গভীর ঘুম ফিরিয়ে আনতে যে ৭ অভ্যাস বদল জরুরি
চিকিৎসাবিজ্ঞান বলছে, শরীর ও মনের যাবতীয় কলকবজা ঠিক রাখতে দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা গভীর ঘুম অপরিহার্য। ঘুম কেবল শরীরকে বিশ্রাম দেওয়া নয়, এটি মস্তিষ্ক ঠিক রাখা এবং হরমোনের ভারসাম্য রক্ষার এক জটিল প্রক্রিয়া।
রাত বাড়তে থাকে, কিন্তু ঘুম আর আসে না। স্মার্টফোনের নীল আলোয় স্ক্রল করতে করতে কখন যে ভোরের আলো ফুটে ওঠে, তা টেরও পাওয়া যায় না। এই দৃশ্য আজ আর কোনো নির্দিষ্ট বয়সের মানুষের নয়; বরং সমাজের সর্বস্তরে এক ভয়াবহ সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছে ‘বিনিদ্র রজনী’ বা ইনসোমনিয়া। অথচ চিকিৎসাবিজ্ঞান বলছে, শরীর ও মনের যাবতীয় কলকবজা ঠিক রাখতে দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা গভীর ঘুম অপরিহার্য।
ঘুম কেবল শরীরকে বিশ্রাম দেওয়া নয়, এটি মস্তিষ্ক ঠিক রাখা এবং হরমোনের ভারসাম্য রক্ষার জন্য অনিবার্য। এই প্রক্রিয়ার প্রধান দুই কারিগর হলো দুটি হরমোন— কর্টিসল ও মেলাটোনিন। এই দুই হরমোনের ওঠা-পড়া এবং আমাদের ‘সার্কাডিয়ান রিদম’ বা শারীরিক ঘড়িকে বশ করতে পারলেই অনিদ্রা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু এখন তো রাতের ঘুম উড়েই গিয়েছে, কীভাবে ফিরিয়ে আনবেন আপনার হারানো ঘুম?
১. সকালে উঠে সূর্যালোকের স্পর্শ
আমাদের শরীরের ভিতর একটি অদৃশ্য ঘড়ি রয়েছে, যাকে বলা হয় ‘সার্কাডিয়ান রিদম’। এই ঘড়িকে ঠিকঠাক ভাবে চালনা করার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো সূর্যের আলো।
ভোরের আলো কেন জরুরি?
ঘুম থেকে ওঠার ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে সরাসরি বাইরের প্রাকৃতিক আলোয় যাওয়া অত্যন্ত প্রয়োজন। চোখে সরাসরি সূর্যালোক (সরাসরি সূর্যের দিকে তাকিয়ে নয়, বরং বাইরের পরিবেশে থাকা) পড়লে মস্তিষ্কে সঙ্কেত যায় এবং শরীরে কর্টিসল হরমোনের স্বাভাবিক নিঃসরণ শুরু হয়। এটি আপনাকে সারাদিন চনমনে রাখতে সাহায্য করে। আকাশ পরিষ্কার থাকলে ২ থেকে ১০ মিনিট এবং মেঘলা দিনে অন্তত ২০-৩০ মিনিট বাইরে থাকা জরুরি। এই প্রক্রিয়াটি আপনার শরীরের ঘড়িকে সেট করে দেয়, যাতে ঠিক ১২-১৪ ঘণ্টা পর শরীরে ঘুমের হরমোন মেলাটোনিন নিঃসৃত হতে শুরু করে। শুধু ভোর নয়, সূর্যাস্তের সময় বা গোধূলির আলো দেখাও শরীরের জন্য উপকারী। এটি আপনার মস্তিষ্ককে জানিয়ে দেয় যে দিন শেষ হতে চলেছে এবং ঘুমের প্রস্তুতির সময় হয়েছে।
২. কফি হোক সময় দেখে
- আপনার জন্য আরও কিছু লেখা
30 days no sugar: ৩০ দিন চিনি পুরোপুরি বাদ দিলে শরীর ও মনে কী কী পরিবর্তন ঘটে? প্রথম সপ্তাহের উইথড্রয়াল ফেজে মাথাব্যথা, ক্লান্তি ও ব্রেন ফগ কি স্বাভাবিক? দ্বিতীয় সপ্তাহে কি সত্যিই এনার্জি ও মনোযোগ বাড়ে? তৃতীয় সপ্তাহে ত্বক ও ওজনেরও পরিবর্তন হয়?
চা বা কফির ক্যাফিন আমাদের স্নায়ুকে উত্তেজিত করে ঘুম তাড়িয়ে দেয়। আমরা অনেকেই ভুল সময়ে কফি খাই। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কফি খাওয়া উচিত নয়। অন্তত ৯০ থেকে ১২০ মিনিট পর প্রথম কাপ চা বা কফি পান করুন। এতে শরীরের স্বাভাবিক শক্তি বজায় থাকে। কফির প্রভাব শরীরে দীর্ঘক্ষণ থাকে। তাই ঘুমের অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা আগে ক্যাফিন গ্রহণ বন্ধ করে দিন। অর্থাৎ, আপনি যদি রাত ১১টায় ঘুমোতে চান, তবে দুপুর ২টোর পর আর কফি ছোঁবেন না।
৩. আলোক দূষণ ও মেলাটোনিন রক্ষা
সূর্যাস্তের পর বাইরের প্রকৃতি যেমন অন্ধকার হয়, ঘরের পরিবেশও তেমনই হওয়া উচিত। আজকের দিনে আমাদের বড় শত্রু কৃত্রিম নীল আলো (Blue Light)। সন্ধ্যা নামার পর ঘরের ওভারহেড বা খুব উজ্জ্বল আলো বন্ধ রাখুন। বিশেষ করে ল্যাপটপ, মোবাইল বা টিভির স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন নিঃসরণে বাধা দেয়। শোবার ঘরে খুব হালকা লালচে বা ওয়ার্ম লাইট ব্যবহার করুন। এটি মেলাটোনিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্ককে ঘুমের জন্য তৈরি করে।
৪. সময় ও শৃঙ্খলা
শরীরের ঘড়ি অভ্যাসের দাস। আপনি যদি একে নির্দিষ্ট ছন্দে না বাঁধেন, তবে এটি বিভ্রান্ত হয়ে পড়ে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন, এমনকী ছুটির দিনেও। এটি আপনার সার্কাডিয়ান রিদমকে শক্তিশালী করে। রাতে যখনই প্রথমবার ঘুম ঘুম ভাব বা হাই ওঠা শুরু করবে, তখনই কাজ ছেড়ে শুয়ে পড়ুন। এই ‘স্লিপ উইন্ডো’ বা ঘুমের সুযোগ একবার হারিয়ে গেলে পুনরায় ঘুম আসতে দেরি হতে পারে।
৫. পাওয়ার ন্যাপ ও যোগ নিদ্রা
সারাদিনের ক্লান্তি দূর করতে এবং রাতের ঘুমের জন্য শরীরকে প্রস্তুত করতে কিছু কৌশল অবলম্বন করা যায়। দুপুরে ২০-৩০ মিনিটের একটি ছোট ‘পাওয়ার ন্যাপ’ নেওয়া যেতে পারে। তবে এটি যেন কোনোভাবেই বিকেলের দিকে না হয়। নিউরোসায়েন্টিস্টদের মতে, ২০ মিনিটের ‘যোগ নিদ্রা’ বা গভীর শিথিলকরণ পদ্ধতি শরীরের অ্যাডিনোসিন (যা আমাদের ক্লান্ত করে) কমিয়ে মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে। এটি অনিদ্রা কাটাতে টনিকের মতো কাজ করে।
৬. ঘুমের আগে শরীরকে শান্ত করা
ঘুমানোর আগের এক-দুই ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শরীরের তাপমাত্রা এবং পেশিকে শিথিল করা জরুরি। ঘুমের ঘণ্টাখানেক আগে হালকা গরম জলে স্নান করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমে আসে, যা দ্রুত গভীর ঘুমে সাহায্য করে। ঘুমের ঠিক আগে ভারী খাবার (Dinner) বা খুব কঠিন ব্যায়াম করবেন না। এতে মেটাবলিজম ও হার্ট রেট বেড়ে যায়, যা গভীর ঘুমে বাধা দেয়।
৭. সাপ্লিমেন্ট ও বিশেষজ্ঞের পরামর্শ
অনেক সময় জীবনযাত্রার পরিবর্তনের পরেও ঘুমের সমস্যা মেটে না। সেক্ষেত্রে আধুনিক বিজ্ঞান কিছু প্রাকৃতিক উপাদানের কথা বলে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্ট অ্যান্ড্রু হুবারম্যান ম্যাগনেসিয়াম (থ্রিয়োনেট বা বিসগ্লাইসিনেট), এল-থিয়ানিন এবং অ্যাপিজেনিনের মতো সাপ্লিমেন্টের কথা উল্লেখ করেছেন। এগুলি স্নায়ুকে শান্ত করতে এবং মেলাটোনিনকে সাহায্য করতে কার্যকর।
মনে রাখবেন, যে কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। নিজের সিদ্ধান্তে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না।
ঘুম বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার অপরিহার্য শর্ত। রিল দেখার নেশা বা অনর্থক রাত জাগার অভ্যাস আমাদের শরীরের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দিচ্ছে। সূর্যালোকের সান্নিধ্য, ক্যাফিনের নিয়ন্ত্রণ এবং স্ক্রিন টাইম কমানোর মাধ্যমে নিজের ঘুমের যত্ন নেওয়া শুরু করুন।






