মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগর কর্মীরা, কী ঘটেছে পাবনায়?
BNP Awami League standoff: পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন। কী ঘটেছে পাবনায়? কী কারণে বেড়া থানার ওসিকে প্রত্যাহার করা হলো?
শনিবার দুপুরে পাবনার বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার কাছে নৌকা চত্বরে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন।
পাবনার বেড়া পৌর এলাকায় শাসকদল বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর রবিবার, ২২ নভেম্বর সকালেও পৌরসভার বিভিন্ন এলাকায় দুই দলের নেতা-কর্মীদের মুখোমুখি অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের আশঙ্কায় বেড়া বাজারের একাধিক দোকান বন্ধ রয়েছে। আতঙ্কের কারণে বাজারে সাধারণ মানুষের উপস্থিতিও কমেছে।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে বেড়া পৌরসভার সম্ভুপুর ও পায়না এলাকায় আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীরা জড়ো হন। অন্যদিকে, হাতিগাড়া এলাকায় অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। সম্ভুপুর, পায়না ও হাতিগাড়া পাশাপাশি এলাকা হওয়ায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়ায়। সংঘর্ষ এড়াতে দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নেয়।
পরিস্থিতির কারণে ডাকবাংলো বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। তবে বেড়া বাজারের কিছু দোকান খোলা ছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক থাকায় বাজারে ক্রেতাদের ভিড়ও তুলনামূলকভাবে কম ছিল।
সংঘর্ষের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদল
বেড়ায় গত তিন দিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পর শনিবার রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়। তাঁকে রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।
পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফাকে বেড়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাবনার পুলিশ সুপার আবু আশরাফ এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন।
- আপনার জন্য আরও কিছু লেখা
Bangladesh november violence 2026: শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত, সিলেটে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনে পেট্রল বোমা, নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার জেরে ৫০টি বসতবাড়ি দোকান পুড়িয়ে দেওয়া, গোপালগঞ্জ-নোয়াখালী-চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনা ঘটেছে। অন্তত তিনজন নিহত। বিএনপির খন্দকার মুক্তাদির ‘আওয়ামী লীগ রাজনীতির অধিকার হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, তিনি সকাল থেকেই পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি দেখেছেন। কয়েকটি এলাকায় মানুষ জড়ো হলেও সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তাঁর দাবি। পরিস্থিতির আর অবনতি হবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৃহস্পতিবার থেকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে বেড়া পৌরসভার বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। ওই দিন সম্ভুপুর ও পায়না এলাকার আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করে বেড়া থানার সামনে জড়ো হন। পরে বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করলে সংঘর্ষ শুরু হয়। একই দিনে পৌরসভার বৃশালিখা এলাকাতেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
গত তিন দিনের সংঘর্ষে বৃশালিখা এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়। এর মধ্যে আওয়ামী লীগ নেতা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে।
শুক্রবার হাতিগাড়া এলাকার বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সম্ভুপুর ও পায়না এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর শনিবার সকাল থেকে আবারও পৌরসভার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সাংসদ সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতারা বৈঠক করেন। বৈঠকে বিএনপি নেতারা অভিযোগ করেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়েছে।
বৈঠকের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন। সেই সময় ঘটনাটি ভিডিও করছিলেন এক সাংবাদিক। তাঁকে হেনস্থা করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এর কিছুক্ষণ পর বৃশালিখায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শনিবারের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে হাতিগাড়ার এক কিশোরের আঘাত গুরুতর।
বেড়ায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান এবং আগের দিনের সংঘর্ষের জেরে রবিবারও এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।







