জিষ্ণু বসু: বিজেপির সরকারকে দশে কত নম্বর দিচ্ছেন আরএসএসের নেতা?
Jishnu Bose: সম্প্রতি ইনস্ক্রিপ্টের পডকাস্টে আরএসএসের পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু সংগঠনের কাজ, অর্থের জোগান, মুসলিমদের সঙ্গে সম্পর্ক, গান্ধী হত্যা, সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের নতুন বিজেপি সরকারের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে আরএসএসের সাংগঠনিক বিস্তার, রাজনৈতিক প্রভাব এবং বিজেপির সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। একদিকে সংগঠনটি নিজেদের জাতীয়তাবাদী ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে তুলে ধরে, অন্যদিকে হিন্দুত্বের রাজনীতি, সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি ইনস্ক্রিপ্টের পডকাস্টে আরএসএসের পূর্ব ক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসু সংগঠনের কাজ, অর্থের জোগান, মুসলিমদের সঙ্গে সম্পর্ক, গান্ধী হত্যা, সাভারকর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাজ্যের নতুন বিজেপি সরকারের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। তাঁর দাবি, আরএসএসের শক্তির মূল ভিত্তি ভালোবাসা ও নিঃস্বার্থ সেবা। কিন্তু তাঁর বক্তব্যের মধ্যেই উঠে এসেছে একাধিক রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক।
প্রশ্ন: আরএসএস একটা শতাব্দীপ্রাচীন সংগঠন। তা সত্ত্বেও সামগ্রিকভাবে আরএসএস সম্পর্কে পশ্চিমবঙ্গের আমজনতার ধারণা কি এখনও একটু সীমিত বলে মনে হয় আপনার?
উত্তর: পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের অনেক জায়গাতেই তাই। তার কিছুটা কারণ আরএসএসের নিজের গঠনতন্ত্রের মধ্যে আর কিছুটা এই কালচারাল মার্ক্সিজমের কারণে। আপনি আপনার সাংবাদিক জীবন এবং তার আগে পর্যন্ত কোনো কাগজের উত্তর সম্পাদকীয়, সম্পাদকীয় কিংবা কোনো একটা টিভি চ্যানেলের প্রাইম টাইমে আরএসএস সম্পর্কে ভালো কথা কখনো শুনেছেন? মনে হয় শোনেননি। আসলে এটা একটা বাস্তুতন্ত্র। সেই বাস্তুতন্ত্রের একটা ভূমিকা আছে। এবং আরএসএস বা হিন্দুরা মনে করে, একটা কোনো ভালো কাজ করতে গেলে লোকেসনাকেও দূরে রাখতে হয়। একেবারে চুপ করে থেকে দেশের জন্য কাজ করা। এটাও একটা কারণ যে, আরএসএস খুব একটা প্রচার প্রচারের ব্যাপারে উন্মুখ ছিল না।
প্রশ্ন: সেটাকে আপনি ব্যর্থতা বলবেন না? কালচারাল মার্ক্সিজম বলুন বা উত্তর সম্পাদকীয়তে না লেখা বলুন বা খবরে না লেখা বলুন, এটা আমি মানছি। কিন্তু আমি যখন কারো দিকে এক আঙুল তুলি তখন তিনটে আঙুল আমার দিকেও তো আসে।
উত্তর: আমি বলছি শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রেই এটা কম বেশিভাবে সত্যি। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সংগঠনে স্বয়ংসেবকরাই আছে। মজদুরদের ক্ষেত্রে, শ্রমজীবী মানুষের ক্ষেত্রে, বিদ্যার্থীদের ক্ষেত্রে, ছাত্রদের ক্ষেত্রে। আমাদের ১ লক্ষ ৬৫ হাজার সেবাপ্রকল্প চলে সারা ভারতবর্ষ জুড়ে। বিজ্ঞানীদের নিয়ে একটা অর্গানাইজেশন আছে, ‘বিজ্ঞানভারতী’। সেটাই সর্ববৃহৎ। তারাই সারা ভারতবর্ষের সবচেয়ে বড় বিদ্যার্থী বিজ্ঞান মন্থন করে।
প্রশ্ন: আপনার সঙ্গে আরএসএসের যোগাযোগ কীভাবে হলো? কীভাবে আকৃষ্ট হলেন?
উত্তর: আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তাম মেকানিকাল ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটিতে আসার পরে বামপন্থার ব্যাপারে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমার আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। আপনি কি জানেন, পুলিনবিহারী দাসের ‘অস্ত্রচর্চা’ বলে একটি বই যাদবপুর ইউনিভার্সিটি প্রেস থেকেই বেরিয়েছে?
প্রশ্ন: পেশাগতভাবে আপনি একজন প্রযুক্তিবিদ। টেকনিক্যালি বিজ্ঞানীও বলা যেতে পারে। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে আপনি কর্মরত। আপনাদের বিরোধীরা বলেন, আরএসএসের অনেক কিছু নাকি অবৈজ্ঞানিক! আপনার বিজ্ঞানসাধনার সঙ্গে এই তথাকথিত অবৈজ্ঞানিকতার কোনো বিরোধ কোনদিন বাধেনি?
উত্তর: না। যেখানে যেখানে অবৈজ্ঞানিক বিষয়ে ধরুন কেউ ভুল করছেন, আমি সরাসরি প্রতিবাদ করি। সেই পরিসর আছে সংগঠনের মধ্যে। আমি একটা প্রতিবাদ সর্বোচ্চ অখিল ভারতীয় প্রতিনিধিসভায় করেছিলাম। সেটা গ্রহণ করার পরে ঠিক হয়, বৈজ্ঞানিকভাবে যেটা সত্যি সেটাই করা হবে। কারণ, যেটা বিজ্ঞানসম্মত নয় সেটা টিকবে না।
প্রশ্ন: ‘ক্যারাভান’ পত্রিকা তাদের সাম্প্রতিক একটা প্রতিবেদনে দেখিয়েছে, আরএসএস শ্বের সবচেয়ে বড় দক্ষিণপন্থী নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা কীভাবে গড়ে উঠল?
উত্তর: আমরা দক্ষিণপন্থী নই। আমাকে আপনি ভারতীয় বলতে পারেন। জাতীয়তাবাদী বলতে পারেন। খুব খারাপ হলে আপনি হিন্দুত্ববাদী বলতে পারেন। তার সঙ্গে দক্ষিণপন্থার কী সম্পর্ক?
এই নেটওয়ার্কটা তৈরি হল ভালোবাসা দিয়ে। একটা সাংঘাতিক ত্রাস ছিল বামফ্রন্টের সময়। তারপরেও ছিল। কিন্তু একটা মানুষ নিজের জীবনকে উৎসর্গ করতে পারে ভালোবাসার জন্য। এই পুরো নেটওয়ার্কের মূল জায়গাটা হচ্ছে ভালোবাসা। মানে একজনের আরেকজনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভাব। মানে আপনার সঙ্গে কোনো ধান্দার সম্পর্ক নেই, স্বার্থের সম্পর্ক নেই, তাকে ভালোবাসাটাই আমাদের ভারতবর্ষ সারা পৃথিবীকে শিখিয়েছে।
প্রশ্ন: আরএসএস কি মুসলিমদের বিরোধী?
উত্তর: মুসলিমদের সঙ্গে খুব রেগুলার ভিত্তিতেই আমার সঙ্গে ভালো সম্পর্ক। একটা জিনিস ঠিক যে, আমরা হিন্দুদের বাঁচানোর জন্য বলি। বাংলাদেশে অত্যাচার হলে আমি বলব। আপনি হয়তো বলবেন না। আমি চিৎকার করে বলব যে, বাংলাদেশে অন্যায় হচ্ছে। আমি হিন্দুকে রক্ষা করার কথা বলা মানে মুসলমানের বিরোধিতা করা নয়। এপিজে আব্দুল কালামের মতো মহাত্মা ব্যক্তি আরএসএসের কাছাকাছি এসেছেন। তাঁরা দেখে বুঝেছেন যে এরা মুসলমানের বিরোধী নয়। এরা হিন্দুদের রক্ষা করার কথা বলে।
প্রশ্ন: সঙ্ঘে কোনো মুসলিম স্বয়ংসেবক আছেন?
উত্তর: আছেন। এই শহরেও বহুদিনের পুরনো অনেকে আছেন। উত্তরবঙ্গে গিয়ে করোনার সময়ে আটকে গেছিলেন মহারাষ্ট্রের এক ভদ্রলোক। আমাদের আলিদা তাঁকে বাড়িতে রেখেছেন, খাইয়েছেন। উনি যাওয়ার সময় আমাকে ফোন করে বলে গেলেন, আপনাদের একজন মুসলমান স্বয়ংসেবক এতদিন আমাকে রাখলেন! আমি ভাবতেই পারছি না। এমন অনেকে আছেন। মুসলমান স্বয়ংসেবক তৃতীয় বর্ষ শিক্ষিত এরকমও আছেন। দক্ষ কার্যকর্তা হিসেবেও মুসলমান সম্প্রদায়ের স্বয়ংসেবক আছেন।
প্রশ্ন: আরএসএসের সারা বছরের দৈনিক কাজের অর্থের সংকুলান কীভাবে হয়?
উত্তর: গুরুপূর্ণিমার সময় প্রতিবার নিজেরা কিছু কন্ট্রিবিউট করি। কন্ট্রিবিউট করার পরে একটা-দুটো মাস একটু কষ্ট হয় সংসার চালাতে।
প্রশ্ন: নাথুরাম গডসের ব্যাগেজ এখনো আপনাদের বয়ে নিয়ে বেড়াতে হয়!
উত্তর: এটা নিয়ে অবশ্য একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতাকে ক্ষমা চাইতে হয়েছে কোর্টে। গডসে বা মহাত্মা গান্ধীর হত্যার সঙ্গে আরএসএসের কোনো সম্পর্ক ছিল না। গডসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরোধী কথাবার্তা বলতেন। মহাত্মা গান্ধী দেশ স্বাধীন হওয়ার পরেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন।
প্রশ্ন: গান্ধীকে আরএসএস কী দৃষ্টিতে দেখে?
উত্তর: আমরা প্রাতঃস্মরণ করি। প্রতিদিন সকালবেলায় যাঁদের যাঁদের নাম স্মরণ করি, তাঁদের মধ্যে মহাত্মা গান্ধী আছেন।
প্রশ্ন: আপনাদের বিরোধীরা প্রায়শই দুটো বা তিনটে বিষয় নিয়ে আপনাদের আক্রমণ করে থাকেন। এক, দামোদর বিনায়ক সাভারকার ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলেন। ফলে তাঁকে কেন ‘বীর’ বলা হবে? দ্বিতীয়ত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা করেছিলেন। তৃতীয়ত, আপনারা সঙ্ঘের সদর দফতর নাগপুরে বহুদিন জাতীয় পতাকা তোলেননি।
উত্তর: সাভারকারের ব্যাপারে এটা একটা কন্সপিরেসি অফ সাইলেন্স। মুচলেকা তো শ্রীপাদ অমৃত ডাঙ্গেও দিয়েছিলেন। আমি কিন্তু ডাঙ্গেকে অশ্রদ্ধা করি না। আমি মনে করি ডাঙ্গে পরাধীন দেশে গ্রেফতার হয়েছিলেন। সেই সময় এটা একটা পদ্ধতি ছিল। যাতে তাঁরা বেরিয়ে আসার পরে আবার দেশের স্বাধীনতা সংগ্রামের কাজ করতেন। উল্লাসকর দত্ত ছাড়া পাওয়ার পরে আবার দেশের জন্য কাজ করেছেন। আবার গ্রেফতার হয়েছেন। এটা তাঁদেরর একটা কৌশলগত পদক্ষেপ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো একাডেমিশিয়ান ছিলেন। তাঁর রাজনীতিতে আসার মনও ছিল না। ইউনিভার্সিটি চালানোর জন্য যা প্রশাসনিক করার দরকার, ভাইস চ্যান্সেলর সেটাই করেছেন প্রশাসক হিসেবে।
সংঘের সদর দফতরে জাতীয় পতাকা না তোলার ব্যাপারটা বলে যে বিরোধীরা আক্রমণ করেন, সেটার একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। দেশ যখন স্বাধীন হয়নি, যখন লাহোর কংগ্রেসে রেবা নদীর ধারে ঠিক হলো ‘পূর্ণস্বরাজ’, তখন জাতীয় পতাকা হিসাবে কংগ্রেসের ওই ত্রিবর্ণ রঙের মধ্যে চরকা সেটাই টাঙানো হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যেক শাখায় বাধ্যতামূলকভাবে ১৯৩০ সালে ওই পতাকা টাঙানো হয়েছিল। কেশব বলিরাম হেডগেওয়ার সেই সময় পূজনীয় সরসঙ্ঘচালক, বলেছিলেন প্রত্যেকটা শাখায় যেন ওই পতাকা তোলা হয়। কিছু কিছু জিনিস অর্ধসত্য বললে সেটা আরো ভয়াবহ হয়ে যায়।
প্রশ্ন: বিজেপির সঙ্গে আরএসএসের সম্পর্কটা কী? এই দুই সংগঠনের পারস্পরিক রসায়নটাই বা কী?
উত্তর: বিজেপির মধ্যে স্বয়ংসেবকরা আছেন। এটাই সম্পর্ক। বিজেপি একটি স্বতন্ত্র সংগঠন।
প্রশ্ন: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি ভারতীয় জনতা পার্টিকে দিকনির্দেশ দেয় না?
উত্তর: কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, অন্যান্য শ্রমিক সংগঠন এবং ছাত্র সংগঠনও আছে। পশ্চিমবঙ্গে এমন ৩৬টি সক্রিয় আছে। তাদের ক্ষেত্রে আমাদের স্বয়ংসেবকেরা আছেন। ধরুন, আমার বড় ভাই বা ছোট ভাই কোনো একটা জায়গায় আছে। তার সঙ্গে দিনের শেষে আমরা আলোচনা করতেই পারি।
প্রশ্ন: এই জেন জি আন্দোলন নিয়ে আপনাদের অভিমত কী? আরএসএস এই আন্দোলনের চরিত্রকে কীভাবে দেখে?
উত্তর: প্রথম কথা হচ্ছে, ৪১ কোটি যুবক-যুবতীর একটা বড় বাজার। তার একটা অংশকে যদি লাগিয়ে দিতে পারি, তাহলে এটা গ্লোবাল মার্কেট ফোর্সের কাছে এটা একটা বড় মার্কেট। আপনি বুঝিয়ে দিয়ে তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। জেন জি নাম দেওয়া বা আন্দোলন করার ক্ষেত্রে গ্লোবাল মার্কেট ফোর্সের একটা বড় ভূমিকা ছিল। কালচারাল মার্ক্সিজম এবং গ্লোবাল মার্কেট ফোর্স একসঙ্গে কাজ করছে। তার জন্যই এই অস্থিরতা। কালচারাল মার্ক্সিজম চায়, ডেস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড! সারা পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক ভারতবর্ষ কালচারাল মার্ক্সিজমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কালচারাল মার্ক্সিজমের টুল গণতন্ত্রের অধিকারকে ব্যবহার করে গণতন্ত্রকে শেষ করতে চাইছে।
প্রশ্ন: নেহা বোরাকে চেনেন? তাঁর সম্পর্কে আপনার কী মূল্যায়ন?
উত্তর: কোনও নেতানেত্রীর মূল্যায়ন আমি ইউজুয়ালি করি না। কোনো ব্যক্তিকে না বলে বলছি, এটা কিন্তু একটা মডেল। এটা ওই কালচারাল মার্ক্সিজম থেকেই আসে যে, প্রথমে রেজিস্ট করো। এদের কিন্তু কোনো একটা বিষয়ে আপত্তি এরকম কিছু নয়। এই ইস্যুগুলোই প্রতিদিন পাল্টাবে! কোশ্চেন লিক হলে প্রত্যেক ছাত্রেরই ক্ষতি হয়। সত্যিকারেরই খুব দুঃখের বিষয়। এর আগেও লিক হয়েছে। কিন্তু এবারে লিক যে হয়েছে, সেটা লিক হয়ে গেছে! এদের টার্গেটটা কিন্তু গণতন্ত্রের তিনটে স্তম্ভ। একটা জুডিশিয়ারি। প্রথম কিন্তু আক্রমণ করেছে সেটাকে। তারপরে লেজিসলেটিভ। তারপরে প্রশাসন। এই তিনটে ব্যবস্থার প্রতি মানুষের সন্দেহ জাগিয়ে দিলে সেটা একটা বড় চ্যালেঞ্জ গণতান্ত্রিক ভারতবর্ষকে। তাই ব্যক্তি বড় কথা নয়। এইটা তৈরি করার জন্য যে পদ্ধতি, সেটাই আসল। আমি আপনাকে ১০ জনের নাম বলতে পারব, যারা ওই বয়সের ছেলেমেয়ে এবং গরিব মানুষের জন্য কাজ করছে।
প্রশ্ন: সরকারের বিরোধিতা মানেই কি দেশের বিরোধিতা করা? গণতন্ত্রে বিরোধীদের তো একটা পরিসর থাকতে হবে?
উত্তর: আমরা মনে করি, কেউ শত্রু নয়। যারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, যাদের মতামত এবং আদর্শ ভিন্ন, তারা আমার বিরোধী হতে পারে, মতের বিরোধী হতে পারে। কিন্তু কেউ শত্রু নয়। যারা বিরোধী, তারা আমার মতের বিরোধী।
প্রশ্ন: ‘সনাতনী’ শব্দটা পশ্চিমবঙ্গের রোজকার রাজনৈতিক কথাবার্তার মধ্যে চলে এসেছে। ‘সনাতনী’ মানে কী?
উত্তর: বাংলার সাহিত্যে ‘হিন্দু’ এবং ‘সনাতনী’ দুটো শব্দই ব্যবহার করা হয়েছে। সেই হিসেবে সনাতনী এবং হিন্দু একই মানে।
প্রশ্ন: এই রাজ্য সরকারের কিছু কিছু সিদ্ধান্ত কি অবাঞ্ছিত বিতর্কের জন্ম দিচ্ছে বলে আপনার মনে হয়?
উত্তর: যেটা আদৌ কেউ বলছে না যে, এই সরকার এইটুকু সময়ের মধ্যে যে বর্ডারের জমি দিয়েছে, দুটো হাতে কাজ দিয়েছে। এত বিনিয়োগ আসছে। আমি কতগুলো ক্ষেত্রে ব্যক্তিগতভাবেও উপস্থিত ছিলাম। আমাদের বাঙালি যেসব শিল্পপতি বহুদিন এখানে কোনো বিনিয়োগ করছিলেন না, তাঁরা নতুন করে আবার বিনিয়োগ করছেন। একজন ব্যবসায়ী নিজের ব্যবসাটা কিন্তু ঠিকঠাক বোঝেন। ভারতবর্ষের বিভিন্ন বিনিয়োগকারীরা আসছেন। ভারতবর্ষের বাইরে থেকেও আসছেন।
প্রশ্ন: কিছু কিছু অবাঞ্ছিত বিতর্কও তো তৈরি হচ্ছে! রাজ্য সরকারের শীর্ষস্তরের সঙ্গে আপনার বা আপনাদের সংগঠনের কি নিয়মিত যোগাযোগ আছে?
উত্তর: স্বয়ংসেবকরা তো আছেন। আমাদের যোগাযোগের সূত্র তো স্বয়ংসেবকেরা।
প্রশ্ন: দুর্গাপূজার বইয়ের স্টল ভাঙচুর নিয়ে আপনার খেদোক্তির কথা কি আপনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন?
উত্তর: দেখুন, আমি অন্যভাবে বলি— আমার যা বক্তব্য, সেটা পাবলিক ডোমেনে আছে। নভেম্বর বিপ্লবের দিন আসছে। তাঁরা বলছেন, ১৬ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। তাঁরা ৩২ লক্ষ টাকার বই নভেম্বর বিপ্লবের জন্য বিক্রি করতে পারবেন না কেন? তাঁরা স্টল দেবেন না কেন? তার মানে যে কথাটা তাঁরা মুখে বলেন, মনে তা বিশ্বাস করেন না। যেমন ক’দিন আগে আরেকটা দেখলাম। মানে খুব কাঁচা স্ক্রিপ্ট। একজন দেখাচ্ছে যে, এক ভদ্রমহিলা চারটি বই কিনেছেন। একটি নিত্যানন্দ প্রভুর উপরে। আরেকটি বাউলদের উপরে। আরেকটি রান্নার বই। এই বই বিক্রি করার জন্যই কি বামেদের বুকস্টল? বামেদের বুকস্টল তো শ্রেণীচেতনা জাগানোর জন্য! যদি সত্যিকারের এটা ছবি হয়, তাহলে খুবই ব্যর্থতা। আর যদি স্ক্রিপ্টেড হয় তাহলে খুবই কাঁচা স্ক্রিপ্ট।
প্রশ্ন: আপনি বললেন, গণতন্ত্রে বিরোধী পরিসরের দরকার আছে। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধীশূন্য পুরভোটের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতেন!
উত্তর: গণতন্ত্রে বিরোধী না থাকলে গণতান্ত্রিক ব্যবস্থাটায় সাফল্য কমে যায়। শুভেন্দুবাবু অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী হিসেবেও আমার শ্রদ্ধেয় মানুষ।
প্রশ্ন: রাজ্যে বিজেপি সরকারের ছ’মাস অতিক্রান্ত। দশে কত নম্বর দেবেন?
উত্তর: আমি যে জায়গাগুলো দেখি, তাতে অবশ্যই ভালো নম্বর পাবে। আট নম্বর তো পাবেই। এত ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হয়েছে, এত বিনিয়োগ হয়েছে! আমাকে ইঞ্জিনিয়ার হিসেবে জিজ্ঞেস করলে দশে দশ দেব। চোরবাগানের ঘটনাটা বাদ দিলে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এবারের দুর্গাপূজায় মানুষ কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দে বেরিয়েছিল। মানুষের মধ্যে একটা নির্ভয় ভাব লক্ষ্য করছি।





