হাসিনার প্রত্যর্পণ নিয়ে আইনি পথেই অনড় দিল্লি, কী বলছে সরকার?
Sheikh Hasina extradition: মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের তরফে দুটি শর্তের জল্পনা ছড়িয়েছে। কী প্রতিক্রিয়া ভারত ও বাংলাদেশের?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত। হাসিনার প্রত্যর্পণের জন্য একাধিকবার ভারতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার বদলে আইনি প্রক্রিয়ার উপরেই জোর দিচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশের দাবি এবং ভারতের অবস্থানের মধ্যে ব্যবধান ক্রমশ স্পষ্ট হচ্ছে।
২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিমানে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। অন্যদিকে, তাঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন দমনে হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বর মাসে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। হাসিনার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়েছিল।
এরপর থেকেই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের উপর চাপ বাড়াতে থাকে ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রথমবার ২০২৪ সালের ডিসেম্বর মাসে কূটনৈতিক নোট পাঠিয়ে হাসিনার প্রত্যর্পণ চায়। ২০২৫ সালের নভেম্বর মাসে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দ্বিতীয়বার একই আবেদন জানানো হয়। এমনকি ২০২৬ সালের এপ্রিল মাসে দুই দেশের একটি দ্বিপাক্ষিক বৈঠকেও বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। কিন্তু বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, এখনও পর্যন্ত এই প্রত্যর্পণের আবেদন নিয়ে ভারতের তরফে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Sheikh Hasina passport rejected: শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন খারিজ হওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষ শুরু হয়েছে। হাসিনার প্রত্যাবর্তন ঘিরে আওয়ামী লীগকে দমনে কতটা কঠোর তারেক সরকার?
এর মধ্যেই বৃহস্পতিবার, ১২ নভেম্বর বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়, হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের তরফে দুটি শর্তের কথা জানানো হয়েছে। প্রথমত, হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকেই। তিনি যেভাবে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের সামরিক বিমানে ভারতে এসেছিলেন, সেভাবেই তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজনে বাংলাদেশের সেনাবাহিনী দিল্লিতে বিমান পাঠাতে পারে অথবা ভারত-বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট কোনো জায়গা থেকে তাঁকে গ্রহণ করতে পারে। এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবহণ ও অন্যান্য সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করার কথাও বলা হয়েছে।
তবে এই দুটি শর্তের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শুক্রবার, ১৩ নভেম্বর বিদেশ মন্ত্রকের নিয়মিত সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয়। সেই অনুযায়ীই বিষয়টি বিবেচনা করা হবে। বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লিখিত অন্য বিষয়গুলি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক আধিকারিকও জানিয়েছেন, এই ধরনের কোনো শর্তের বিষয়ে ঢাকা আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। এমনকি হাসিনা বাংলাদেশ ছাড়ার সময়ও তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভারত ও বাংলাদেশের কূটনীতিকদের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ওই আধিকারিক। ফলে সংবাদমাধ্যমে প্রকাশিত শর্তগুলি ভারতের আনুষ্ঠানিক অবস্থান কি না, তা এখনও স্পষ্ট নয়।






