জীবাশ্ম জ্বালানির প্রশ্ন এড়িয়ে জলবায়ু সম্মেলন: ঐকমত্যের নামে কি তেল-গ্যাস শিল্পের স্বার্থরক্ষার চেষ্টা?

COP31 Climate Summit 2026: তুরস্কের আন্তালিয়ায় দুই সপ্তাহ ধরে চলা এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রশ্নে দেশগুলির মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা তো দূরের কথা, চূড়ান্ত খসড়া ঘোষণাপত্র থেকে জীবাশ্ম জ্বালানির উল্লেখই বাদ পড়ে যাওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Asish Gupta
৮ মিনিট
জীবাশ্ম জ্বালানির প্রশ্ন এড়িয়ে জলবায়ু সম্মেলন: ঐকমত্যের নামে কি তেল-গ্যাস শিল্পের স্বার্থরক্ষার চেষ্টা?

আশিস গুপ্ত, আন্তালিয়া (তুরস্ক), ২০ নভেম্বর: প্রায় ২০০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31) শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময় পেরিয়ে আলোচনা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

তুরস্কের আন্তালিয়ায় দুই সপ্তাহ ধরে চলা এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রশ্নে দেশগুলির মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা তো দূরের কথা, চূড়ান্ত খসড়া ঘোষণাপত্র থেকে জীবাশ্ম জ্বালানির উল্লেখই বাদ পড়ে যাওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যে সম্মেলনের মূল উদ্দেশ্য পৃথিবীকে ক্রমবর্ধমান উষ্ণায়নের বিপদ থেকে রক্ষা করা, সেই সম্মেলনের চূড়ান্ত নথিতে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট অবস্থান না থাকায় প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি কি শেষ পর্যন্ত দূষণকারী শিল্পগুলির অর্থনৈতিক স্বার্থের কাছে নতি স্বীকার করছে?

শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের শেষ পর্যায়ে কিছু প্রযুক্তিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলেও জলবায়ু সংকট মোকাবিলার বৃহত্তর রাজনৈতিক সমঝোতা অধরাই থেকে যায়। সম্মেলনের সভাপতি এবং তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রতিনিধিদের উদ্দেশে বলেন, তাঁরা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু এখনও সেখানে পৌঁছতে পারেননি। তাঁর এই বক্তব্যের মধ্যেই সম্মেলনের অচলাবস্থার ছবি স্পষ্ট। কারণ, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রশ্নে দেশগুলির মধ্যে মতপার্থক্য কেবল প্রযুক্তিগত বা প্রশাসনিক নয়, বরং তা আন্তর্জাতিক অর্থনীতি, জ্বালানি বাণিজ্য, শিল্পস্বার্থ এবং ভূরাজনৈতিক ক্ষমতার সঙ্গে গভীরভাবে যুক্ত।

সম্মেলনের শুরুতে অস্ট্রেলিয়ার তৈরি করা খসড়া প্রস্তাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত পর্যায়ক্রমে বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সোমবার প্রকাশিত সেই প্রাথমিক খসড়া বৃহস্পতিবারের মধ্যে অনেকটাই সংকুচিত হয়ে যায়। সৌদি আরবসহ কয়েকটি বড় তেল ও গ্যাস উৎপাদক দেশের আপত্তির মুখে সংশোধিত নথি থেকে জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত সমস্ত উল্লেখ বাদ দেওয়া হয়। অর্থাৎ, যে বিষয়টি বর্তমান জলবায়ু সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করে আসছেন, সেটিকেই আন্তর্জাতিক আলোচনার চূড়ান্ত রাজনৈতিক নথি থেকে কার্যত সরিয়ে দেওয়া হলো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জলবায়ু সংকটের দায় ধনীদের, খরচের বোঝা কেন গরিবের? কপ ৩১-এ তীব্র সংঘাত

COP31 Climate Finance: G77 এবং চিনের অভিযোগ, জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনায় উন্নত দেশগুলি নিজেদের আর্থিক ও ঐতিহাসিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, উন্নত দেশগুলির একাংশের অবস্থান থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, উন্নয়নশীল দেশগুলিকে নিজেদের সম্পদ ও সামর্থ্যের উপর নির্ভর করেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার দায়িত্ব নিতে হবে।

এখানেই জলবায়ু সম্মেলনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। শিল্পবিপ্লবের পর থেকে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব ক্রমাগত বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, শিল্প এবং নগর অর্থনীতির বিপুল অংশ এখনও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। অথচ এই নির্ভরতা কমানোর জন্য নির্দিষ্ট সময়সীমা ও বাধ্যতামূলক পদক্ষেপের পরিবর্তে সম্মেলনের আলোচনায় ক্রমশ প্রাধান্য পাচ্ছে এমন ভাষা, যার মধ্যে রাজনৈতিক ঐকমত্যের সুযোগ থাকলেও বাস্তবায়নের নিশ্চয়তা নেই।

এর আগে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত COP28 সম্মেলনেও জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের প্রশ্নে তীব্র বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা উল্লেখ থাকলেও তার ভাষা ও বাস্তব প্রয়োগ নিয়ে অসন্তোষ ছিল। COP31-এ সেই সীমিত স্বীকৃতিটুকুও বাদ পড়ে যাওয়ায় আন্তর্জাতিক জলবায়ু আলোচনার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পরিবেশকর্মীদের বক্তব্য, প্রতিবারই তেল উৎপাদনকারী দেশগুলির আপত্তির মুখে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতির ভাষা দুর্বল হয়ে পড়ছে। ফলে বৈজ্ঞানিক বাস্তবতা এবং রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে।

ইওরোপীয় ইউনিয়ন এই খসড়ার তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে জলবায়ু সম্মেলন কার্যত জীবাশ্ম জ্বালানির স্বার্থরক্ষাকারী সম্মেলনে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পানামাও প্রায় এক ডজন দেশের সঙ্গে যৌথভাবে একটি চিঠি দিয়ে জীবাশ্ম জ্বালানি থেকে স্পষ্টভাবে সরে আসার দাবি জানিয়েছে। পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো সংবাদ সম্মেলনে বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত নেই, এমন কোনো COP সম্মেলন বা চূড়ান্ত ঘোষণাপত্র তাঁরা মেনে নিতে পারেন না। প্রয়োজনে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

সম্মেলনের খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের অন্তত ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে সম্পন্ন করার প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু এই বিদ্যুৎ কোথা থেকে আসবে, তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। অর্থাৎ, বিদ্যুতের ব্যবহার বাড়লেও সেই বিদ্যুৎ যদি কয়লা, তেল বা গ্যাস পুড়িয়ে উৎপাদন করা হয়, তাহলে জলবায়ু সংকট মোকাবিলায় তার অবদান কতটা হবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কয়েকটি দেশ তাই বিদ্যুতের লক্ষ্যমাত্রার সঙ্গে ‘পরিচ্ছন্ন’ বা ‘ক্লিন’ শব্দটি যুক্ত করার দাবি জানিয়েছে। কারণ, শুধু বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করলেই জ্বালানি ব্যবস্থার পরিবেশবান্ধব রূপান্তর নিশ্চিত হয় না। বিদ্যুতের উৎসই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঋণ নয়, সরকারি অনুদান চাই: কপ৩১-এ জলবায়ু অর্থায়ন নিয়ে সরব উন্নয়নশীল দেশগুলি

COP31 Climate Talks: কপ৩১-এর আলোচ্যসূচিতে প্যারিস চুক্তির ধারা ৯.১ অনুযায়ী ঋণমুক্ত ও স্বচ্ছ সরকারি জলবায়ু অর্থায়নের দাবিতে ঐক্যবদ্ধ জি৭৭ ও চিন। ধনী দেশগুলোর সামরিক ব্যয় বৃদ্ধি ও জলবায়ু প্রতিশ্রুতি ভঙ্গের কড়া সমালোচনা করেছে গ্লোবাল সাউথ ও পরিবেশবাদী সংগঠনগুলো।

কার্বন ক্যাপচার প্রযুক্তি নিয়েও সম্মেলনে মতবিরোধ দেখা দিয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করার চেষ্টা করা হয়। প্রযুক্তিটির সমর্থকদের দাবি, শিল্পক্ষেত্রে নির্গমন কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কিন্তু সমালোচকদের বক্তব্য, প্রযুক্তিটি এখনও ব্যয়বহুল এবং বৃহৎ পরিসরে এর কার্যকারিতা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। আরও বড় আশঙ্কা হলো, কার্বন ক্যাপচারের প্রতিশ্রুতিকে সামনে রেখে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার দীর্ঘদিন চালিয়ে যাওয়ার রাজনৈতিক ও বাণিজ্যিক সুযোগ তৈরি হতে পারে। ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেজেনভানু তাই এই ধরনের সমাধানকে ‘ভুল সমাধান’ হিসেবে উল্লেখ করে খসড়া থেকে তার উল্লেখ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জলবায়ু অর্থায়ন। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি দায়ী শিল্পোন্নত দেশগুলি। অথচ এর ভয়াবহ পরিণতি সবচেয়ে বেশি ভোগ করছে বহু উন্নয়নশীল ও দরিদ্র দেশ, যাদের ঐতিহাসিক কার্বন নিঃসরণের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ এবং কৃষি উৎপাদনের অনিশ্চয়তা তাদের অর্থনীতি ও জনজীবনকে বিপর্যস্ত করছে। এই পরিস্থিতিতে অভিযোজন বা অ্যাডাপটেশনের জন্য দরিদ্র দেশগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরেই জলবায়ু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

কিন্তু COP31-এর সংশোধিত খসড়া থেকে দরিদ্র দেশগুলির জলবায়ু অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রাও বাদ দেওয়া হয়েছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলির ক্ষোভ আরও বেড়েছে। ঘানার পরিবেশমন্ত্রী জ্যানেটর আগিয়েম্যান-রলিংস বলেছেন, তাঁরা এখানে কারোর কাছে ভিক্ষা চাইতে আসেননি। এই বক্তব্যের মধ্যে রয়েছে জলবায়ু ন্যায়বিচারের দীর্ঘদিনের দাবি। উন্নত দেশগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে শিল্পায়ন ও জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতির মাধ্যমে বিপুল সম্পদ সঞ্চয় করেছে। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ দেওয়ার প্রশ্নে তাদের প্রতিশ্রুতি বারবার বাস্তবায়নের অভাবে আটকে যাচ্ছে।

এখানে একটি মৌলিক বৈষম্যের প্রশ্ন রয়েছে। ধনী দেশগুলির কাছে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, উপকূল রক্ষা, উন্নত প্রযুক্তি ব্যবহার কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের পর পুনর্গঠনের আর্থিক সামর্থ্য রয়েছে। কিন্তু আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার বহু দেশের কাছে সেই সামর্থ্য নেই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ভারতের সুন্দরবন, মালদ্বীপ কিংবা প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্রগুলির মতো অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে অস্তিত্বের সংকটের মুখোমুখি। অথচ যে সব দেশ এই সংকটের জন্য তুলনামূলকভাবে কম দায়ী, তাদেরই বিপর্যয় মোকাবিলার জন্য আন্তর্জাতিক অর্থায়নের উপর সবচেয়ে বেশি নির্ভর করতে হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জীববৈচিত্র্য রক্ষায় ‘ইয়েরেভান ঘোষণা', কী ঘটছে ইয়েরেভানের কপ-১৭তে?

yerven biodiversity conference; ১৯ থেকে ৩০ অক্টোবর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে, কপ-১৭ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘের হিসাবে, বর্তমান গতিতে চললে, ২০৩০ নাগাদ পৃথিবীর মাত্র ২৬% স্থল ও ১২% সমুদ্র সুরক্ষিত থাকবে। ইয়েরেভান ঘোষণার ‘অপর্যাপ্ত’ পরীক্ষা এখন আটকে বাজেটের অঙ্কে।

সম্মেলনের রাজনৈতিক অচলাবস্থার নেপথ্যে আন্তর্জাতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, বিশ্ব ইতিমধ্যেই ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের সীমা অতিক্রম করার পথে এগিয়ে চলেছে। এই সীমা অতিক্রম করলে তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি, বনাঞ্চলে অগ্নিকাণ্ড এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়বে। যদিও ১.৫ ডিগ্রি কোনো একক বিপর্যয়ের সুইচ নয়, তবু এই সীমা অতিক্রমের প্রতিটি অতিরিক্ত ভগ্নাংশ জলবায়ুগত ঝুঁকি বাড়িয়ে তুলবে।

এমন এক সংকটের সময়ে বিশ্বের বৃহত্তম ঐতিহাসিক কার্বন নিঃসরণকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিকে আরও দুর্বল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু সহযোগিতা থেকে সরে আসার সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পরপর দ্বিতীয় বছরের মতো সম্মেলনে অনুপস্থিত। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি ভোক্তা দেশটির সহযোগিতা ছাড়া আন্তর্জাতিক জলবায়ু লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এর পাশাপাশি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইজরায়েল যুদ্ধ এবং বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো বিষয়ও আন্তর্জাতিক রাজনৈতিক মনোযোগকে জলবায়ু সংকট থেকে অন্যদিকে সরিয়ে দিয়েছে।

পরিবেশবাদী সংগঠনগুলির মূল্যায়ন আরও কঠোর। আফ্রিকাভিত্তিক গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মহম্মদ আদো এই সম্মেলনকে ‘এযাবৎকালের সবচেয়ে খারাপ COP’ বলে অভিহিত করেছেন। তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন বহু পরিবেশকর্মী, যাঁদের মতে, ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয়ের মুখে সম্মেলনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অত্যন্ত সীমিত।

তবে সমস্যাটি শুধু একটি সম্মেলনের ব্যর্থতা বা একটি খসড়া ঘোষণাপত্রের দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক জলবায়ু আলোচনার কাঠামোগত সীমাবদ্ধতাও এখানে প্রকাশ্যে এসেছে। প্রায় ২০০টি দেশকে নিয়ে গঠিত এই আলোচনায় প্রত্যেকের অর্থনৈতিক স্বার্থ, জ্বালানি নিরাপত্তা এবং রাজনৈতিক অগ্রাধিকার আলাদা। ফলে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অনেক সময় সবচেয়ে কম উচ্চাকাঙ্ক্ষী অবস্থানটিই চূড়ান্ত সিদ্ধান্তের সীমা নির্ধারণ করে দেয়। তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলির আপত্তি, উন্নত দেশগুলির অর্থায়নে অনীহা এবং উন্নয়নশীল দেশগুলির ন্যায্য দাবির মধ্যে এই সংঘাত ক্রমশ প্রকট হচ্ছে।

অন্যদিকে, জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইকে কেবল নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখলেও চলবে না। প্রয়োজন জ্বালানি ব্যবস্থার মৌলিক পরিবর্তন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর বাস্তবসম্মত সময়সীমা, উন্নয়নশীল দেশগুলির জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায়সংগত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা। প্রযুক্তিগত সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মূল সমস্যাকে আড়াল করলে সংকটের সমাধান হবে না।

সামগ্রিকভাবে আন্তালিয়ার জলবায়ু সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বক্তব্য থেকে স্পষ্ট, জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ এবং জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক বিভাজন কতটা গভীর। পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো স্পষ্ট ভাষায় বলেছেন, যে সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত নেই, তা গ্রহণযোগ্য নয়। তাঁর কথায়, “যারা দূষণ করবে, তাদেরই তার মূল্য দিতে হবে।” জার্মানির পরিবেশমন্ত্রী কার্স্টেন স্নাইডার আরও সরাসরি অভিযোগ করেছেন, কিছু দেশ জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত করতে চায় না, কারণ এই জ্বালানি থেকে তারা বিপুল অর্থ উপার্জন করে। ফ্রান্সের পরিবেশমন্ত্রী মনিক বারবুৎ প্রশ্ন তুলেছেন, পৃথিবী যখন ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের সীমা অতিক্রমের মুখে, তখন কি সবকিছু আগের মতো চালিয়ে যাওয়া সম্ভব? অন্যদিকে, আফ্রিকার দেশগুলির ক্ষোভ প্রকাশ করে ঘানার পরিবেশমন্ত্রী জ্যানেটর আগিয়েম্যান-রলিংস বলেছেন, “আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি, আমাদের ন্যায্য অধিকার দাবি করতে এসেছি।” সেনেগালের পরিবেশমন্ত্রী আলিউ গোরি ডিউফের উপমাটি আরও তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, ধনী দেশগুলির লাগানো আগুন নেভানোর জন্য দরিদ্র দেশগুলিকে সামান্য এক বালতি জল নিয়ে হাজির হতে বলা হচ্ছে, অথচ তাদের নিজেদের হাতে রয়েছে জলের ট্যাঙ্কার। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেজেনভানু আবার কার্বন ক্যাপচার প্রযুক্তির মতো তথাকথিত সমাধানের আড়ালে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার প্রবণতার বিরোধিতা করেছেন। এই বক্তব্যগুলি প্রমাণ করে, COP31-এর বিতর্ক কেবল একটি ঘোষণাপত্রের শব্দচয়ন নিয়ে নয়; এর কেন্দ্রে রয়েছে বিশ্ব অর্থনীতির জ্বালানি কাঠামো, ঐতিহাসিক দায়বদ্ধতা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলির ন্যায্য অধিকার।

আন্তালিয়ার COP31 শেষ পর্যন্ত কী ধরনের রাজনৈতিক সমঝোতায় পৌঁছবে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা যত স্পষ্ট হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সদিচ্ছা ততটাই প্রশ্নের মুখে পড়ছে। জলবায়ু সম্মেলনের ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকাটা তাই নিছক শব্দের অনুপস্থিতি নয়; এটি বিশ্বের জ্বালানি অর্থনীতি ও জলবায়ু নীতির মধ্যে চলতে থাকা সংঘাতের প্রতিফলন। পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার নামে আয়োজিত সম্মেলনে যদি পৃথিবীকে উষ্ণ করে তোলা জ্বালানির কথাই উচ্চারণ করা না যায়, তাহলে জলবায়ু ন্যায়বিচারের প্রতিশ্রুতি বাস্তবে কতটা অর্থবহ হবে, সেই প্রশ্ন এড়ানোর উপায় নেই।

লিখেছেন
Asish Gupta
Asish Gupta
3 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত আকভান, বিপদ কাটল কতটা? ওড়িশা থেকে বাংলার সম্পূর্ণ পরিস্থিতি

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আখভান শেষ পর্যন্ত কোথায় আছড়ে পড়ল? ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশের পর কতটা দুর্বল হল এই ঘূর্ণিঝড়? ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে কোথায় কত বৃষ্টি, কত মানুষকে সরানো হল নিরাপদ আশ্রয়ে? বাংলার কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও কতটা প্রভাব পড়ল আখভানের?

জলবায়ু সংকটের দায় ধনীদের, খরচের বোঝা কেন গরিবের? কপ ৩১-এ তীব্র সংঘাত

COP31 Climate Finance: G77 এবং চিনের অভিযোগ, জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনায় উন্নত দেশগুলি নিজেদের আর্থিক ও ঐতিহাসিক দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, উন্নত দেশগুলির একাংশের অবস্থান থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, উন্নয়নশীল দেশগুলিকে নিজেদের সম্পদ ও সামর্থ্যের উপর নির্ভর করেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার দায়িত্ব নিতে হবে।

স্থলভাগের দিকে এগোচ্ছে আকভান, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আখভানের অভিমুখ বদলে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে বৃষ্টি। কলকাতায় এক ধাক্কায় ৭ ডিগ্রি কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। ওড়িশায় স্থলভাগে প্রবেশের সময় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্বল হচ্ছে আখভান, কিন্তু কবে কাটবে বাংলার দুর্যোগ?

১,০০০ বছরেরও বেশি সময় মায়ানমারে রোহিঙ্গারা! তবু কেন ‘বহিরাগত’ তকমা?

Rohingya Refugees: মায়ানমারের রোহিঙ্গারা কি সত্যিই বহিরাগত? নতুন জিনগত গবেষণায় তাঁদের পূর্বপুরুষদের সঙ্গে আরাকান অঞ্চলের জনগোষ্ঠীর প্রায় ১,০০০ বছর আগের সম্পর্কের ইঙ্গিত মিলেছে। তাহলে এত দীর্ঘ ঐতিহাসিক যোগসূত্র থাকা সত্ত্বেও কেন রোহিঙ্গাদের পরিচয় নিয়ে বিতর্ক? আদিবাসী হওয়ার জন্য কি নির্দিষ্ট সময়সীমা রয়েছে?

৪৩ হাজার কোটি টাকা খরচের পরেও পরিষ্কার হলো না? কতটা দূষিত গঙ্গা ?

Ganga Pollution: গঙ্গা পরিষ্কারের জন্য ৪৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তৈরি হয়েছে একাধিক শোধনাগার, নেওয়া হয়েছে নানা প্রকল্প। কিন্তু স্যাটেলাইটের ছবি ও জলের নমুনা পরীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গঙ্গার মাত্র ১০ শতাংশ অংশে স্থায়ী উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। তাহলে এত টাকা খরচের পরেও কেন দূষণ কমল না?

হরিদ্বারে চলল গঙ্গা সাফাই অভিযান, কদিন থাকবে এই স্বচ্ছতা?

Clean ganga: আপার গঙ্গা খাল ২০ দিন বন্ধ থাকায় হর কি পৌড়ি-সহ হরিদ্বারের ঘাটগুলির নদীতল উন্মুক্ত হয়, সেখান থেকে ১৫০ মেট্রিক টন আবর্জনা সরানো গিয়েছে। গঙ্গা সেবা ও ইন্ডিয়ান রিভার কাউন্সিলের ২০০-র বেশি স্বেচ্ছাসেবক এই প্রক্রিয়ায় অংশ নেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই স্বচ্ছ জলও পানযোগ্য নয়, স্নানের জন্যও নিরাপদ নয়। ২০২৭-এর অর্ধকুম্ভের আগে, হরিদ্বারের গঙ্গায় ট্র্যাশ বুম বসানোর পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! কতটা প্রভাব পড়বে বাংলায়, কী বলছে আবহাওয়া দফতর?

Cyclone Senyar: শীতের আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নিম্নচাপ শক্তি বাড়িয়ে ‘সেনিয়ার’-এ পরিণত হতে পারে সোমবারের মধ্যে। সম্ভাব্য ঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল। সরাসরি বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। কতটা সতর্ক থাকতে হবে?