
পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট শুরু হলো। এই দফায় ভোটগ্রহণ হচ্ছে রাজ্যের মোট ১৫২ টি আসনে। মোট ১৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রথম দফায়। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী মোট ১৬৭ জন।
এক নজরে
সকলে ভোট দিয়েছেন, এ বার কেউ রিস্ক নেননি: মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে প্রথম দফার ভোট শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
এ বার প্রচুর ভোট পড়েছে। আসলে এত নাম এ বার বাদ গিয়েছিল। তাই এ বার কেউ রিস্ক নেননি। সকলে ভোট দিয়েছেন। এটা গুড সাইন। সকলে এসআইআর নিয়ে ভীত ছিলেন।
বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে সামশেরগঞ্জ আসনে
রাজ্যে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে সামশেরগঞ্জ আসনে। সেখানে ভোটদানের হার ৯৫.৩৪ শতাংশ। ভগবানগোলায় ভোট পড়েছে ৯৫.৩১ শতাংশ। নন্দীগ্রাম আসনে ভোট পড়েছে ৯০.০৩ শতাংশ। বহরমপুরে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৬০ শতাংশ।
সাঁইথিয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ!
প্রথম দফার ভোটগ্রহণ পর্বের শেষ দিকে বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের সিউড়ি ২ ব্লকে উত্তেজনা ছড়ায়। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওই এলাকায় ২৮১ নম্বর বুথে বিজেপি একটি সহায়তাকেন্দ্র খুলেছিল বলে খবর স্থানীয় সূত্রে। তৃণমূল সেখানে হামলা করে ওই সহায়তাকেন্দ্র বন্ধ করে দেয় বলে অভিযোগ। ওই ঘটনা কেন্দ্র করেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় দু’পক্ষের মধ্যে।
অধীররঞ্জন চৌধুরীর পোলিং এজেন্টের পরিবারের সদস্যদের উপর হামলা!
বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর পোলিং এজেন্টের পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল। কংগ্রেসের অভিযোগ, বহরমপুরের পীরতলা (কান্তনগর) এলাকায় তাদের পোলিং এজেন্টের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। তাঁদের অভিযোগ, এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পৌঁছন অধীর। সেখানে গিয়ে তিনি বলেন, তৃণমূলদের টার্গেট শেষ বেলায় কিছু বুথ লুট করা। সেখানে ধীরে ভোট হচ্ছে বলে অভিজগ তাঁর। বহু মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকলেও কিছু বুথকে তৃণমূল শেষ বেলায় দখল করার চেষ্টা করছে বলেই পরিকল্পিত ভাবে এজেন্টের গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ অধীরের।
রাজনীতির সৌজন্যের হাত বাড়ালেন খড়্গপুরে দিলীপ-প্রদীপ
রাজ্যে প্রথম দফার ভোটে বৃহস্পতিবার রাজনীতির সৌজন্যের এক টুকরো ছবি ধরা পড়ল। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর সদরে রাজ্যের প্রথম দফা ভোটের দিন হঠাৎই মুখোমুখি হয়ে গেলেন দুই প্রার্থী। তৃণমূলের প্রদীপ সরকার এবং বিজেপির দিলীপ ঘোষ। দেখা হতেই হাসিমুখে হাত মেলালেন তাঁরা। প্রদীপ সরকারকে পাশে নিয়ে দিলীপ ঘোষ বলেন, এটাই তাঁদের রাজনীতি এবং এটাই সারা পশ্চিমবঙ্গে হোক। প্রদীপ সরকারও বলেন, মানুষ যাঁকে পছন্দ করবে, তাঁকে ভোট দেবে।
কোচবিহারে বিজেপি কর্মীকে ছুরির আঘাতের অভিযোগ
কোচবিহারের সিতাই বিধানসভা এলাকায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ। জাহানুর ইসলামকে ছুরির মারার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে দুষ্কৃতীর বিরুদ্ধে। ওই দুষ্কৃতী তৃণমূল আশ্রিত বলে অভিযোগ। বিজেপি কর্মীর হাতে ছুরির আঘাত লাগার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অবশেষে নন্দলাল বসুর নাতি ভোট দিলেন
অবশেষে ভোট দিলেন চিত্রকর নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন এবং তাঁর স্ত্রী দীপা সেন। সকালে বোলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে প্রথমে ভোট দিতে পারেননি এই বৃদ্ধ দম্পতি। অবশেষে তাঁরা ভোট দিলেন।
পশ্চিম মেদিনীপুরে অসুস্থ হয়ে মৃত্যু আরও এক জনের
পশ্চিম মেদিনীপুরে অসুস্থ হয়ে মৃত্যু আরও এক জনের। পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা এলাকার শেখ বাবলু (৬৬) মারা যান। তাঁর বাড়ি উচাহার গ্রামে। ভোট দিয়ে বাড়ি ফেরার পর খাওয়াদাওয়া করার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে যান বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
পড়শিদের নাম বাদ যাওয়ায় কালো ব্যাজ পরে ভোট
ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে পড়শিদের অনেকের নাম। তাই পড়শিদের ‘নাম বাদ যাওয়ার’ প্রতিবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদের সুতি বিধানসভা কেন্দ্রের দেবীপুরের জাগটাই এলাকার ভোটাররা জামায় কালো ব্যাজ এঁটে ভোট দিতে গেলেন। বাসিন্দাদের অভিযোগ, পড়শিদের অনেকের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে।
খয়রাশোলে জখম কেন্দ্রীয় বাহিনী!
উত্তেজনা ছড়াল বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের ৬৫ নম্বর বুথে। ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ইভিএমে গোলমালের জেরে প্রায় আধ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল খয়রাশোলে। তার জেরেই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ থেকেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বাগ্বিতণ্ডা শুরু। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। উত্তেজিত জনতার একাংশ বাহিনীর দিকে তেড়ে যায় এবং ইট ছু়ড়তেও উদ্যত হন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান জখম হয়েছেন এই ঘটনায়। পুলিশকে পিস্তল বের করতে হয় পরিস্থিতি সামলাতে।
বুথ ছেড়ে প্রিসাইডিং অফিসারসহ সকল ভোটকর্মী একসঙ্গে মধ্যাহ্নভোজে!
বুথ ছেড়ে প্রিসাইডিং অফিসার-সহ সকল ভোটকর্মীরা একসঙ্গে মধ্যাহ্নভোজ সারতে বেরিয়ে যান। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে এমনটাই ঘটল। বুথ থেকে নিরাপত্তাকর্মীরা ফোন করলে বলা হয়, “আমরা বাইরে আছি, পরে আসছি”।
সেক্টর অফিসারও সেই সময় বাইরে ছিলেন বলে খবর। এই খবর পাওয়া মাত্র পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়। ওই বুথের প্রিসাইডিং অফিসার-সহ সকল ভোটকর্মীকে সাময়িক ভাবে পদচ্যুত করল কমিশন। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আপাতত রিজার্ভ পোলিং পার্টি থেকে কাজ চালানোর নির্দেশ দেন।
সবংয়ে তৃণমূল কর্মীকে ‘বিনা কারণে মারধর’ কেন্দ্রীয় বাহিনীর!
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক তৃণমূল কর্মীকে কেন্দ্রীয় বাহিনীর ‘বিনা কারণে মারধর’-এর অভিযোগ। ‘আক্রান্ত’ ওই ব্যক্তি তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বলে দাবি তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার। সবংয়ের সাউতপাড়া এলাকার ১৪৫ নম্বর বুথে ভোট দিতে যাওয়ার সময় বিনা প্ররোচনায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
নওদার ঘটনায় আটক তিন
মুর্শিদাবাদের নওদায় বৃহস্পতিবার প্রথম দফার ভোটে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ূন কবীর ঘটনাস্থলে পৌঁছনোর পর তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। ওই ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে খবর।
ভোট দিতে গিয়ে মৃত্যু চার ভোটারের!
ভোট দিতে গিয়ে মৃত্যু হলো চার জন ভোটারের। পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, মালদহ ও বীরভূমে সবমিলিয়ে চার জন ভোটার প্রাণ হারিয়েছেন বলে খবর। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে প্রাণ হারিয়েছেন নৃপেন্দ্র দাস। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মারা গিয়েছেন ইসরাতন বিবি নামে এক মহিলা। মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি ও বীরভূমের সিউড়িতে অসীম রায়ের মৃত্যু হয়েছে। গরমের কারণেই হৃদরোগে তাঁরা প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।
অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ
আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকার। অগ্নিমিত্রার গাড়ির পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। হীরাপুর থানায় অভিযোগ জানিয়েছে বিজেপি।
অগ্নিমিত্রা জানান, তিনি বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন করে বেরোন তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময়েই চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর ছোড়া হয়েছে।
কমিশনের বাইক বিধি, হাইকোর্টে তুমুল ভর্ৎসনা
মঙ্গলবার কমিশন জানায়, ভোটের দুদিন আগে থেকে বাইক মিছিল করা যাবে না। ভোটের দিন ভোট দেওয়া বা অন্য কোনো জরুরি উদ্দেশ্য ছাড়া বাইক নিয়ে বেরোনো যাবে না। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও এই বিধির তীব্র সমালোচনা করেন। বলেন,
ক্ষমতা আছে বলেই যা খুশি করা যায় না। আপনারা এমার্জেন্সি জারি করুন।
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর ‘হামলার’ অভিযোগ
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল। দুষ্কৃতীরা বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের গাড়ি ভাঙচুরের চেষ্টা করে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে কুমারগঞ্জের এক বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়, এমন অভিযোগ ওঠে। সেই সময় ধাওয়া করে দুষ্কৃতীদের তাড়ান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। এ বার ওই ঘটনার পরে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠল।
দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশের বেশি ভোট রাজ্যে
দুপুর ১টা পর্যন্ত ৬২ শতাংশের বেশি ভোটার ভোটদান করেছেন পশ্চিমবঙ্গে। রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে ভোটের হার ৬৫.৭৭ শতাংশ। ঝাড়গ্রামে ৬৫.৩১ শতাংশ ভোট পড়েছে। দুপুর ১ টা পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে। সেখানে ভোটের হার ৫৮.৮৫ শতাংশ। মুর্শিদাবাদে ৬২.৭১ শতাংশ ভোট পড়েছে।

প্রথম দফায় মৃত্যু চার জেলার ৪ ভোটারের
ভোটের দিন রাজ্যের চার জেলায় চার ভোটারের মৃত্যুর খবর সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে নৃপেন্দ্র দাস, পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ইসরাতন বিবি, মালদহের মালতিপুরে প্রমিলা বাগদি এবং বীরভূমের সিউড়িতে অসীম রায়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মালদহের চাঁচলে বিজেপির এজেন্টের উপর হামলার অভিযোগ
মালদহের চাঁচল বিধানসভার অন্তর্গত ধুম সাডাগী পানপাড়া এলাকায় ২২১ নম্বর বুথে বিজেপির এক নির্বাচনী এজেন্টের উপর হামলার অভিযোগ উঠল। ওই এজেন্টের পরনের পাঞ্জাবিও ছেঁড়ার অভিযোগ তোলা হয়। পরে চিকিৎসার জন্য তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে উত্তেজনা
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদার পাতলি গ্রামের ১১৮ নম্বর বুথের কাছে একটি ক্যাম্প তৈরি করেছিল তৃণমূল। ভোট শুরু হওয়ার কিছু ক্ষণ পরে দলীয় কার্যালয়ে গিয়ে খাওয়াদাওয়া করছিলেন ক্যাম্পের তৃণমূল কর্মীরা। সেই সময়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, ঘটনায় তিন জন আহত হয়েছেন। বাহিনী বা কমিশন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
মাথাভাঙায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
কোচবিহারের মাথাভাঙায় আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হলো ভোটের পরিবেশ। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী নিশীথ প্রমাণিক ৪৭ ও ৪৮ নম্বর বুথের নির্ধারিত ৫০ মিটার সীমার মধ্যেই বসে ভোটারদের প্রভাবিত করছেন, পাশাপাশি টাকা ও জল বিতরণেরও অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অভিযোগ অবশ্য খারিজ করেছেন নিশীথ প্রমাণিক। তাঁর দাবি, পরিকল্পিতভাবেই প্রতি বছর এই বুথে বিজেপিকে সমস্যায় ফেলার চেষ্টা করা হয়।
মালদহের সুজাপুর বিধানসভার ১৫৯ নম্বর বুথে ব্যাপক উত্তেজনা !
মালদহের সুজাপুর বিধানসভার ১৫৯ নম্বর এসএসকে বিদ্যালয় বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে বিক্ষোভ। প্রিসাইডিং অফিসার ও ভোট কর্মীদের ভূমিকা নিয়েও অভিযোগ ওঠে। প্রতিবাদ জানিয়ে ভোটাররা সরব হতেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাঁধে স্থানীয়দের। তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন। সকাল থেকে এই বুথে ভোটারদের পরিচয় পত্র যাচাইয়ের কাজ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যাঁরা ভোটার স্লিপ নিয়ে বুথে যান ভোটের পর তাঁরা ভবিষ্যতের নথি হিসেবে নির্বাচন কমিশনের ভোটার স্লিপ নিজেদের সংগ্রহে রাখতে চাইলে বিবাদ বেঁধে যায় ভোট কর্মীদের সঙ্গে। ভোটের পর তাঁদের ভোটার স্লিপ জোর করে নিয়ে নেওয়ার অভিযোগ ভোট কর্মীদের বিরুদ্ধে। পরে তৃণমূল প্রার্থী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে এই নিয়ে কথা বলেন। সাবিনা ইয়াসমিনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পরিচয়পত্র যাচাইয়ের নামে ভোট ধীরগতিতে করাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বিশেষ উদ্দেশ্য রয়েছে। মানুষ ভোট দিতে এসে বাধা পাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী এভাবে পরিচয়পত্র যাচাই করতে পারে না। অন্যদিকে, ভোটাররা তাঁদের ভোটার স্লিপ জোর করে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে সরব হলে উত্তেজনা ছড়ায়। উত্তেজনার পর ভোটারদের স্লিপ দেওয়া শুরু হয়।
আড়াই ঘণ্টা ভোট হওয়ার পর তৃণমূল বুঝে গিয়েছে ওরা হারছে: দিলীপ ঘোষ
খড়্গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন,
আড়াই ঘণ্টা শান্তিপূর্ণ ভোটের পর ওরা পরাজয় নিশ্চিত বুঝে গিয়েছে। মানুষ পাশে না থাকলে কাউকেই জেতানো সম্ভব নয়। তৃণমূল কর্মীরা মহিলাদের সঙ্গে অশান্তি করছে। ভোট নির্বিঘ্নে হচ্ছে, আর শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়েই ওদের সব আপত্তি।
কমিশনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ অধীরের
বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ, “এ বার বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। ফলে ভোটকেন্দ্রে ঢুকে গিয়ে ছাপ্পা দেওয়া, বুথ দখল করা, এ সব এ বা হবে না। বাইরে থেকে বা দূর থেকে ভয় দেখানোর চেষ্টা এখনও করছে। কিন্তু বুথে এসে ভোটারদের ধাক্কা মেরে বার করে দেওয়ার যে সব ছবি অন্যান্য বার দেখা যায়, তা এ বার করতে পারবে না।”
মুর্শিদাবাদের নওদায় দফায় দফায় উত্তেজনা!
মুর্শিদাবাদের নওদায় ফের উত্তেজনা। বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফায় সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে। নওদার শিবনগর এলাকা থেকে হুমায়ূন কবীর বেরোনোর চেষ্টা করার সময় তাঁর উপর ‘হামলা’ করা হয় অভিযোগ তোলেন তিনি। পোলিং এজেন্টের গাড়িতে এবং আমজনতা উন্নয়ন পার্টির নেতার কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর এবং ইটবৃষ্টির অভিযোগ। হুমায়ুনের গাড়ির সামনে বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ তোলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টার পর বিক্ষোভস্থল থেকে বেরোন হুমায়ূন।
মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সুকান্ত মজুমদারের
মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ
মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন,
মুর্শিদাবাদ একটি বিশিষ্ট জেলা হওয়া সত্ত্বেও এখানে সব বিষয়েই নিয়ম লঙ্ঘন হয়। দেশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হলে এখানেই দাঙ্গা ও অশান্তি ছড়ানো হয়, যেমন সিএএ বা ওয়াকফ বিল পাশের সময়। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। আমাদের অফিস ও মন্দির পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এখান থেকে পরিচয়পত্র জোগাড় করে দেশে অস্থিরতা তৈরি করছে। তবে রাজ্যে পরিবর্তন এলে এই সব কিছুরই আমূল রূপান্তর ঘটবে।
শেখ শাহজাহানের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ শুভেন্দু অধিকারীর
বিজেপির পোলিং এজেন্টকে বুথে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে
শিলিগুড়িতে ফলস ভোটের অভিযোগ
শিলিগুড়িতে ফলস ভোটের অভিযোগ তুললেন এক তরুণী। বুথে পৌঁছে তিনি জানতে পারলেন অন্য কেউ ভোট দিয়ে চলে গিয়েছে, এমনই অভিযোগ ভারতনগরে এক মহিলার। তিনি জানান,রামকৃষ্ণ পাঠশালা বিদ্যালয়ে আধ ঘণ্টা অপেক্ষার পর ভোটকর্মীরা তাঁকে জানান, তাঁর ভোট পড়ে গিয়েছে।
সিউড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল প্রার্থীর
সিউড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল প্রার্থীর এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায়ের। সিউড়ির মল্লিকপুর পঞ্চায়েতের কুতুরা গ্রামের ২৫১ নম্বর বুথের ঘটনা। মহকুমাশাসকের দফতর থেকে দেওয়া বৈধ প্রত্যয়িত পরিচয়পত্র তাঁর কাছে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে প্রবেশ করতে বাধা দেয় বলে অভিযোগ তাঁর। এসডিও সাহেব, পুলিশ পর্যবেক্ষককে জানানো সত্ত্বেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাঁর।
বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথে ঢুকতে বাধা
সিউড়ির মল্লিকপুর পঞ্চায়েতের কুতুরা গ্রামের ২৫১ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থীর এজেন্ট রমারঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর দাবি, মহকুমাশাসকের দফতর থেকে প্রাপ্ত বৈধ প্রত্যয়িত পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে বুথে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
নওদায় বোমা নিক্ষেপের ঘটনা ঘিরে অভিযোগ অগ্নিমিত্রার
মুর্শিদাবাদের নওদায় বোমা নিক্ষেপের ঘটনাকে ঘিরে তীব্র অভিযোগ তুলেছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন,
আমি সকালেই বলেছিলাম, মমতা ব্যানার্জির সরকার এ ধরনের কাজ করবে—বোমা মারবে, লোডশেডিং করবে, ক্যামেরা নষ্ট করার চেষ্টা করবে। এটাই তৃণমূলের পদ্ধতি। তারা ভয় দেখিয়ে ভোটারদের ভোট দিতে বেরোতে বাধা দিতে চাইছে। এই ধরনের ঘটনার দিকে সিকিউরিটি ও নির্বাচন কমিশনের নজর দেওয়া উচিত।
ঘটনাটি মুর্শিদাবাদ জেলার নওদা এলাকায় ঘটে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
প্রথম দফায় সকাল ৯ টা পর্যন্ত ১৮.৭৬ শতাংশ ভোট
রাজ্যে প্রথম দফায় ১৮.৭৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন সকাল ৯ টা পর্যন্ত। আসনভিত্তিক ভোটের হারে প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়া বিধানসভা আসনে। সেখানে ভোটের হার ২২.০৫ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে কম পড়েছে কোচবিহার দক্ষিণ আসনে— ১৫.৫৭ শতাংশ। নন্দীগ্রামে ভোট পড়েছে ১৯.১১ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ১৯.৮৮ শতাংশ।
হলদিয়ার তৃণমূল প্রার্থীর অভিযোগ
হলদিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাঁর অভিযোগ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী দুর্ব্যবহার করছে ভোটারদের সঙ্গে। ভোটারদের ধমকানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তাপসী জানান, এ রকম দুর্ব্যবহার না করার জন্য জওয়ানদের বোঝাচ্ছেন তাঁরা। যদিও বৃহস্পতিবার হলদিয়ার বিভিন্ন বুথে সকাল থেকেই সক্রিয় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। বুথের সামনে কোনোরকম জটলা করতে দেওয়া হচ্ছে না।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের!
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল। হলদিয়া এবং নন্দীগ্রামে সেই সব পুলিশ আধিকারিকদের রাখা হয়েছে, যাঁদের সঙ্গে শুভেন্দু অধিকারীর ‘ভাল সম্পর্ক’ রয়েছে, বলে অভিযোগ তৃণমূলের। এবং ওই পুলিশ আধিকারিকেরা বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল।
ভোট দিলেন অশোক ভট্টাচার্য
শিলিগুড়িতে ২০১ নম্বর বুথে ভোট দিলেন বাম নেতা অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার নেতাজি বয়েজ হাইস্কুলের বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটকেন্দ্রে আলোর অভাব লক্ষ্য করেন অশোক ভট্টাচার্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। তাঁর মতে, আলো কম থাকায় ভোটারদের সমস্যায় পড়তে হতে পারে, বিশেষত বয়স্ক ভোটারদের।
বুথ জ্যামের অভিযোগ রানিনগরে
মুর্শিদাবাদের রানিনগরের নটকুলী প্রাথমিক বিদ্যালয়ের বুথে কংগ্রেসের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেখানে কংগ্রেস প্রার্থী জুলফিকর আলি তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার এবং বাঁশঝাড়ের তলায় বোমা-পিস্তল নিয়ে বসে থাকার অভিযোগ তোলেন।


