ডিলিমিটেশন: জের্যাম্যান্ডারিং কী? কেন আশঙ্কায় বিরোধীরা?
Gerrymandering: লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে বিতর্কের মাঝে আলোচনায় উঠে এসেছে ‘জের্যাম্যান্ডারিং’। জের্যাম্যান্ডারিং কী, প্যাকিং ও ক্র্যাকিং কীভাবে কাজ করে এবং কেন আশঙ্কায় বিরোধীরা?
ভারতে লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে একটি শব্দ ‘জের্যাম্যান্ডারিং’ (Gerrymandering)। নির্বাচনী রাজনীতিতে এই শব্দের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, নির্বাচনে কে জিতবে, কোন দল কতগুলি আসন পাবে, এমনকী কোন এলাকার ভোট কতটা প্রভাব ফেলবে, তার উপরেও নির্বাচনী কেন্দ্রের সীমানা নির্ধারণের প্রভাব থাকতে পারে। বিরোধীদের আশঙ্কা, সীমানা পুনর্বিন্যাসের প্রক্রিয়াকে কাজে লাগিয়ে শাসক দল নিজেদের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে পারে। কিন্তু জের্যাম্যান্ডারিং আসলে কী? কেনই বা ডিলিমিটেশন নিয়ে আলোচনায় এই শব্দটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
জের্যাম্যান্ডারিং বলতে কী বোঝায়?
সহজ ভাষায়, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নির্বাচনী সুবিধা নিশ্চিত করতে ইচ্ছাকৃতভাবে নির্বাচনী কেন্দ্রের সীমানা এমনভাবে নির্ধারণ বা পরিবর্তন করাকে জের্যাম্যান্ডারিং বলা হয়। সাধারণত জনসংখ্যার পরিবর্তন, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু সেই প্রক্রিয়ায় যদি কোনো নির্দিষ্ট দলকে বেশি আসন জেতানোর উদ্দেশ্যে ভোটারদের ভৌগোলিক বিন্যাস বদলে দেওয়া হয়, তখনই তা জের্যাম্যান্ডারিংয়ের পর্যায়ে পড়ে।
এই কৌশলের উৎপত্তি আমেরিকার রাজনীতিতে। ১৮১২ সালে ম্যাসাচুসেটসের তৎকালীন গভর্নর এলব্রিজ জেরি একটি নির্বাচনী এলাকার সীমানা এমনভাবে নির্ধারণ করেছিলেন, যা দেখতে অনেকটা স্যালামান্ডার নামের এক ধরনের সরীসৃপের মতো ছিল। তাঁর নাম এবং ওই প্রাণীর নাম মিলিয়েই তৈরি হয় ‘জের্যাম্যান্ডারিং’ শব্দটি। সেই সময় থেকেই রাজনৈতিক সুবিধার জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের এই পদ্ধতিকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়ে আসছে।
কীভাবে কাজ করে এই জের্যাম্যান্ডারিং?
- আপনার জন্য আরও কিছু লেখা
DMK supports Delimitation: দীর্ঘদিনের বিরোধিতা ভুলে কেন্দ্রের ডিলিমিটেশন বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিল এম কে স্ট্যালিনের ডিএমকে। তামিলনাড়ুর আসনের অনুপাত বজায় রাখা এবং ২০৫১ সাল পর্যন্ত বর্তমান প্রতিনিধিত্ব অপরিবর্তিত রাখার আশ্বাসে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দলটি।
জের্যাম্যান্ডারিংয়ের ক্ষেত্রে মূলত দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমটি হলো ‘প্যাকিং’ (Packing)। এই পদ্ধতিতে বিরোধী দলের সমর্থকদের একটি বা কয়েকটি নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রের মধ্যে বেশি সংখ্যায় জড়ো করা হয়। ফলে ওই কেন্দ্রগুলিতে বিরোধী দল বিপুল ভোটে জয়ী হলেও অন্য কেন্দ্রগুলিতে তাদের জয়ের সম্ভাবনা কমে যায়। অর্থাৎ, একটি দলকে কয়েকটি আসনে অনেক বেশি ভোটে জিততে দিয়ে বাকি আসনগুলিতে তাদের প্রভাব কমিয়ে দেওয়া হয়।
দ্বিতীয় পদ্ধতিটি হলো ‘ক্র্যাকিং’ (Cracking)। এখানে কোনো নির্দিষ্ট দলের সমর্থকদের একটি কেন্দ্রের মধ্যে না রেখে একাধিক নির্বাচনী কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়। ফলে প্রতিটি কেন্দ্রেই তাঁরা সংখ্যালঘু হয়ে পড়েন। সংখ্যায় বেশি ভোটার থাকা সত্ত্বেও কোনো কেন্দ্রেই তাঁরা নিজেদের পছন্দের প্রার্থীকে জেতানোর মতো অবস্থায় থাকেন না। এই দুই পদ্ধতির মাধ্যমে কোনো দল মোট ভোটের অনুপাতে বেশি আসন পেতে পারে। আবার প্রতিপক্ষ দল তুলনামূলক বেশি ভোট পেয়েও কম আসনে আটকে যেতে পারে।
ভারতে ডিলিমিটেশন নিয়ে বিতর্ক কেন?
ভারতে ডিলিমিটেশন বা নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস একটি সাংবিধানিক প্রক্রিয়া। জনসংখ্যার পরিবর্তন এবং অন্যান্য নির্ধারিত মাপকাঠির ভিত্তিতে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এই কাজের দায়িত্ব থাকে ডিলিমিটেশন কমিশনের উপর। কমিশনের নেতৃত্বে থাকেন সুপ্রিম কোর্টের একজন বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতি। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচন কমিশনারও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন।
কিন্তু এবারের বিতর্কের কেন্দ্রে রয়েছে শুধু রাজ্যগুলির আসনসংখ্যা বাড়ানো নয়, রাজ্যের ভিতরে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা কীভাবে নির্ধারিত হবে, সেই প্রশ্নও। বিরোধীদের আশঙ্কা, কেন্দ্রীয় সরকার যদি নিজেদের রাজনৈতিক সুবিধা অনুযায়ী সীমানা পুনর্বিন্যাসের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, তাহলে বিজেপির নির্বাচনী সুবিধা বাড়তে পারে। বিশেষ করে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই আশঙ্কা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপি নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজাতে চাইছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশও এই প্রক্রিয়ায় জের্যাম্যান্ডারিংয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। বিরোধীদের বক্তব্য, রাজ্যগুলির লোকসভা আসনের অনুপাত অপরিবর্তিত রাখার প্রতিশ্রুতি থাকলেও রাজ্যের ভিতরে কেন্দ্রের সীমানা বদলে দিলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে।
অসমের ২০২৩ সালের ডিলিমিটেশন প্রক্রিয়াকে উদাহরণ হিসেবে তুলে ধরছে বিরোধীরা। ওই পুনর্বিন্যাসে রাজ্যের মোট বিধানসভা আসন ১২৬টিই রাখা হয়েছিল। কিন্তু একাধিক কেন্দ্রের সীমানা এবং সংরক্ষণের ধরন বদলে যায়। বরাক উপত্যকায় আসনসংখ্যা ১৫ থেকে কমে ১৩ হয়। অন্যদিকে, বোড়োল্যান্ড অঞ্চলে আসনসংখ্যা ১১ থেকে বেড়ে ১৫ হয়। একই সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা কেন্দ্রের সংখ্যাও প্রায় ৩৫ থেকে কমে ২৪-এ দাঁড়ায়। এর ফলে কংগ্রেস ও এআইইউডিএফের মতো দলগুলির নির্বাচনী সমীকরণে প্রভাব পড়ে।
নির্বাচনের মূল ভিত্তি হলো প্রত্যেক নাগরিকের ভোটের সমান মূল্য এবং সেই ভোটের ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচন। কিন্তু নির্বাচনী কেন্দ্রের সীমানা যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধা অনুযায়ী নির্ধারিত হয়, তাহলে ভোটের সামগ্রিক ফলাফল এবং আসনসংখ্যার মধ্যে অসামঞ্জস্য তৈরি হতে পারে। এতে নির্বাচনের প্রতিযোগিতামূলক চরিত্র দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।
জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক সুবিধা এবং মানুষের সামাজিক ও অর্থনৈতিক সংযোগের মতো বিষয় বিবেচনা করে সীমানা পুনর্নির্ধারণ করা প্রয়োজন। কিন্তু সেই প্রক্রিয়া কতটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত, সেটাই আসল প্রশ্ন।







