গিগ কর্মীদের অধিকার রক্ষায় নতুন পথ দেখাচ্ছে তেলঙ্গানা, কেন্দ্রের আইন কতটা পিছিয়ে?
Telangana Gig Workers Rules 2026: সুইগি, জোম্যাটো, ওলা-উবেরের মতো সংস্থার গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে নতুন বিধি কার্যকর করল তেলঙ্গানা সরকার। কেন্দ্রের 'কোড অন সোশ্যাল সিকিউরিটি'-র তুলনায় তেলঙ্গানার এই আইন কতটা বিস্তৃত এবং কী কী সুবিধা পাবেন কর্মীরা?
সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, ওলা, উবেরের মতো সংস্থার সঙ্গে যুক্ত এই কর্মীদের কাজের ধরন প্রচলিত চাকরির থেকে আলাদা। নির্দিষ্ট বেতন, চাকরির নিরাপত্তা, স্বাস্থ্যবিমা কিংবা অবসরের পর আর্থিক সুরক্ষার মতো সুযোগ অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের নেই। কাজের সময়, পারিশ্রমিক এবং কাজের শর্তও অনেকাংশে নির্ভর করে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত নিয়ম ও ডিজিটাল ব্যবস্থার উপর। এই পরিস্থিতিতে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের অধিকার সুরক্ষায় কেন্দ্রের সামাজিক সুরক্ষা কাঠামোর তুলনায় আরও বিস্তৃত পদক্ষেপ করল তেলঙ্গানা সরকার।
গত ১৪ নভেম্বর তেলঙ্গানায় কার্যকর করা হয়েছে ‘তেলঙ্গানা প্ল্যাটফর্ম-বেসড গিগ ওয়ার্কার্স (রেজিস্ট্রেশন, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার) রুলস, ২০২৬’। চলতি বছরের এপ্রিল মাসে রাজ্য সরকার যে আইন তৈরি করেছিল, নতুন বিধিগুলি তার বাস্তবায়নের পথ তৈরি করেছে। এই আইনের লক্ষ্য শুধু গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা দেওয়া নয়, বরং যে সংস্থাগুলির মাধ্যমে তাঁরা কাজ করেন, সেই সংস্থাগুলির সঙ্গে কর্মীদের সম্পর্ক এবং কাজের শর্তকেও আইনি নিয়মের আওতায় আনা।
কেন্দ্রের ২০২০ সালের সামাজিক সুরক্ষা বিধি বা ‘কোড অন সোশ্যাল সিকিউরিটি’ গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার একটি কাঠামো তৈরি করেছে। ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে এই বিধি কার্যকর হয়েছে। এর আওতায় জীবনবিমা, দুর্ঘটনা ও প্রতিবন্ধকতাজনিত বিমা, স্বাস্থ্য পরিষেবা, মাতৃত্বকালীন সুবিধা এবং বার্ধক্যজনিত সুরক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই সুবিধাগুলি বাস্তবে কতটা পাওয়া যাবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট প্রকল্পের বিজ্ঞপ্তি এবং বাস্তবায়নের উপর।
কেন্দ্রীয় আইন মূলত সামাজিক সুরক্ষার ব্যবস্থা তৈরির কথা বললেও তেলঙ্গানার আইন কর্মীদের দৈনন্দিন কাজের শর্ত এবং নিয়োগকারী সংস্থার দায়বদ্ধতার উপরেও জোর দিয়েছে। কর্মীরা কীভাবে কাজ করবেন, তাঁদের পারিশ্রমিক কীভাবে নির্ধারিত হবে এবং কোনো সংস্থা ইচ্ছেমতো কাজের শর্ত বদলাতে পারবে কি না, সেই প্রশ্নগুলিকেও আইনের আওতায় আনার চেষ্টা হয়েছে।
নতুন বিধিতে গিগ কর্মীদের নথিভুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি তাঁদের অধিকার ও কল্যাণের বিষয়গুলি দেখভালের জন্য একটি কল্যাণ পর্ষদ এবং কল্যাণ তহবিল গঠনের কথা বলা হয়েছে। এই তহবিলের অর্থের একটি গুরুত্বপূর্ণ অংশ আসবে অ্যাগ্রিগেটর বা কর্মীদের কাজের সঙ্গে যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম সংস্থাগুলির কাছ থেকে।
আইন অনুযায়ী, কোনো সংস্থা একতরফাভাবে কর্মীদের সঙ্গে চুক্তির শর্ত বদলাতে পারবে না। চুক্তিতে পরিবর্তন আনার আগে কর্মীদের তা জানাতে হবে। পারিশ্রমিক কত দেওয়া হচ্ছে, কী কারণে কত টাকা কেটে নেওয়া হচ্ছে, সেই হিসাবও স্বচ্ছ রাখতে হবে। পাশাপাশি কোনো স্পষ্ট কারণ ছাড়া কর্মীর কাজের সুযোগ বন্ধ করে দেওয়া বা তাঁর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়ার বিরুদ্ধেও সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অভিযোগ জানানোর ব্যবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Gig Workers : যদি ব্লিংকিট কোম্পানিকে জিজ্ঞেস করা হয়, আপনারা গিগ শ্রমিকদের ইচ্ছে মতো সময়ে কাজ করতে দেন? তাঁরা বলবেন, হ্যাঁ, যে যখন খুশি ঢুকতে পারে, যখন খুশি বেরোতে পারে। কিন্তু বিষয়টা আলাদা।
আইন বিশেষজ্ঞ ময়ঙ্ক অরোরার মতে, কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা বিধি নিজে থেকে নির্দিষ্ট পেনশন বা ন্যূনতম পারিশ্রমিকের অধিকার নিশ্চিত করে না। অন্যদিকে তেলঙ্গানার আইন অ্যাগ্রিগেটর ও কর্মীদের সম্পর্কের উপর সরাসরি নিয়ম আরোপ করেছে। চুক্তির পরিবর্তন সম্পর্কে আগাম জানানো, পারিশ্রমিক ও টাকা কাটার হিসাব প্রকাশ করা এবং অন্যায্যভাবে কাজ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সুরক্ষা—এই বিষয়গুলিই নতুন আইনের গুরুত্বপূর্ণ দিক।
তবে এই আইন কার্যকর করার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে এসেছে। তার মধ্যে অন্যতম, কল্যাণ তহবিলের অর্থ কীভাবে সংগ্রহ করা হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের পৃথক ব্যবস্থার মধ্যে সমন্বয় কীভাবে হবে।
কেন্দ্রের সামাজিক সুরক্ষা বিধির ১১৪ নম্বর ধারায় অ্যাগ্রিগেটর সংস্থাগুলির কাছ থেকে তাদের বার্ষিক লেনদেনের ১ থেকে ২ শতাংশ পর্যন্ত অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে। তবে এই অর্থের পরিমাণ কর্মীদের দেওয়া বা দেওয়ার কথা থাকা মোট অর্থের ৫ শতাংশের বেশি হতে পারবে না। এই অর্থ সংগ্রহের নির্দিষ্ট হার এবং তা কার্যকর করার দিন এখনও ঘোষণা করা হয়নি।
এই পরিস্থিতিতে শিল্পমহলের আশঙ্কা, কেন্দ্র ও রাজ্য সরকার আলাদা করে কল্যাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ করলে একই সংস্থাকে দু'বার টাকা দিতে হতে পারে। এর ফলে একাধিক রাজ্যে পরিষেবা দেওয়া সংস্থাগুলির আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব বাড়বে। যদিও তেলঙ্গানার আইনে কেন্দ্রীয় বিধির ১১৪(৪) ধারা অনুযায়ী সংস্থাগুলির দেওয়া অর্থের সঙ্গে রাজ্যের কল্যাণ তহবিলের জন্য দেওয়া অর্থ সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বছরে একবার দুই ব্যবস্থার মধ্যে হিসাব মিলিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। কর্নাটকেও একই ধরনের ব্যবস্থা রয়েছে। কিন্তু কেন্দ্রীয় বিধিতে প্রয়োজনীয় সমন্বয়ের নিয়ম না থাকলে এই ব্যবস্থা কার্যকর করা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও একটি সমস্য, বিভিন্ন রাজ্যে কর্মীদের নথিভুক্ত করার নিয়ম এক না হওয়া। কেন্দ্র ইতোমধ্যেই ই-শ্রম পোর্টাল তৈরি করেছে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর্মীদের নাম নথিভুক্ত করা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গেলে তাঁদের তথ্য হালনাগাদ করা এবং সংস্থাগুলির কাছ থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া সহজ করার উদ্যোগও নেওয়া হচ্ছে। কিন্তু রাজ্যগুলি যদি নিজেদের মতো করে আলাদা পরিচয়পত্র ও নথিভুক্তির ব্যবস্থা তৈরি করে, তা হলে একই কর্মীর একাধিক নথি তৈরি হতে পারে। পাশাপাশি কর্মীদের যোগ্যতা, তথ্য জমা দেওয়ার সময়সীমা এবং তহবিলের হিসাবের নিয়ম আলাদা হলে সংস্থাগুলির উপর বাড়তি চাপ তৈরি হবে।
কেন্দ্রের ২০২৬ সালের মে মাসে প্রকাশিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিধিতে সুবিধা পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য নির্দিষ্ট সময় কাজ করার শর্ত রাখা হয়েছে। কোনো একটি অ্যাগ্রিগেটর সংস্থার সঙ্গে আগের অর্থবর্ষে অন্তত ৯০ দিন কাজ করতে হবে। একাধিক সংস্থার সঙ্গে কাজ করলে মোট ১২০ দিনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ন্যায্য পারিশ্রমিক, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে কর্মীদের কাজ নিয়ন্ত্রণ, কোনো কারণ ছাড়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া এবং অভিযোগের নিষ্পত্তির মতো বিষয়গুলিতে আরও স্পষ্ট নিয়ম প্রয়োজন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
এদিকে গত ৩০ অক্টোবর কেন্দ্রীয় সরকার গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য জাতীয় সামাজিক সুরক্ষা পর্ষদ গঠন করেছে। তবে এই পর্ষদের ভূমিকা মূলত সুপারিশ করার মধ্যেই সীমাবদ্ধ। ফলে কর্মীদের অধিকার নিশ্চিত করার জন্য শুধু এই পর্ষদের উপর নির্ভর করা যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তেলঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সালাউদ্দিন নতুন আইনকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, এই আইনে গিগ কর্মীদের ১২টি মৌলিক অধিকার স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে রয়েছে ন্যূনতম পারিশ্রমিক, সামাজিক সুরক্ষা, বৈষম্য থেকে সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি।
সালাউদ্দিনের মতে, রাজস্থানের পাশাপাশি কর্নাটক, তেলঙ্গানা, বিহার ও ঝাড়খণ্ডে গিগ কর্মীদের অধিকার রক্ষায় যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার ভিত্তিতে কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ জাতীয় আইন তৈরি করা প্রয়োজন।
ডিজিটাল অর্থনীতিতে কর্মীদের অধিকার কতটা সুরক্ষিত থাকবে, সেই বৃহত্তর বিতর্ককেও সামনে এনেছে। যে কর্মীরা দেশের পরিষেবা ও সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন, তাঁদের কাজের শর্ত, পারিশ্রমিক এবং নিরাপত্তার দায়িত্ব শেষ পর্যন্ত কে নেবে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তেলঙ্গানার নতুন আইন সেই প্রশ্নের একটি আইনি সমাধান খোঁজার চেষ্টা করছে। তবে তার সাফল্য নির্ভর করবে নিয়মগুলির বাস্তবায়ন এবং সংস্থাগুলির দায়বদ্ধতা নিশ্চিত করার উপর।






