মাইক্রোসফ্টের পরিষেবায় ৩৬ ঘণ্টার বিশ্বব্যাপী বিপর্যয়! কেন বন্ধ হল আউটলুক-টিম্স, কী ভাবে সামলাল পরিস্থিতি?
Microsoft 365: ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ৩৬ ঘণ্টা ধরে মাইক্রোসফট ৩৬৫-এর আউটলুক, টিমস, কোপাইলট ও এক্সচেঞ্জ অনলাইন কেন অচল হয়েছিল? ৭৪টি দেশে সার্ভার ওভারলোড ও কনফিগারেশন ত্রুটির প্রভাব, ভারতে ইন্ডিগো, আকাসা এয়ার, এয়ার ইন্ডিয়ার সমস্যা, রোলব্যাক ও ব্যাকলগ ইমেল সামলে পোস্ট-ইনসিডেন্ট রিপোর্টে কী জানানো হয়েছিল এবং ভবিষ্যতে প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া?
একটি ইমেল পাঠানো যাচ্ছে না, অফিসের জরুরি মিটিংয়ে যোগ দেওয়া যাচ্ছে না, আবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতেও সমস্যা হচ্ছে। ১২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে এমনই পরিস্থিতির মুখোমুখি হন বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মাইক্রোসফ্ট ব্যবহারকারী। আউটলুক, মাইক্রোসফ্ট টিম্স, কোপাইলট-সহ একাধিক পরিষেবা আচমকা অচল হয়ে পড়ে। ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এই বিপর্যয়। প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলে সমস্যা। অবশেষে ১৪6 নভেম্বর, শনিবার মাইক্রোসফ্ট জানায়, সমস্ত প্রভাবিত পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে।
কোথা থেকে শুরু হয়েছিল বিপর্যয়?
১২ নভেম্বর প্রথমে আমেরিকার ব্যবহারকারীরা মাইক্রোসফ্টের Exchange Online পরিষেবায় সমস্যা অনুভব করেন। এই পরিষেবার মাধ্যমে সংস্থার ইমেল আদানপ্রদান পরিচালিত হয়। অনেকেই নিজেদের মেলবক্স খুলতে পারছিলেন না। কেউ ইমেল পাঠাতে পারছিলেন না, আবার কারও কাছে নতুন মেল পৌঁছচ্ছিল না।
প্রথমে সমস্যাটি নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও দ্রুত তা বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে। আউটলুক, টিম্স, কোপাইলট, SharePoint, Planner, To Do-সহ Microsoft 365-এর একাধিক পরিষেবা প্রভাবিত হয়। Word, Excel, PowerPoint এবং OneDrive ব্যবহারের ক্ষেত্রেও সমস্যার অভিযোগ সামনে আসে। Downdetector-এ একসময় প্রায় ১ লক্ষ ৩০ হাজার ব্যবহারকারী সমস্যার অভিযোগ জানান। ৭৪টি দেশ ও অঞ্চলে পরিষেবা বিভ্রাটের খবর পাওয়া যায়। বিশ্বজুড়েই মাইক্রোসফ্টের পরিষেবার উপর নির্ভরশীল মানুষ ও প্রতিষ্ঠান সমস্যায় পড়েছিলেন।
কেন বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা?
প্রাথমিক ভাবে সার্ভারের উপর অতিরিক্ত চাপের কথা জানালেও পরে মাইক্রোসফ্ট জানায়, সমস্যার পিছনে ছিল নেটওয়ার্ক সংক্রান্ত প্রযুক্তিগত ত্রুটি।
মাইক্রোসফ্ট আগে নিজেদের নেটওয়ার্কের ক্ষমতা বাড়ানোর জন্য একটি আপগ্রেড করেছিল। পরবর্তী সময়ে নেটওয়ার্কে আরও একটি পরিবর্তন করার পর আগের আপগ্রেডের সঙ্গে যুক্ত ত্রুটি প্রকাশ্যে আসে। এর ফলে বেশ কিছু সার্ভার স্বাভাবিক ভাবে কাজ করা বন্ধ করে দেয়। স্বয়ংক্রিয় পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সেগুলিকে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ফলে যে সার্ভারগুলি সচল ছিল, তাদের উপর অতিরিক্ত কাজের চাপ পড়তে থাকে। পরিস্থিতি আরও জটিল করে তোলে নিরাপদ সংযোগ পরিচালনার দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার অতিরিক্ত চাপ। সেই প্রক্রিয়া ঠিকমতো কাজ করতে না পারায় ব্যবহারকারীদের অনুরোধ সামলাতে সমস্যা হয়। ধীরে ধীরে একাধিক পরিষেবা অচল হয়ে পড়ে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Microsoft Israel Technology Deal: ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ইজরায়েল প্রতিরক্ষা মন্ত্রক মাইক্রোসফটের কাছ থেকে প্রায় ১ কোটি ডলারের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ পরিষেবা নিয়েছে।
এখানে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছিল মাইক্রোসফ্ট—এই বিপর্যয়ের পিছনে কোনও সাইবার হামলা বা হ্যাকারদের আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার কোনও এজেন্টও এর জন্য দায়ী নয়। এটি ছিল নেটওয়ার্ক ও সার্ভারের অভ্যন্তরীণ প্রযুক্তিগত সমস্যা।
ভারত-সহ বিভিন্ন দেশে কী প্রভাব পড়েছিল?
এই বিপর্যয়ের প্রভাব পড়েছিল দৈনন্দিন জীবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজেও। ভারতে বিমান সংস্থাগুলির ইমেল পরিষেবায় সমস্যা দেখা দেয়। ইন্ডিগো ও আকাসা এয়ারের মতো সংস্থা সমস্যার মুখে পড়ে। এয়ার ইন্ডিয়া বিকল্প ব্যবস্থায় ইমেল পরিচালনার চেষ্টা করে। অন্যদিকে, জাপান, ফিলিপিন্স ও অস্ট্রেলিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলিও সমস্যায় পড়ে। উত্তর আমেরিকার ট্রেন পরিষেবা, হাসপাতাল এবং আদালতের কাজেও প্রভাব পড়ে। এমনকি OpenAI ও Anthropic-এর মতো AI সংস্থাও Microsoft 365 Connector ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানায়।
কী ভাবে বিপর্যয় সামাল দিল মাইক্রোসফ্ট?
সমস্যা শুরু হওয়ার পর থেকেই মাইক্রোসফ্টের ইঞ্জিনিয়ারেরা সার্ভার ও নেটওয়ার্কের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করেন। প্রথম ২৪ ঘণ্টাতেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি। নির্দিষ্ট করে বলা যাচ্ছিল না, ঠিক কতক্ষণে সমস্ত পরিষেবা ফিরবে। এর পর কয়েকটি ধাপে পরিস্থিতি সামলানোর চেষ্টা হয়-
• প্রথমে সমস্যায় থাকা সার্ভারগুলির উপর চাপ কমানো হয় এবং বিকল্প নেটওয়ার্কের মাধ্যমে ট্র্যাফিক পরিচালনার ব্যবস্থা করা হয়।
• কিছু সার্ভারকে আগের কার্যকর কনফিগারেশনে ফিরিয়ে আনা হয়।
• প্রয়োজনীয় প্রযুক্তিগত সংশোধন করে অতিরিক্ত সার্ভার ক্ষমতা যুক্ত করা হয়।
• সার্ভারগুলি একসঙ্গে চালু না করে ধাপে ধাপে ফিরিয়ে আনা হয়, যাতে নতুন করে কোনও সমস্যা না তৈরি হয়।
• বিভ্রাটের সময় আটকে থাকা ইমেলগুলি যাতে হারিয়ে না যায়, সে দিকেও নজর দেওয়া হয়। জমে থাকা ইমেল বা ব্যাকলগ সামলাতে অতিরিক্ত সময় দেওয়া হয়।
কবে স্বাভাবিক হল পরিষেবা?
১৩ নভেম্বর, শুক্রবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। প্রথমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিষেবা স্বাভাবিক হয়। তার পর ইউরোপ ও উত্তর আমেরিকাতেও সমস্যা কমতে থাকে।
অবশেষে ১৪ নভেম্বর, শনিবার মাইক্রোসফ্ট জানায়, প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বিশ্বব্যাপী বিভ্রাটের অবসান হয়েছে। আউটলুক, টিম্স, কোপাইলট এবং Microsoft 365-সহ প্রভাবিত পরিষেবাগুলি পুনরুদ্ধার করা হয়েছে।
তবে পরিষেবা চালু হওয়ার পরেও সংস্থাটি সার্ভার ও জমে থাকা ইমেলের উপর নজরদারি চালিয়ে যায়। এই বিপর্যয়ের জন্য গ্রাহকদের কাছে ক্ষমা চায় মাইক্রোসফ্ট। পাশাপাশি, কী কারণে এমন ঘটনা ঘটল এবং ভবিষ্যতে যাতে একই সমস্যা না হয়, তার জন্য কী পদক্ষেপ করা হবে, তা জানিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতিও দেয়।






