আওয়ামী লীগের মোকাবিলায় সাংসদদের মাঠে নামার নির্দেশ তারেকের, কী বার্তা?
Tarique Rahman: বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, অগ্নিসংযোগ এবং শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার মাঝে বিএনপি সাংসদদের অবিলম্বে নিজ এলাকায় ফেরার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনের উপর নির্ভর না করে রাজনৈতিক ভাবে পরিস্থিতি মোকাবিলার বার্তা।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা এবং বিস্ফোরণের ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে দলের সাংসদদের আর ঢাকায় বসে না থেকে অবিলম্বে নিজেদের নির্বাচনী এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুধু প্রশাসনের উপরে নির্ভর না করে দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এলাকায় সক্রিয় থাকার নির্দেশও দিয়েছেন তিনি। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের মোকাবিলা রাজনৈতিক ভাবেই করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
১৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এই নির্দেশ দেন তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি নিজেই। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং দলের সাংগঠনিক অবস্থান নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সাংসদদের জানানো হয়, ডিসেম্বর মাসে দলের যে কর্মসূচি রয়েছে, তার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। এখনই নিজেদের এলাকায় ফিরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং সাধারণ মানুষের পাশে থাকতে হবে।
খুলনা-৪ আসনের সাংসদ আজিজুল বারি হেলাল বৈঠকের পরে জানান, দলের সাংসদদের নিজেদের এলাকায় সাংগঠনিক কাজ আরও জোরদার করতে বলা হয়েছে। তাঁর কথায়, আওয়ামী লীগের হামলা, ভাঙচুর এবং নাশকতার রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে বিএনপি। তবে কোনো প্ররোচনায় পা দিয়ে দেশে নতুন করে অশান্তি তৈরি করতে চায় না দল। লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ শাহাদাত হোসেনও জানান, তারেক রহমানের বার্তা স্পষ্ট। দলের নেতা-কর্মীদের রাস্তায় থাকতে হবে এবং রাজনৈতিক ভাবে সক্রিয় থাকতে হবে।
বৈঠকে কয়েক জন সাংসদ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের কাছ থেকে তাঁরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না। এমনকি অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা সাংসদদের কথাও শুনছেন না। এই অভিযোগে অসন্তোষ প্রকাশ করেন তারেক রহমান।
- আপনার জন্য আরও কিছু লেখা
Bangladesh political unrest: ফের উত্তপ্ত বাংলাদেশ। একদিকে রাজনৈতিক সংঘর্ষ ও অগ্নিসংযোগ, অন্যদিকে শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৫টি পোশাক কারখানা। কতটা অস্থিরতার মধ্যে রয়েছে বাংলাদেশ?
বৈঠকে উপস্থিত চার জন সাংসদের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁদের প্রশ্ন করেন, তাঁরা যখন শাসক দলের সাংসদ, তখন প্রশাসন তাঁদের কথা শুনছে না, এমন অভিযোগ কী ভাবে উঠতে পারে? তাঁর বক্তব্য, বিএনপি দীর্ঘদিন প্রশাসন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলনের মধ্য দিয়েই দল ক্ষমতায় এসেছে। ফলে প্রশাসনের আধিকারিকদের সাংসদদের কথা শোনা উচিত। কোনো আধিকারিক অসহযোগিতা করলে সরাসরি তাঁকে জানাতেও বলেছেন প্রধানমন্ত্রী।
বিএনপির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গও তুলে ধরেন তারেক রহমান। বিরোধী দলে থাকার সময় প্রায় ১৭ বছর ধরে দলের নেতা-কর্মীদের পুলিশি বাধা, প্রশাসনিক চাপ এবং নানা প্রতিকূলতার মধ্যে রাজনীতি করতে হয়েছে বলে তিনি মনে করিয়ে দেন। বৈঠকে এক সাংসদের উদ্ধৃতি অনুযায়ী, তারেক রহমান বলেন, এমন পরিস্থিতির জন্যও দলকে প্রস্তুত থাকতে হবে, যেখানে পুলিশ বা প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া যাবে না।
একই সঙ্গে দলের অভ্যন্তরীণ মতবিরোধ মিটিয়ে স্থানীয় স্তরে ঐক্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে বৈঠকে আলোচনা হয়। তারেক রহমানের বক্তব্য, স্থানীয় নেতাদের মধ্যে দূরত্ব বা মতপার্থক্য থাকলে তা মিটিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
এই বৈঠকের পিছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ, যানবাহনে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। অন্যদিকে, গোপালগঞ্জে বিএনপির সাংসদ এস এম জিলানির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। জিলানির অভিযোগ, ১৭ নভেম্বর সন্ধ্যায় তাঁর বাড়িতে আগুন লাগানো হয়। তাঁর আত্মীয়দের বাড়িতেও হামলা চালানো হয়েছে এবং কয়েক জন আহত হয়েছেন। বৈঠকে এই ঘটনাও উঠে আসে। তবে দলের সাংসদদের আবেগের বশে কোনো পদক্ষেপ না করে আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।
বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ বর্তমানে নিষিদ্ধ। সেই পরিস্থিতিতে দলটির বিরুদ্ধে রাজনৈতিক মোকাবিলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নেও সতর্ক অবস্থান নিয়েছে সরকার। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, উস্কানি সত্ত্বেও সরকার এখনও অতিরিক্ত বলপ্রয়োগের পথে হাঁটেনি। তবে গোপালগঞ্জ-সহ দেশের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমানের এই নির্দেশের মধ্য দিয়ে স্পষ্ট যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি শুধু প্রশাসনিক পদক্ষেপের উপর নির্ভর করতে চাইছে না। বরং সাংসদদের সরাসরি এলাকায় নামিয়ে দলের সাংগঠনিক উপস্থিতি বাড়াতে চাইছে। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে যখন বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তখন রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব ধরে রাখাই বিএনপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।








