পরিচালক-অভিনেত্রীর বাইরে আলোকচিত্রী অপর্ণা, প্রকাশিত প্রথম বই ‘মাই গেজ’
Aparna Sen My Gaze: কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে (KCC) চলমান ‘আমি আর্ট ফেস্টিভ্যাল’-এর অঙ্গ হিসেবে আয়োজিত হলো অপর্ণা সেনের বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ‘মাই গেজ’ (My Gaze)। এই প্রদর্শনীর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো তাঁর প্রথম আলোকচিত্র-গ্রন্থ ‘মাই গেজ’, যা প্রকাশ করেছে ‘ব্ল্যাকলেটার্স’ (Blackletters)।
অটোগ্রাফ দিচ্ছে অপর্ণা সেন
ক্যামেরার সামনে অভিনয় কিংবা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে ছবি পরিচালনা—দুটোতেই তুখোড় তিনি। পত্রিকা সম্পাদনার কাজও তিনি সামলেছেন সমান দক্ষতায়। কিন্তু এই চেনা গণ্ডির বাইরেও তাঁর আরও একটি সত্তা রয়েছে, যা এতদিন সেভাবে প্রকাশ্যে আসেনি। স্থিরচিত্র বা ফটোগ্রাফির প্রতি তাঁর গভীর ভালবাসা। আমরা কথা বলছি অপর্ণা সেন সম্পর্কে।
সময়ের নানা বাঁকে, নিভৃতে লেন্সবন্দি করা অপর্ণা সেনের সেইসব ফ্রেম একসূত্রে বাঁধা পড়ল ‘মাই গেজ’ (My Gaze) শীর্ষক এক প্রদর্শনী এবং কফিটেবিল বইয়ের পাতায়। এটি অপর্ণা সেনের প্রথম বই। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে (KCC) চলমান ‘আমি আর্ট ফেস্টিভ্যাল’-এর অঙ্গ হিসেবে সম্প্রতি এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ ও প্রদর্শনীর উদ্বোধন হলো। প্রকাশনা সংস্থা ‘ব্ল্যাকলেটার্স’-এর উদ্যোগে প্রকাশিত এই বইয়ের পাশাপাশি আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে অপর্ণা সেনের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী।
অপর্ণা সেনের তোলা কিছু ছবি
অপর্ণা সেনের ফটোগ্রাফির এই সফর শুরু হয়েছিল প্রায় পাঁচ দশক আগে, ১৯৭৬ সালে। অপর্ণা সেন জানান, সে-সময় প্রখ্যাত স্টিল ফটোগ্রাফার সুভাষ নন্দীর কাছ থেকে একটি ‘গাফ এল-১৭’ (GAF L-17) ক্যামেরা কিনেছিলেন তিনি। উল্লেখ্য, মৃণাল সেনের ছবির পাশাপাশি অপর্ণা সেনের ‘৩৬ চৌরঙ্গী লেন’ ছবিতেও স্টিল ফটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন সুভাষ নন্দী। ক্যামেরা তো কেনা হলো, কিন্তু সেটি চালানোর কারিগরি খুঁটিনাটি তখন তাঁর অজানা। সেই পাঠ নিতে তিনি দ্বারস্থ হন ঘনিষ্ঠ বন্ধু, চিত্রপরিচালক গৌতম ঘোষের। গৌতম ঘোষই তাঁকে বুঝিয়ে দিয়েছিলেন অ্যাপারচার এবং শাটার স্পিডের অঙ্ক—অর্থাৎ লেন্সের ভিতর দিয়ে ঠিক কতটা আলো প্রবেশ করলে একটি সঠিক ফ্রেম তৈরি হয়।
একবার আলো-ছায়ার সেই ব্যাকরণ রপ্ত করার পর ক্যামেরা হয়ে ওঠে তাঁর নিত্যসঙ্গী। আউটডোর শুটিংয়ে গেলেও কাঁধে ঝুলত ক্যামেরা। কাজের ফাঁকেই পরিচিত থেকে অপরিচিত—সবার ছবি তুলে বেড়াতেন আপন খেয়ালে। শুটিংয়ের মাঝে তাঁর এই ক্রমাগত ছবি তোলার নেশায় সহকর্মীরা মাঝেমধ্যে বিরক্তও হতেন! তবে আক্ষেপের বিষয়, সত্তর ও আশির দশকে তোলা সেই অসংখ্য নেগেটিভ ও প্রিন্টের বড় একটি অংশ আজ আর তাঁর সংগ্রহে নেই। বারবার ঠিকানা বদলের ঝক্কিতে এবং কিছুটা নিজের অসাবধানতায় হারিয়ে গিয়েছে সেইসব পুরনো ফ্রেম। তবু সময়ের সঙ্গে তাল মিলিয়ে অ্যানালগ থেকে ডিজিটাল যুগে নিজেকে অনায়াসেই মানিয়ে নিয়েছেন তিনি। অপর্ণা সেনের কথায়, ক্যামেরার প্রযুক্তি বদলালেও আলো চেনার বা সঠিক মুহূর্তটিকে ধরার ‘দেখার চোখ’ কখনো বদলায় না।
সাদা-কালো ফ্রেমে সাজানো ‘মাই গেজ’ নিছক কোনো ভ্রমণচিত্রের সংকলন নয়। দেশ-বিদেশের নানা শহর, বন্দর বা অচেনা রাস্তায় চলার পথে যে মুখগুলি বা নিস্তব্ধ মুহূর্তগুলি তাঁকে ভাবিয়েছে, সেগুলিই জায়গা করে নিয়েছে এই বইয়ে। পাশাপাশি ধরা পড়েছে তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অন্তরঙ্গ ঝলক, যার মধ্যে রয়েছে তাঁর কন্যার ছবিও। আলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেও যে তিনি ভালোবাসেন, তার প্রমাণ মিলেছে প্রদর্শনীর একটি বিশেষ ছবিতে। তিনি জানান, ভরদুপুরে তোলা একটি হ্রদের ছবিতে ‘ডে-ফর-নাইট’ (day-for-night) কৌশল ব্যবহার করে তিনি রাতের জ্যোৎস্নার মায়াবী আবহ ফুটিয়ে তুলেছিলেন।
১৭০ জিএসএম বিদেশি টেক্সচারড কাগজে ছাপা এই বিশেষ বইটির মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট কবি ও গীতিকার জাভেদ আখতার। বইটির অন্যতম বড় আকর্ষণ হলো, প্রতিটি ছবির নিচে অপর্ণা সেনের নিজের লেখা ছোট ছোট স্মৃতিকথা। কোনো একটি মুহূর্ত কেন তাঁর মনে দাগ কেটেছিল, ছবির পাশের সেই টুকরো লেখাগুলি পাঠককে সেই গল্পের ভিতরে নিয়ে যাবে। ব্ল্যাকলেটার্সের নির্বাহী সম্পাদক অর্ক দেব জানান, এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পারা তাঁদের কাছে অত্যন্ত সম্মানের এবং দায়িত্বের। বইটির নান্দনিক বিন্যাসে বিশেষ ভূমিকা রেখেছে ‘অলক্যাপ কমিউনিকেশন’। এছাড়া এই প্রকাশনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে টেকনো ইন্ডিয়া, অঞ্জলি জুয়েলার্স ও চাউম্যানের মতো সংস্থা। স্পনসর মানসী রায়চৌধুরী, অনন্যা চৌধুরী এবং চাউম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরীকে এই উদ্যোগের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদও জানান অপর্ণা সেন।
বই প্রকাশের এই সন্ধ্যায় কেসিসি-র অ্যাম্ফিথিয়েটারে উপস্থিত ছিলেন বাংলা শিল্প ও সংস্কৃতি জগতের একঝাঁক পরিচিত মুখ। অনুষ্ঠানে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, বরুণ চন্দ, সৃজিত মুখোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, হর্ষ নেওটিয়া, কল্যাণ রায়, সুদেষ্ণা রায়, মুনমুন সেন, রাইমা সেন, চন্দ্রিল ভট্টাচার্য, অনিন্দ্য চ্যাটার্জী এবং চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে।
প্রদর্শনী ঘুরে দেখে ও বইটি হাতে পেয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর সময় থেকেই অপর্ণা সেনের কাজের একজন বড় অনুরাগী দেবজ্যোতি জানান, "তাঁর ছবি তোলার দৃষ্টিভঙ্গিই ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর মতো ছবির ভিজ্যুয়াল তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছিল।" তাঁর মতে, ‘মাই গেজ’ নিছক কিছু ছবির সংকলন নয়, বরং এটি একটি সময়ের ইতিহাস এবং অপর্ণা সেনের দীর্ঘ শিল্পীজীবনের চলমান দলিল। তিনি আরও উল্লেখ করেন, অপর্ণা সেন এখন নিয়মিত সিনেমা তৈরি করছেন না, তাই এই সময়ে দাঁড়িয়ে তাঁর কাজের এমন ভিজ্যুয়াল উপস্থাপনা ও বই প্রকাশ অত্যন্ত জরুরি ছিল। বইটির ছাপা ও মানের ভূয়সী প্রশংসা করে দেবজ্যোতি বলেন, এই প্রদর্শনী তাঁর সারাজীবন মনে থাকবে এবং বইটি সকলের কাছেই এক অমূল্য সংগ্রহ হয়ে থাকবে।
অন্যদিকে, অপর্ণা সেনের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পরিচালক সুদেষ্ণা রায়। আটের দশকের শুরুতে সাংবাদিক হিসেবে অপর্ণা সেনের সাক্ষাৎকার নেওয়া থেকে শুরু করে পরবর্তীতে ‘সানন্দা’ পত্রিকায় তাঁর সহকারী হিসেবে কাজ করার স্মৃতিচারণা করেন তিনি। সুদেষ্ণার মতে, অপর্ণা সেন নিছক ছবি তোলার জন্য শাটার টেপেন না, বরং ফ্রেম ও আলো নিয়ে তাঁর খুঁতখুঁতে স্বভাব এবং নিখুঁত দৃষ্টিভঙ্গিই তাঁর সিনেমার মতো স্থিরচিত্রগুলিকেও অনন্য করে তুলেছে। বইটি তৈরির নেপথ্যের গল্প শুনিয়ে তিনি জানান, শান্তিনিকেতনে বসে সঞ্জিতের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় নিয়ে বিপুল ছবির ভান্ডার থেকে সেরা ছবিগুলি বেছে নিয়েছিলেন অপর্ণা সেন। প্রতিটি ছবির ক্যাপশনও তিনি খুব ভেবে ও অনুভব করে লিখেছেন। দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বইটির পূর্ণাঙ্গ রূপ নেওয়ার সাক্ষী থাকতে পেরে নিজেকে গর্বিত বলেই মনে করেন সুদেষ্ণা রায়।
বইটি হাতে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন অভিনেত্রী দেবলীনা দত্তও। তাঁর মতে, পরিচালক বা অভিনেত্রী অপর্ণা সেনের কাজ তো বরাবরই মুগ্ধ করে, কিন্তু তার বাইরে মানুষ অপর্ণা সেন জীবনকে ঠিক কীভাবে দেখেন, তাঁর সেই নিজস্ব দৃষ্টিভঙ্গিই ফুটে উঠেছে ‘মাই গেজ’-এর পাতায়। স্থিরচিত্রের মাধ্যমে অপর্ণা সেনের এই জীবনবোধ যেকোনো শিল্পমনস্ক মানুষের ভাবনার জগতকে সমৃদ্ধ করবে এবং বইটি তাঁর কাছে এক অমূল্য সংগ্রহ হয়ে থাকবে বলেই মনে করেন দেবলীনা।






