স্থলভাগের দিকে এগোচ্ছে আকভান, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আখভানের অভিমুখ বদলে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় এক ধাক্কায় ৭ ডিগ্রি কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। ওড়িশায় স্থলভাগে প্রবেশের সময় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্বল হচ্ছে আখভান, কিন্তু কবে কাটবে বাংলার দুর্যোগ?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভান-এর অভিমুখ বদলে যাওয়ায় তার প্রভাব অনেকটাই বেড়েছে পশ্চিমবঙ্গে। প্রথম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও পরে উত্তর দিকে সরে আসে ঘূর্ণিঝড়টি। ফলে ওড়িশার পাশাপাশি দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। শুক্রবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
কোথায় আছড়ে পড়ছে আকভান?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর শুক্রবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি, ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা ঘূর্ণিঝড়টির। অর্থাৎ, অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল। তখন সেটি ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছিল, স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার হতে পারে।
শুক্রবার সকাল সাড়ে ৫টার আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গোপালপুর থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ৭০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। পরবর্তী দু'ঘণ্টার মধ্যে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানায় আবহাওয়া দফতর।
কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা?
আকভানের প্রভাবে ওড়িশার গঞ্জাম, পুরী ও গজপতি জেলার উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঝোড়ো হাওয়ার দাপটে কাঁচা বাড়ি, টিনের চাল, বিদ্যুতের খুঁটি এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। গাছ উপড়ে পড়া, রাস্তা অবরুদ্ধ হওয়া এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Climate change impact on cyclone: ২৮ অক্টোবরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঠিক সাত দিন পর ৩ নভেম্বরে ল্যান্ডফল করে ‘মুরাসু’। আবহাওয়াবিদদের ভাষায়, এই পিঠোপিঠি ঝড়ের ঘটনাকে বলা হয় ‘ক্লাইমেটোলজিক্যাল অ্যানোমালি'। বঙ্গোপসাগরের এই ‘ওভার-এনার্জাইজড’ অবস্থাই, এখন জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতা।
কৃষিক্ষেত্রেও ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৯-১২ মিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, বিজয়নগরম, শ্রীকাকুলাম ও বিশাখাপত্তনম এবং ওড়িশার গঞ্জাম ও পুরী জেলার নিচু এলাকায় জলোচ্ছ্বাসের জেরে জল ঢোকার আশঙ্কা রয়েছে। জোয়ারের স্বাভাবিক উচ্চতার তুলনায় ০.৫ থেকে ১ মিটার বেশি জলস্তর তৈরি হতে পারে।
বাংলায় কতটা প্রভাব?
আকভানের গতিপথ উত্তর দিকে সরে আসায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। ঘূর্ণিঝড়ের বাইরের মেঘের প্রভাবেই বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রায় ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৭ ডিগ্রি কম। গত ৩০০ দিনেরও বেশি সময়ের মধ্যে এটিই ছিল শহরের সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি।
শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আগের পূর্বাভাসে জানানো হয়েছিল।
শুক্রবারের সর্বশেষ বুলেটিনেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবারও কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কয়েকটি জলাধার ও সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।
পরিবহণ ও জনজীবনে প্রভাব
ঘূর্ণিঝড়ের প্রভাবে রেল ও বিমান পরিষেবাতেও সতর্কতা জারি হয়েছে। বৃহস্পতিবার শালিমার-পুরী এক্সপ্রেস বাতিল করা হয়। শুক্রবারের হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসও বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সাধারণত বিমান চলাচল স্বাভাবিক থাকার কথা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞাও জারি রয়েছে।
এখন কী পরিস্থিতি?
শুক্রবার সকাল সাড়ে ৭টার আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আকভান ইতিমধ্যেই শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে তার প্রভাব কাটেনি। সকাল সাড়ে ৫টায় ঘূর্ণিঝড়টি গোপালপুর থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে ছিল। স্থলভাগের সঙ্গে মেঘের বাইরের অংশের সংযোগ শুরু হয়েছে। পরবর্তী দু'ঘণ্টার মধ্যে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানানো হয়েছে।
স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি কমবে বলে পূর্বাভাস। শুক্রবার বিকেল নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শনিবারের মধ্যে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় দুর্বল হলেও তার সঙ্গে থাকা বিপুল পরিমাণ জলীয় বাষ্পের কারণে ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টি চলতে পারে।





