দু’সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প, কেন বারবার কাঁপছে উত্তরবঙ্গ?
North Bengal Earthquake: মঙ্গলবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। নেপালে উৎপত্তি হওয়া ৫.৩ মাত্রার এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিম-সহ একাধিক জায়গায়। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের কেন কাঁপল উত্তরবঙ্গ? হিমালয় সংলগ্ন এই অঞ্চলে কি ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে?
-প্রতীকী চিত্র
মঙ্গলবার, ২৪ নভেম্বর সকালে হঠাৎই কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ঘুম ভাঙার আগেই মাটি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়ায় শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গায়। শুধু একবার নয়, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পর পর দু’দফায় কম্পন অনুভূত হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাব পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই কম্পনের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ নেপাল। কিন্তু কেন এই এলাকায় বারবার ভূমিকম্প অনুভূত হয়? ভূমিকম্পের উৎসস্থল দূরে হলেও কী ভাবে তার কম্পন পৌঁছে যায় শিলিগুড়ির মতো শহরে?
কোথায় এবং কখন ভূমিকম্পটি হয়?
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট নাগাদ নেপালের কোশি প্রদেশে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। NCS-এর তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। অর্থাৎ, এটি ছিল তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প।
এই কম্পনের প্রভাব শুধু নেপালেই সীমাবদ্ধ থাকেনি। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে কম্পন অনুভূত হয়। পাশাপাশি সিকিম, ভুটান, বিহার এবং বাংলাদেশের কিছু এলাকাতেও মাটি কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে শিলিগুড়ি ও জলপাইগুড়ির বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কেন বারবার ভূমিকম্প হয় নেপাল ও হিমালয় অঞ্চলে?
পৃথিবীর বাইরের শক্ত স্তরটি একটানা নয়। এটি একাধিক বড় ও ছোট টেকটোনিক প্লেটে বিভক্ত। এই প্লেটগুলি অত্যন্ত ধীর গতিতে ক্রমাগত চলতে থাকে। হিমালয় পর্বতমালা তৈরি হওয়ার পিছনেও রয়েছে দুটি বিশাল টেকটোনিক প্লেটের সংঘর্ষ। ভারতীয় টেকটোনিক প্লেট উত্তর দিকে এগিয়ে গিয়ে ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই সংঘর্ষের ফলে দীর্ঘ সময় ধরে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে। কিন্তু এই সংঘর্ষ এখনো থেমে যায়নি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Worlds Biggest Earthquakes: আধুনিক ভূকম্পবিজ্ঞানের সূচনা (১৯০০ সাল) হওয়ার পর থেকে থেকে আজ পর্যন্ত পাঁচটি ভূমিকম্প ৮.৮ মাত্রার কম্পনের চেয়ে বেশ ছিল।
দুটি প্লেটের মধ্যে ক্রমাগত চাপ তৈরি হয়। ভূত্বকের বিভিন্ন ফাটল বা ফল্ট বরাবর সেই চাপ জমতে থাকে। একটা সময়ে শিলাস্তর আর সেই চাপ ধরে রাখতে পারে না। তখন হঠাৎ শক্তি মুক্ত হয় এবং ভূমিকম্পের সৃষ্টি হয়।
নেপাল, সিকিম, দার্জিলিং এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল হিমালয় সংলগ্ন হওয়ায় এই ভূতাত্ত্বিক প্রক্রিয়ার প্রভাব এখানে অনুভূত হয়। তাই এই অঞ্চলকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল দূরে হলেও উত্তরবঙ্গে কম্পন পৌঁছয় কীভাবে?
ভূমিকম্পের সময় ভূগর্ভে সঞ্চিত শক্তি তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গকে বলা হয় সিসমিক ওয়েভ বা ভূকম্পীয় তরঙ্গ।
এই তরঙ্গ ভূপৃষ্ঠের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে এগিয়ে যায়। ভূমিকম্পের উৎসস্থল থেকে দূরত্ব বাড়লে সাধারণত কম্পনের তীব্রতা কমতে থাকে। কিন্তু কতটা কম্পন অনুভূত হবে, তা নির্ভর করে ভূমিকম্পের মাত্রা, গভীরতা, কেন্দ্রস্থল থেকে দূরত্ব এবং স্থানীয় মাটির গঠনের উপর।
মঙ্গলবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে। কিন্তু নেপালের সঙ্গে উত্তরবঙ্গের ভৌগোলিক দূরত্ব খুব বেশি নয়। তার উপর ভূমিকম্পটির গভীরতা ছিল তুলনামূলক কম। ফলে তার উৎপন্ন তরঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। এ কারণেই একই ভূমিকম্পের প্রভাব নেপাল ছাড়িয়ে সিকিম, দার্জিলিং, শিলিগুড়ি এবং আশপাশের এলাকায় অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প কতটা শক্তিশালী?
ভূমিকম্পের মাত্রা বোঝার জন্য সাধারণত ম্যাগনিটিউড স্কেল ব্যবহার করা হয়। সাধারণভাবে একে রিখটার স্কেল বলা হলেও বর্তমানে ভূমিকম্পের মাত্রা নির্ণয়ে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলও বহুল ব্যবহৃত হয়।
এই স্কেলটি লগারিদমিক। অর্থাৎ, মাত্রা এক ধাপ বাড়লে কম্পনের পরিমাপকৃত তরঙ্গের বিস্তার প্রায় ১০ গুণ বেড়ে যায়। সেই সঙ্গে নির্গত শক্তির পরিমাণও প্রায় ৩২ গুণ বেড়ে যায়। ৫.৩ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলা যায়।
দু’সপ্তাহের মধ্যে ফের ভূমিকম্প!
মঙ্গলবারের ভূমিকম্পের মাত্র দু’সপ্তাহ আগেও, অর্থাৎ ১২ নভেম্বর উত্তরবঙ্গে কম্পন অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের উৎসস্থলও ছিল নেপাল। সে বার কম্পনের মাত্রা ছিল ৪.৯। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সিকিমের পাশাপাশি বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই অঞ্চলে দু'বার ভূমিকম্প অনুভূত হওয়ায় স্বাভাবিক ভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।






