দূষণে দমবন্ধ অবস্থা দিল্লির, দীপাবলিতে মোদীর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?
Delhi air pollution Diwali: দীপাবলির রাতে ঘন ধোঁয়াশায় ঢেকেছে দিল্লি, ৫ বছরের রেকর্ড ভেঙে একিউআই পৌঁছেছে ৩৭৬-এ। রাজধানী যখন ভয়াবহ বায়ুদূষণে বিপন্ন, তখন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কে, কোথায় ছিলেন?
৮ নভেম্বর, দীপাবলির রাতে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি। বাজির আলোয় উৎসবের রাত ঝলমল করলেও তার পরিণতি ছিল ভয়াবহ। দ্রুত বাড়তে থাকে বায়ুদূষণের মাত্রা। রাজধানীর বাতাস ক্রমশ বিপজ্জনক হয়ে উঠলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একাধিক সদস্য তখন দেশের বিভিন্ন প্রান্তে, কেউ আবার বিদেশে। সিকিম, মধ্যপ্রদেশ, অসম, রাজস্থান, মহারাষ্ট্র থেকে সৌদি আরব—বিভিন্ন জায়গায় দীপাবলি উদ্যাপনে ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁদের কেউ সরকারি কাজে, কেউ পরিবারের সঙ্গে, আবার কেউ নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে উৎসব পালন করছিলেন।
কিন্তু দিল্লির ভয়াবহ দূষণের রাতে মন্ত্রীদের অবস্থান ঘিরে প্রশ্ন উঠেছে। রাজধানী যখন শ্বাস নেওয়ার মতো বাতাসের অভাবে ভুগছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কোথায় ছিলেন? প্রতি বছর একই পরিস্থিতি তৈরি হওয়া সত্ত্বেও দূষণ নিয়ন্ত্রণে সরকারের দীর্ঘমেয়াদি পদক্ষেপ কতটা কার্যকর, উঠছে তা নিয়েও প্রশ্ন।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর বিকেল ৪টেয় দিল্লির একিউআই ছিল ৩৭৬। গত পাঁচ বছরের মধ্যে দীপাবলির দিনে এটিই ছিল সর্বোচ্চ দূষণের মাত্রা। রাত ১০টাতেও একিউআই ছিল ৩৭১। শহরের অন্তত ২০টি পর্যবেক্ষণ কেন্দ্রে বিভিন্ন সময়ে দূষণের মাত্রা পৌঁছে যায় বিপজ্জনক বা ‘সিভিয়ার’ পর্যায়ে।
পরদিন, অর্থাৎ ৯ নভেম্বর সকাল ১০টাতেও দিল্লির একিউআই ছিল প্রায় ৩৭১। তথ্য অনুযায়ী, ৩০১ থেকে ৪০০-এর মধ্যে একিউআই থাকলে তা ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ সামগ্রিকভাবে দিল্লির বাতাস খুব খারাপ অবস্থায় থাকলেও শহরের কয়েকটি এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ ছিল।
- আপনার জন্য আরও কিছু লেখা
Fireworks Pollution: দীপাবলি ও কালীপুজোর আনন্দে বাজি পোড়ানোর চল থাকলেও এর প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও পশুপাখির উপর। বাজির ধোঁয়া থেকে বাড়ে বায়ুদূষণ, বিকট শব্দে ক্ষতিগ্রস্ত হয় শ্রবণশক্তি। দূষিত হয় মাটি ও জলও। কিন্তু শব্দবাজি ও আতসবাজি ঠিক কতটা ক্ষতি করে এবং কীভাবে কমানো সম্ভব?
দূষণের তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) একটি বিশ্লেষণে দাবি করা হয়েছে, দূষণের সর্বোচ্চ পর্যায়ে ২০টির বেশি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তথ্য পাওয়া যায়নি। ফলে সরকারি পরিসংখ্যান দূষণের প্রকৃত মাত্রা পুরোপুরি তুলে ধরতে পেরেছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
দিল্লি যখন দূষণে বিপর্যস্ত, তখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন সিকিমের শেরাথাংয়ে। নাথু লা সীমান্তের কাছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। শহিদ সেনাদের স্মৃতিসৌধে শ্রদ্ধাও জানান।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ছিলেন সৌদি আরবের জেদ্দায়। সেখানে হজ সংক্রান্ত সরকারি আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি ইন্ডিয়া হাউসে দীপাবলি উদ্যাপনের ছবিও ভাগ করে নেন তিনি।
কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দীপাবলি পালন করেন মধ্যপ্রদেশের ভোপালে। সেখানে স্মার্ট সিটি পার্কে গাছও লাগান তিনি। তবে ভোপালও দূষণমুক্ত ছিল না। ওই দিন সন্ধ্যায় শহরের একিউআই ছিল প্রায় ৩১৪।
জাহাজ ও বন্দরমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসমের ডিব্রুগড়ে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে উৎসব পালন করেন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন গুজরাটের আমদাবাদে। তাঁর বাড়িতেই দীপাবলি উদ্যাপনের ছবি প্রকাশ্যে আসে। তবে উৎসবের সময়ে আমদাবাদের কয়েকটি এলাকায়ও দূষণের মাত্রা ৫০০ ছাড়ানোর খবর পাওয়া যায়।
আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজস্থানের বিকানেরে পরিবারের সঙ্গে পুজো করেন। ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাড়সে মহারাষ্ট্রের কোঠালি গ্রামে কৃষিশ্রমিকদের পরিবারের সঙ্গে দীপাবলি পালন করেন। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী ছিলেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ছিলেন কর্নাটকের হুবলিতে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। ৮ নভেম্বর সেখানে একিউআই ছিল প্রায় ১৩৮, যা দিল্লির তুলনায় অনেকটাই কম।
এই সমস্যা মোকাবিলার দায়িত্ব শুধু দিল্লি সরকারের নয়। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, বায়ুদূষণ নিয়ন্ত্রণে গঠিত কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম), দিল্লি ও পার্শ্ববর্তী রাজ্যগুলির সরকার এবং স্থানীয় প্রশাসন—সকলেরই ভূমিকা রয়েছে।







