাঁর প্রত্যাবর্তন আর ঘটেনি।

অন্যদিকে, শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে ২০২২ সালের জুলাইয়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশ ছাড়তে বাধ্য হন। অর্থনৈতিক সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া আন্দোলন একসময় প্রেসিডেন্টের বাসভবন পর্যন্ত পৌঁছে যায়। রাজাপাকশে প্রথমে মালদ্বীপ, পরে সিঙ্গাপুরে যান। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠান। তবে দেশ ছাড়ার প্রায় দেড় মাসের মধ্যেই, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর তাঁকে সরকারি বাসভবন ও নিরাপত্তা দেওয়া হয়।

শেখ হাসিনার ক্ষেত্রে শেষ পর্যন্ত কী ঘটবে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ইমেলটি বাংলাদেশ হাই কমিশন ঢাকায় পাঠিয়েছে ঠিকই, কিন্তু সেটি তাঁর অনুমোদিত আবেদন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সরকারও তাঁর প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। ফলে এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাবরি থেকে গুজরাট: সোনিয়ার কলম বিবেকের আর্তনাদ

Sonia Gandhi Memoir: ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা সনিয়া গান্ধীর স্মৃতিচারণে বিশেষ স্থান পেয়েছে। টেলিভিশনের পর্দায় মসজিদ ভাঙার দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর কাছে ঘটনাটি ছিল ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক গভীর সংকেত।

পরকীয়া থেকে চিনা গুপ্তচর যোগ, কেন Nvidia-র CEO পদ খোয়ানোর মুখে জেনসেন হুয়াং?

Nvidia Extramarital Affair: পরকীয়া, চিনা গুপ্তচর যোগ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে বিতর্কে Nvidia-র CEO জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিচালন পর্ষদের তদন্তের মাঝেই কি হারাতে চলেছেন নিজের পদ?

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে?

Benjamin Netanyahu: বিরোধী শিবির নির্বাচনে এগিয়ে থাকলেও তাদের মধ্যেকার মতপার্থক্যকে কাজে লাগিয়ে নেতানিয়াহু নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন।

দূষণে দমবন্ধ অবস্থা দিল্লির, দীপাবলিতে মোদীর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?

Delhi air pollution Diwali: দীপাবলির রাতে ঘন ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, ৫ বছরের রেকর্ড ভেঙে একিউআই পৌঁছেছে ৩৭৬-এ। রাজধানী যখন ভয়াবহ বায়ুদূষণে বিপন্ন, তখন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?

ভোটদান ও গণনার সংখ্যার মধ্যে মিলছে না হিসাব, ২০২৪-এর নির্বাচনে কী হয়েছিল?

2024 Election Vote Discrepancies: দ্য রিপোর্টার্স কালেক্টিভের সাম্প্রতিক অনুসন্ধানে ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনের ৫১টি কেন্দ্রে ভোটদানের সংখ্যা এবং ইভিএমে গণনা হওয়া ভোটের মধ্যে বড়সড় অসংগতির তথ্য সামনে এসেছে।

ঘর থেকে বাহির: সোনিয়া গান্ধীর চোখে ভারতীয় রাজনীতির চার দশক

Sonia gandhi memoir: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এ কীভাবে উঠে এল তুরিনের এক ইতালীয় তরুণী থেকে কংগ্রেস সভানেত্রী হওয়ার যাত্রা, রাজীব গান্ধীর সঙ্গে প্রেম, ইন্দিরা গান্ধীর হত্যা, শ্রীপেরামবুদুর ও প্রধানমন্ত্রী পদ প্রত্যাখ্যানের গল্প?

সদ্যোজাতকে বাঁচাতে পারেননি, আর কী কী উঠে এল সনিয়ার আত্মজীবনীতে?

Sonia Gandhi Biography: ইন্দিরা গান্ধী পুত্রবধূর গর্ভাবস্থায় খাওয়া-দাওয়া, বিশ্রাম ও হাঁটাচলার উপর কড়া নজর রাখতেন। সনিয়া ব্যায়াম পছন্দ করতেন না, মুখে তুলতে চাইতেন না পালং শাক। কিন্তু শাশুড়ির নির্দেশে সপ্তাহে অন্তত তিন দিন পালং শাক আর দিনে দু’গ্লাস দুধ খাওয়া ছিল বাধ্যতামূলক।