রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত শেখ হাসিনার, বিবৃতি দিয়ে কী বললেন?
Sheikh Hasina Rohingya statement: রোহিঙ্গা গণহত্যার দায়ে মায়ানমারকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত দোষী সাব্যস্ত করার পর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে ঠিক কী আহ্বান জানিয়েছেন?
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে গণহত্যা চালানোর দায়ে মায়ানমারকে দায়ী করেছে রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালত। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বক্তব্য, এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার পথও এই রায়ের ফলে কিছুটা প্রশস্ত হতে পারে।
রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মায়ানমারকে দায়ী করার সিদ্ধান্ত আন্তর্জাতিক ন্যায়বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাষ্ট্রপুঞ্জের সমস্ত সদস্য দেশকে এই রায় মেনে চলার জন্য মায়ানমারের উপর চাপ তৈরির আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, রোহিঙ্গাদের নিরাপদে রাখাইন প্রদেশে নিজেদের ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলকে একযোগে কাজ করতে হবে।
২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর অভিযানের পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন কয়েক লক্ষ রোহিঙ্গা। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তাঁর দাবি, সেই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ প্রায় ১০ লক্ষ নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। তাঁদের অনেকেই সেনাবাহিনীর অত্যাচার, হত্যা, ধর্ষণ এবং গ্রাম ধ্বংসের মতো ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে বাংলাদেশে পৌঁছেছিলেন।

রায় ঘোষণার পর শেখ হাসিনার দেওয়া বিবৃতি
- আপনার জন্য আরও কিছু লেখা
Rohingya crisis ICJ verdict: রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালানোর দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক বিচার আদালত। অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ-সহ ১৯১ পাতার ঐতিহাসিক রায়ে আর কী কী পর্যবেক্ষণ ও নির্দেশ দিল আদালত?
শেখ হাসিনা আরও দাবি করেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাক্ষ্য এবং অন্যান্য তথ্য আন্তর্জাতিক তদন্তের ক্ষেত্রে বিশেষ সহায়তা করেছিল বলে তাঁর বক্তব্য।
মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার ক্ষেত্রেও বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরেছেন তিনি। শেখ হাসিনার দাবি, ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি-র মধ্যে তিনি গাম্বিয়াকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই সহায়তার ভিত্তিতেই ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মামলা করে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের অভিযোগে এই মামলা দায়ের হয়েছিল। গাম্বিয়ার অভিযোগ ছিল, ২০১৭ সালে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের সেনাবাহিনী পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছিল। মায়ানমার অবশ্য এতদিন এই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি ছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল।
কিন্তু আন্তর্জাতিক আদালত জানিয়েছে, রোহিঙ্গাদের হত্যা, তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হিংসা এবং তাঁদের পরবর্তী প্রজন্মের জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ গণহত্যার পর্যায়ে পড়ে। আদালত মায়ানমারকে এই অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিচার করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টিও পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে।
তবে এই রায় ঘোষণার পরেও রোহিঙ্গাদের দেশে ফেরা কতটা সহজ হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, মায়ানমারের রাখাইন প্রদেশে এখনও সংঘাত চলছে। সেখানে নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত না হলে শরণার্থীদের প্রত্যাবর্তন সম্ভব নয়।
শেখ হাসিনা তাঁর বিবৃতিতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং রাষ্ট্রপুঞ্জকে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক শাসনব্যবস্থার উন্নতিতে ভূমিকা পালন করবে।






