কেন ভোটে ফিরছে না বামেরা? কোথায় সাংগঠনিক ভুল, কী বলছেন শতরূপ ঘোষ?
Shatarup Ghosh in Calcutta Dialogues: ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৮তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম মুখ শতরূপ ঘোষ। সাক্ষাৎকারে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ, বামেদের সাংগঠনিক ভুলত্রুটি ও আত্মদর্শনের কথা, ২০৩১ সালের ব্লুপ্রিন্ট এবং ব্যক্তি শতরূপের সাংস্কৃতিক ও যাপিত জীবনের নানা দিক।
‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৮তম পর্বে উপস্থিত হয়েছিলেন শতরূপ ঘোষ
‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৮তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম মুখ শতরূপ ঘোষ। ছাত্র রাজনীতি (এসএফআই) এবং যুব আন্দোলন (ডিওয়াইএফআই)-এর দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি রাজ্য রাজনীতিতে দলের অন্যতম স্পষ্টভাষী ও আক্রমণাত্মক বক্তা। এই সাক্ষাৎকারে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ, বামেদের সাংগঠনিক ভুলত্রুটি ও আত্মদর্শনের কথা, ২০৩১ সালের ব্লুপ্রিন্ট এবং ব্যক্তি শতরূপের সাংস্কৃতিক ও যাপিত জীবনের নানা দিক।
প্রশ্ন: শতরূপ, আপনাকে স্বাগত। আপনার কথা বলার এই স্বাভাবিকতা, এই স্বতঃস্ফূর্ততা—অনেকের মনে হয়, এটি তৈরি হয় না, এটি জন্মগত। কিন্তু চন্দ্রিলের মতো বক্তাদের নেপথ্যে বিপুল প্রস্তুতি থাকে। আপনি রোজ কথা বলেন, টেলিভিশন ডিবেট করেন। আপনার প্রস্তুতি কীভাবে হয়?
উত্তর: দুটো জিনিস থাকে—একটা তথ্যের জোগান, আরেকটা বলার ধরন। সচেতনভাবে যে খুব বেশি প্রস্তুতি নিই, তা নয়। তবে কনটেন্টের প্রস্তুতি নিতে হয়। প্রতিদিন খবরের কাগজ খুঁটিয়ে পড়া, পুরনো দলিল, রিপোর্ট ও ডকুমেন্টারি দেখা—এগুলি নিয়মিত করি। যেটি মনে রাখার মতো মনে হয়, সেটি নোট রাখি।
কলেজ জীবনে বা সদ্য পাস করার সময় ডিবেটের আগে চার-পাঁচটা কাগজ খুলে ডায়েরিতে পয়েন্ট করে নোট নিতাম। এখন আর সেই দরকার হয় না। সকাল থেকে রাত পর্যন্ত বিষয়ের মধ্যে থাকতে হয় বলে অনেক তথ্য তাৎক্ষণিকভাবে মাথায় চলে আসে।
কলেজ জীবনে বা সদ্য পাস করার সময় ডিবেটের আগে চার-পাঁচটা কাগজ খুলে ডায়েরিতে পয়েন্ট করে নোট নিতাম। এখন আর সেই দরকার হয় না। সকাল থেকে রাত পর্যন্ত বিষয়ের মধ্যে থাকতে হয় বলে অনেক তথ্য তাৎক্ষণিকভাবে মাথায় চলে আসে।
বলার শৈলীর ব্যাপারটা আলাদা। প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সেটি তৈরি হয় সাংস্কৃতিক পুঁজি বা কালচারাল ক্যাপিটাল থেকে—যে সাহিত্য পড়েছেন, যে থিয়েটার দেখেছেন, যাঁদের সঙ্গে আড্ডা মেরেছেন। চন্দ্রিল ভট্টাচার্যের ক্ষেত্রেও তাই। কনটেন্টের নেপথ্যে প্রস্তুতি আছে, কিন্তু যেভাবে বলেন, সেটি হাজার প্র্যাকটিস করেও তৈরি হয় না। ওটা একজনেরই হয়।
প্রশ্ন: রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে সবাই রাজনীতি নিয়েই জিজ্ঞেস করে। ব্যক্তি শতরূপের সাংস্কৃতিক পছন্দ, গান, সিনেমা—এগুলি অনেক সময় চাপা পড়ে যায়। আপনি কোন ধরনের গান শোনেন? কী ধরনের সিনেমা দেখেন?
- আপনার জন্য আরও কিছু লেখা
Sujat Bhadra Interview: পুলিশ কি একাধারে তদন্তকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা নিতে পারে? সত্তরের দশকের নকশাল নিধনের স্মৃতি থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও আসামের সাম্প্রতিক পরিসংখ্যান—বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সংস্কৃতির শিকড় ঠিক কোথায়? ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৯ তম পর্বে এই সমস্ত প্রাসঙ্গিক বিষয়েই কথা বলেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।
উত্তর: আমি সব ধরনের গান শুনি। নব্বইয়ের দশকের নতুন গান—সুমন, অঞ্জন, জীবনমুখী, শিলাজিৎ—আমার খুব প্রিয়। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র—এদের গান অসম্ভব ভালবাসি। হিন্দি গানও শুনি, অরিজিৎ সিং, পাপন আমার খুব পছন্দের। রবীন্দ্রসংগীত তো আছেই।
সিনেমার ক্ষেত্রে আমি পোকা। প্রায় প্রতিদিন কোনো না কোনো সিনেমা দেখি। ক্লাসিক বললে তরুণ মজুমদার, সত্যজিৎ রায়। এখনকার মধ্যে অনুভব সিনহাকে আলাদা করে বলব। উনি যেভাবে রাজনৈতিক সিনেমা করেন—প্রপাগান্ডা না হয়েও রাজনৈতিক বক্তব্য পৌঁছয়। ‘আর্টিকেল ১৫’, 'অনেক'-এর মতো ছবি দরকার। নাগেশ কুকুনুর, অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়ের কিছু কাজও আমার খুব ভালো লাগে।
প্রশ্ন: পারিবারিক জীবনে সময় দিতে পারেন?
উত্তর: পার্টিটাকেই আমরা পরিবার মনে করি। কাজের জন্য অনেক ট্রাভেল হয়, সেখানে মিটিংও হয়, মানুষজনের সঙ্গে দেখাও হয়। আলাদা করে পারিবারিক জীবনে বিরাট সময় দেওয়া হয় না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি চাই মানুষ আমার রাজনৈতিক কথা শুনুক।
প্রশ্ন: এবার রাজনীতিতে আসি। বিজেপির ছয় মাস হয়ে গেল। এই ছয় মাসকে আপনি কীভাবে অডিট করবেন?
উত্তর: বিজেপি যা করার কথা ছিল, তাই করছে। সুতরাং আমি অবাক হইনি। কিছু মানুষের মধ্যে—এমনকী কিছু বাম সমর্থকের মধ্যেও—একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে বামপন্থীরা সুখে থাকবে, আর তৃণমূলই শুধু খারাপ। বিজেপি সেই মিথ ভেঙে দিচ্ছে। যারা ১৫ বছর চাকরি বিক্রি করেছে, তারা বন্ধু হয়ে গেল; আর যারা বই বিক্রি করতে এসেছে, তারা শত্রু হয়ে গেল।
হাবড়াতে একটা ঘটনা দেখেছি। ভোটের আগে এক গরিব বৈষ্ণব মহিলার কাছে গিয়ে বলা হয়েছিল, “হিন্দুদের এত কষ্টে রাখা হচ্ছে, একবার বিজেপিকে ভোট দাও।” বিজেপি জিতল, বিধায়ক হলেন, তারপর বুলডোজার দিয়ে সেই ঝুপড়ি ভেঙে দেওয়া হলো। পাঁচ বছরের একটা মেয়ের নাম সরস্বতী, তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ওরা বলত, বাংলায় সরস্বতী পুজো হয় না; অথচ এখন সেই সরস্বতীই স্কুলে যেতে পারে না।
প্রশ্ন: রেড ভলান্টিয়ারদের কাজ, ইলেক্টোরাল বন্ডে টাকা না নেওয়া—এগুলি খুব উজ্জ্বল অধ্যায়। তারপরও ভোট কনভার্ট হচ্ছে না। কোথায় সমস্যা?
- আপনার জন্য আরও কিছু লেখা
Dipsita Dhar Interview: ৮০ শতাংশ মানুষ মমতার বিরুদ্ধে ক্রোধ এবং ঘৃণায় বিজেপিকে ভোট দিয়েছিলেন। বাকি ২০ শতাংশ দিয়েছিলেন ‘হিন্দুত্বের’ কারণে। সিপিএমের নেত্রী মনে করেন, সেই ৮০ শতাংশ মানুষকে বুঝিয়ে ফেরানো সম্ভব।
উত্তর: এটা আমাদের কাছেও প্রশ্ন। ২০১৯-এর পর থেকে বিজেপির ভোট কমছে। ২০২১-এ কম পেয়েছে, ২০২৪-এ আরও কম। মানুষ মোদীকে ভোট দেয়নি, শুভেন্দু অধিকারীকে দিয়েছে। তৃণমূলকে তাড়ানোর জন্য বিজেপিকে একমাত্র বিকল্প ভেবেছিল অনেকে। এখানে আমাদের প্রবল ব্যর্থতা আছে।
রাজনীতি এখন দ্বিমুখী হয়ে গিয়েছে। ত্রিভুজ লড়াই বা থ্রি-কর্নার ফাইট প্রায় নেই বললেই চলে। হয় সরকারকে রাখব, না হয় পাল্টাব। মানুষ পাল্টানোর জন্য সবচেয়ে সম্ভাব্য বিকল্পকেই ভোট দেয়। আমি মনে করি, বামপন্থীদের রাজনৈতিক ভূমিকার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকাটি যদি অনেক শক্তিশালী হতো, তাহলে বিজেপি এত ভোট পেত না। সেই জায়গাতেই আমাদের ভয়ংকর পশ্চাদপসরণ বা রিট্রিট হয়েছে।
প্রশ্ন: পার্টি অফিসে স্টালিনের ছবি বেশি, প্রীতিলতা, অনন্ত সিংহ, মাস্টারদা সূর্য সেনের ছবি কম। এটা কি একটা সমস্যা?
উত্তর: আমি আপনার সঙ্গে একমত। মার্কস-লেনিনের ছবি থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটি পার্টি অফিসে ভগত সিং, প্রীতিলতা, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, চন্দ্রশেখর আজাদ, ভূপেন্দ্রনাথ দত্ত, ডক্টর আম্বেদকরের ছবি থাকা উচিত। এটা আগে থেকেই হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করতে দ্বিধা করি না।
নজরুল ইসলামকে আমরা অবহেলা করিনি। রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল—এঁদের আমরা তুলে ধরেছি বলেই আমরা দক্ষিণপন্থীদের চক্ষুশূল হয়েছি। নজরুলের বই আমাদের প্রকাশনা থেকে বেরিয়েছে। র্যাডিক্যাল পাবলিকেশনের অগ্নিযুগ সিরিজটা একটা অসামান্য কাজ।
প্রশ্ন: বামেদের বিরুদ্ধে বড় অভিযোগ, পার্টিটা ভদ্রবিত্তের মধ্যে বন্দি। ক্যাবিনেট, রাজ্যসভায় প্রতিনিধিত্ব দেখলে ব্রাহ্মণ্যবাদী-প্যাট্রিয়ার্ক্যাল মনে হয়। আপনি কী বলবেন?
উত্তর: সমালোচনা আছে, এবং সেটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। সুরজিত সিং একজন শিখ ছিলেন, ডি রাজা দলিত পরিবারের। কিন্তু মুসলিম পলিটব্যুরো মেম্বার অনেক পরে হয়েছে। মহিলা পলিটব্যুরো মেম্বার বৃন্দা কারাত প্রথম হয়েছেন ২০০৫ সালে। তেভাগা থেকে আত্মরক্ষা সমিতি—মহিলাদের লড়াইয়ের ইতিহাস পার্টির শীর্ষ স্তরে সেভাবে প্রতিফলিত হয়নি।
আবার এটাও সত্যি, মোহাম্মদ সেলিম সম্পাদক হয়েছেন যোগ্যতায়, টোকেন হিসেবে নয়। বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বাস্তু পরিবার থেকে এসেছেন। ১৯৯৬ সালে অ্যাসেম্বলিতে দলিত প্রতিনিধিত্ব ২৭ থেকে ২৯ শতাংশ ছিল, যা সবচেয়ে বেশি। শ্রেণিগত প্রশ্নকে একমাত্র মনে করে জাতি ও লিঙ্গের প্রশ্নকে পিছিয়ে রেখেছিলাম—এটা বাস্তবতা। গত দেড় দশকে আমরা সচেতন হয়েছি এবং চেষ্টা করছি।
প্রশ্ন: কলেজে শিক্ষকদের ভোটে দাঁড়াতে দেওয়া হবে না—এমন কথা উঠছে। ২০৩১-এর ব্লুপ্রিন্ট কী? কলেজে এবং সাংস্কৃতিক পরিসরে কীভাবে প্রবেশ করবেন?
উত্তর: যেটি করতে দেবে না বলবে, সেটি আরও বেশি করে করতে হবে। ওরা চাইবে মাদক কারবারি, পুকুর ভরাটকারী এবং গরু পাচারকারী রাজনীতি করুক; আর আমরা চাই শিক্ষক ও ছাত্রসমাজের প্রতিনিধিরা রাজনীতি করুক। বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রণব মুখোপাধ্যায় শিক্ষক ছিলেন। শুভেন্দুর মডেলকে অস্বীকার করেই আমাদের লড়াই করতে হবে।
সিস্টেমের মধ্যে থেকেই প্রতিরোধ শুরু হয়ে গিয়েছে। হকার উচ্ছেদের নোটিস কোথায় কখন যাবে, সেটি আমরা আগে থেকেই জেনে যাচ্ছি; কারণ সরকারি কর্মচারীদের মধ্যেও মানুষ আছেন। একজন রেল অফিসার আমাকে ফোন করে বলেছেন, “আমি গরিব মানুষের দোকান ভেঙে নিজের মেয়ের সামনে কী করে দাঁড়াব? আপনারা আগে পৌঁছে যান।” এই প্রতিরোধ শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন না।
প্রশ্ন: ব্যক্তি শতরূপ হিসেবে নিজেকে কোথায় দেখতে চান—রাজ্যসভা, লোকসভা, না অন্য কোথাও?
উত্তর: আমি মানুষের মধ্যে নিজেকে দেখতে চাই। আমার একটা স্বপ্ন আছে—পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার তৈরি করা। সেটা হলে গোটা ভারতের রাজনীতিতে বামপন্থার জোয়ার আসবে। ইউরোপে, ব্রাজিলে বামপন্থীরা ফিরে আসছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লাইনের মতো—কিছু যাওয়া মানে চলে যাওয়া নয়, আরও দুরন্ত হয়ে ফিরে আসা।
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার মানে আশপাশের ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ত্রিপুরা, আসামেও বামপন্থীরা শক্তিশালী হবে। কৃষকের জমি, শ্রমিকের মজুরি, মাতৃত্বকালীন ছুটি, সাংস্কৃতিক স্বাধীনতা—এই এজেন্ডাগুলি আবার মূলধারায় ফিরবে। সেদিকেই আমরা এগোচ্ছি।







