বিসলেরির জলে ক্যানসারের অভিযোগ! পাল্টা কী বলছে এই সংস্থা?
Bisleri Water: বিসলেরির বোতলজাত পানীয় জলে ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে এমন রাসায়নিকের উপস্থিতির অভিযোগ উঠেছে। নমুনা পরীক্ষায় ব্রোমেট ও পিএএইচের সন্ধান মেলায় সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে এফএসএসএআই। কিন্তু ঠিক কতটা বিপজ্জনক এই রাসায়নিক? বাজারে থাকা সব বোতলজাত জল কি নিরাপদ?
বিসলেরির জলে ক্যান্সারের আশঙ্কা
বোতলজাত পানীয় জলকে আমরা অনেকেই নিরাপদ বলে মনে করি। বাড়ির বাইরে, রেস্তরাঁয় কিংবা ভ্রমণের সময় তৃষ্ণা মেটাতে ভরসা রাখি পরিচিত ব্র্যান্ডের জলের বোতলে। কিন্তু সেই বোতলজাত জলেই যদি ক্যানসারের ঝুঁকি তৈরি করতে পারে, এমন রাসায়নিকের সন্ধান মেলে, তা হলে উদ্বেগ বাড়া স্বাভাবিক। সম্প্রতি দেশের অন্যতম পরিচিত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরিকে ঘিরে এমনই একটি অভিযোগ সামনে এসেছে। সংস্থার জলে ক্যানসারের সম্ভাব্য ঝুঁকিসম্পন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যাওয়ার অভিযোগে মামলা করার অনুমতি দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।
কী পাওয়া গিয়েছে বিসলেরির জলে?
এফএসএসএআই জানিয়েছে, বিসলেরি ইন্টারন্যাশনালের কারখানা থেকে পরীক্ষার জন্য প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। উল্লেখ্য, এটি মিনারেল ওয়াটার নয়, প্যাকেটজাত পানীয় জল। প্রাথমিক পরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার বেশি পাওয়া যায়। ফলে সেটিকে খাদ্য সুরক্ষা আইনের অধীনে অনিরাপদ বলে ঘোষণা করা হয়।
সংস্থাটি পরীক্ষার ফল নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করে। নিয়ম অনুযায়ী, নমুনাটি ফের পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও নমুনাটি নিরাপদ বলে বিবেচিত হয়নি। এ বার পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পিএএইচ (PAH) নামের রাসায়নিক গোষ্ঠীর উপস্থিতি ধরা পড়ে। এই ফলের ভিত্তিতেই ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস আইনের অধীনে বিসলেরির বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দিয়েছে এফএসএসএআই।
ব্রোমেট কী? কেন বিপজ্জনক?
ব্রোমেট হলো এক ধরনের অজৈব রাসায়নিক যৌগ। সাধারণত জল পরিশোধনের সময় ওজোন ব্যবহার করে জীবাণু ধ্বংস করা হয়। কিন্তু জলের মধ্যে প্রাকৃতিকভাবে থাকা ব্রোমাইডের সঙ্গে ওজোনের বিক্রিয়া হলে ব্রোমেট তৈরি হতে পারে। অর্থাৎ, জলকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াতেই নির্দিষ্ট পরিস্থিতিতে এই রাসায়নিক তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
সমস্যা হলো, দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় ব্রোমেটযুক্ত জল পান করলে শরীরের ক্ষতি হতে পারে। আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা বা আইএআরসি (IARC) ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী পদার্থের তালিকায় রেখেছে। গবেষণায় কিডনি, থাইরয়েড-সহ শরীরের বিভিন্ন অঙ্গে টিউমার তৈরির আশঙ্কার কথা উঠে এসেছে। অতিরিক্ত সংস্পর্শে বমি, পেটে ব্যথা, কিডনির ক্ষতি এবং শ্রবণশক্তির সমস্যাও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO পানীয় জলে ব্রোমেটের সর্বোচ্চ নির্দেশিত মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে।
পিএএইচ কী? কোথা থেকে আসে?
- আপনার জন্য আরও কিছু লেখা
Blood cancer treatment: ডায়াবেটিসের চেয়েও সহজে ক্যান্সার নিয়ন্ত্রণ সম্ভব। এটা কোনো উচ্চবাচ্য না। একদা মারণব্যাধি ছিল, এমন রোগ, আজ নিয়ন্ত্রিত এবং ‘ক্রনিক’– অর্থাৎ দীর্ঘমেয়াদি রোগে পরিণত হয়েছে।
পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা পিএএইচ কোনো একটি রাসায়নিক নয়। এটি একাধিক রাসায়নিক যৌগের একটি গোষ্ঠী। কয়লা, পেট্রোলিয়াম, কাঠ বা অন্য জৈব পদার্থ অসম্পূর্ণভাবে পুড়লে এই রাসায়নিক তৈরি হতে পারে। যানবাহনের ধোঁয়া, কলকারখানার দূষণ, ধোঁয়া এবং দূষিত মাটি থেকেও পরিবেশে পিএএইচ ছড়ায়।
এই গোষ্ঠীর সব রাসায়নিক সমান বিপজ্জনক নয়। তবে কয়েকটি যৌগ ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। যেমন বেনজো[এ]পাইরিনকে ক্যানসার সৃষ্টিকারী পদার্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিছু পিএএইচ শরীরে প্রবেশ করে ডিএনএ-র ক্ষতি করতে পারে। ফলে কোষের স্বাভাবিক কাজকর্মে পরিবর্তন এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
বিসলেরির বক্তব্য কী?
এফএসএসএআইয়ের অভিযোগ সামনে আসার পর বিসলেরি জানিয়েছে, পানীয় জলের নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার। সংস্থার দাবি, তারা কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলে এবং তদন্তে নিয়ন্ত্রক সংস্থাকে সহযোগিতা করবে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিসলেরির গোয়া কেন্দ্র থেকে গত বছর সংগ্রহ করা একটি নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া গিয়েছিল, যেখানে নির্ধারিত সীমা ১০ মাইক্রোগ্রাম। তবে সংস্থার দাবি, তাদের নিজস্ব উদ্যোগে পরবর্তী পরীক্ষায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে।
সরকারি সূত্রের দাবি, যে ব্যাচের নমুনা অনিরাপদ পাওয়া গিয়েছিল, সেগুলি বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষা করা পণ্যগুলিতে জলের গুণমান নিয়ে কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।
শুধু বিসলেরি নয়, গোটা শিল্পের উপর নজরদারি
এই ঘটনা ভারতের বোতলজাত পানীয় জলের বাজারের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছে। সংসদে পেশ করা সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে পরীক্ষিত ১,৩০০টি প্যাকেটজাত পানীয় জলের নমুনার মধ্যে ৩৩৩টি নির্ধারিত মান পূরণ করতে পারেনি। ২০২২-২৩ সালে ১,৭৭৬টি নমুনার মধ্যে ৬৫০টি মানোত্তীর্ণ হয়নি।
২০২৪ সালের অক্টোবর মাসে সরকার প্যাকেটজাত পানীয় জল ও মিনারেল ওয়াটারের ক্ষেত্রে বাধ্যতামূলক বিএসআই (BIS) সার্টিফিকেশনের নিয়ম তুলে দেয়। তবে তার অর্থ এই নয়, সংস্থাগুলি ইচ্ছেমতো জল বাজারে বিক্রি করতে পারবে। এফএসএসএআইয়ের নির্ধারিত গুণমান ও পরীক্ষার নিয়ম মেনেই পণ্য তৈরি করতে হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন পরীক্ষার ব্যবস্থাও কার্যকর হয়েছে।
ক্রেতাদের কী করা উচিত?
বোতলজাত জল কেনার সময় শুধু পরিচিত ব্র্যান্ডের নাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
• বোতলের গায়ে এফএসএসএআই লাইসেন্স নম্বর, প্রস্তুতকারকের ঠিকানা এবং ব্যাচ নম্বর দেখে নিন।
• উৎপাদনের তারিখ ও ব্যবহারের শেষ তারিখ পরীক্ষা করুন।
• বোতলের মুখের সিল ঠিক রয়েছে কি না দেখুন।
• ফাটা, ফুটো বা ক্ষতিগ্রস্ত বোতল কিনবেন না।
• সরাসরি রোদ বা অতিরিক্ত গরম জায়গায় রাখা জল কেনা এড়িয়ে চলুন।





