আর ফেরার অপেক্ষা নয়? নেপালে নিখোঁজ ভারতীয়দের মৃত ঘোষণার পথে সরকার
Nepal Flash Flood: নেপালের ভয়াবহ হড়পা বানের পর প্রায় তিন মাস কেটে গেলেও নিখোঁজ বহু ভারতীয়ের কোনও সন্ধান মেলেনি। এ বার ২১৩ জন ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের ৩৭ জন। কীভাবে মিলবে মৃত্যুর শংসাপত্র, আর কী করতে হবে পরিবারকে?
-প্রতীকী চিত্র
গত অগাস্টে নেপালের ভয়াবহ হড়পা বানের পর কেটে গিয়েছে প্রায় তিন মাস। কিন্তু এখনও বহু পরিবারের কাছে ফেরেননি তাঁদের প্রিয়জনেরা। কেউ গিয়েছিলেন কৈলাস-মানস সরোবর যাত্রায়, কেউ আবার কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন নেপালে। প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার সেই নিখোঁজ মানুষদের মৃত বলে ঘোষণা করার আইনি প্রক্রিয়া শুরু করল নেপাল সরকার। প্রাথমিক তালিকায় রয়েছেন ২১৩ জন ভারতীয় নাগরিক। এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েক জনের।
২৬ অগাস্টের সেই ভয়াবহ বিপর্যয়
২০২৬ সালের ২৬ অগাস্ট নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে ভয়াবহ হড়পা বান নামে। পাহাড়ি এলাকা থেকে প্রবল বেগে নেমে আসে কাদামাটি মেশানো জল। মুহূর্তের মধ্যে ভেসে যায় একের পর এক গ্রাম, বাড়িঘর, গাড়ি, রাস্তা এবং সেতু। ক্ষতিগ্রস্ত হয় জলবিদ্যুৎ প্রকল্পও। ত্রিশূলী-ভোটেকোশী নদী ব্যবস্থায় এই বিপর্যয়ের অভিঘাত ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়।
নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ (এনডিআরআরএমএ)-এর তথ্য অনুযায়ী, এই বিপর্যয়ে অন্তত ১,৪৫১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের সংখ্যা ৫,৭৪৫। পরবর্তী সময়ে আরও ১১২ জনের দেহ উদ্ধার করে শনাক্ত করা হয়। ফলে নিখোঁজের তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়। বহু মানুষের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁদের পরিবারও জানে না, প্রিয়জনেরা আদৌ বেঁচে আছেন কি না।
কেন মৃত ঘোষণার প্রক্রিয়া?
প্রাকৃতিক বিপর্যয়ের পর কাউকে খুঁজে না পাওয়া এবং সরকারি ভাবে তাঁকে মৃত ঘোষণা করা এক বিষয় নয়। নিখোঁজ ব্যক্তির মৃত্যু নিশ্চিত না হলেও দীর্ঘদিন তাঁর কোনও সন্ধান না পাওয়া গেলে পরিবারের সামনে নানা প্রশাসনিক ও আইনি সমস্যা তৈরি হয়। মৃত্যুর শংসাপত্র না থাকলে সম্পত্তি সংক্রান্ত কাজ, বিমার টাকা, সরকারি সুযোগ-সুবিধা কিংবা অন্যান্য আইনি প্রক্রিয়া সম্পন্ন করাও কঠিন হয়ে পড়ে। সেই সমস্যার সমাধান করতেই নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করে মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে পরিচয় ও নিখোঁজ হওয়ার তথ্য যাচাই করা হচ্ছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Nepal floods: নেপালের ভয়াবহ বন্যাকবলিত এলাকায় তখন এত পর্যটকের ভিড় কেন ছিল? পূর্ণিমাকে ঘিরে কেন বাড়ে পর্যটকদের আনাগোনা?
কীভাবে এগোবে গোটা প্রক্রিয়া?
নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ ২১৩ জন নিখোঁজ ভারতীয়ের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম, পরিচয় এবং অন্যান্য তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। কারও নাম বাদ পড়লে, কোনও তথ্য ভুল থাকলে কিংবা তালিকায় নতুন কারও নাম যুক্ত করার প্রয়োজন হলে পরিবার আপত্তি জানাতে পারবে।
কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই বিষয়ে কোনও আপত্তি, সংশোধন বা সংযোজনের প্রস্তাব থাকলে পরিবারের সদস্যদের ২ ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে। ইমেল করা যাবে [[email protected]](mailto:[email protected]) ঠিকানায়। এ ছাড়া +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
পরিবারের বক্তব্য ও আপত্তি খতিয়ে দেখার পর তালিকা চূড়ান্ত করবে নেপাল সরকার। তার পর আনুষ্ঠানিক ভাবে নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণা করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে ভারতীয় দূতাবাস নেপালের স্থানীয় প্রশাসনের কাছ থেকে তাঁদের মৃত্যুর শংসাপত্র সংগ্রহের উদ্যোগ নেবে। প্রয়োজনে পরিবারের কাছ থেকে আরও কিছু তথ্য ও নথি চাওয়া হতে পারে।
তালিকায় বাংলার কত জন?
এই ঘটনায় পশ্চিমবঙ্গেরও বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালে বেড়াতে গিয়ে বা মানস সরোবর যাত্রার পথে বিপর্যয়ের মুখে পড়ে রাজ্যের ৩৭ জনের আর খোঁজ মেলেনি। তাঁদের মধ্যে কলকাতার বাসিন্দা চার জন।
নিখোঁজদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন বিধায়ক মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। তিনি মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন। নেপালের হড়পা বানের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের কোনও যোগাযোগ নেই। প্রকাশিত তালিকায় তাঁর নাম রয়েছে ১৭৮ নম্বরে।
নেপাল সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুভ্রাংশু জানিয়েছেন, ভারত সরকারের অবস্থান জানার পরেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন। অর্থাৎ, তালিকায় নাম থাকা মানেই এখনই চূড়ান্ত ভাবে মৃত্যুর শংসাপত্র হাতে পাওয়া নয়। এখনও কয়েকটি প্রশাসনিক ধাপ বাকি।
বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও একই উদ্যোগ
শুধু ভারতীয় নয়, নেপালের এই বিপর্যয়ে নিখোঁজ হয়েছেন বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের পরিচয় ও নিখোঁজ হওয়ার তথ্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক প্রতিনিধিদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। এনডিআরআরএমএ-র তথ্য অনুযায়ী, ১২টি দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে ৪৫২ জন বিদেশি নাগরিকের তথ্য যাচাই করা হয়েছে। তাঁদের মধ্যে ২১৩ জন ভারতীয়, ৮৫ জন চিনা, ৬৯ জন আমেরিকান, ৩২ জন ব্রিটিশ এবং ২৭ জন কানাডার নাগরিক।
এত দিন যাঁদের ফিরে আসার আশায় অপেক্ষা করছিলেন পরিবারের সদস্যরা, তাঁদের নামের পাশে এবার সরকারি ভাবে মৃত্যুর ঘোষণা জুড়তে চলেছে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে পরিবারের আপত্তি ও সংশোধনের সুযোগ থাকছে। তাই ২ ডিসেম্বরের সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ।







