হরিদ্বারে চলল গঙ্গা সাফাই অভিযান, কদিন থাকবে এই স্বচ্ছতা?
Clean ganga: আপার গঙ্গা খাল ২০ দিন বন্ধ থাকায় হর কি পৌড়ি-সহ হরিদ্বারের ঘাটগুলির নদীতল উন্মুক্ত হয়, সেখান থেকে ১৫০ মেট্রিক টন আবর্জনা সরানো গিয়েছে। গঙ্গা সেবা ও ইন্ডিয়ান রিভার কাউন্সিলের ২০০-র বেশি স্বেচ্ছাসেবক এই প্রক্রিয়ায় অংশ নেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই স্বচ্ছ জলও পানযোগ্য নয়, স্নানের জন্যও নিরাপদ নয়। ২০২৭-এর অর্ধকুম্ভের আগে, হরিদ্বারের গঙ্গায় ট্র্যাশ বুম বসানোর পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সাম্প্রতিক ভিডিয়োতে, হরিদ্বারের গঙ্গা যেন চেনাই যাচ্ছে না। স্ফটিকের মতো স্বচ্ছ জলের নীচে স্পষ্ট দেখা যাচ্ছে পাথরের টালি, ছোট ছোট মাছ ছুটোছুটি করছে। পরিচ্ছন্নতাকর্মী, পৌরকর্মী, সরকারি আধিকারিকদের, সাধারণ স্বেচ্ছাসেবকদের কয়েক দিনের নিরলস পরিশ্রমে নদীর ১০ কিলোমিটার অংশ থেকে প্রায় ১৫০ মেট্রিক টন আবর্জনা সরানো হয়েছে। ২০২৭ সালের অর্ধকুম্ভের আগে গঙ্গার এই নাটকীয় পরিবর্তন নেটিজেনদের বিস্মিত করেছে, আবার একইসঙ্গে তাঁদের উদ্বেগও বেড়েছে, এই প্রশ্নে যে এই স্বচ্ছতা কতদিন থাকবে?
এই বিশাল পরিচ্ছন্নতা অভিযান চালানো সম্ভব হয়েছে আপার গঙ্গা খালের জলপ্রবাহকে প্রায়, ২০ দিনের জন্য বন্ধ রাখার মাধ্যমে। জল না থাকায় হর কি পৌড়ি-সহ প্রধান ঘাটগুলির কাছে নদীতল সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে পড়ে, যেখানে সারা বছর ধরে জমে থাকা পলি, প্লাস্টিকের মোড়ক, ফেলে দেওয়া পুরনো পোশাক, পুজোর উপকরণ এবং অন্যান্য আবর্জনা স্পষ্ট দেখা যাচ্ছিল। কর্মীরা দ্রুত সেই আবর্জনা সরিয়ে ফেলেন। তারপর খালে আবার জল ছাড়া হয়।
উত্তরপ্রদেশ সেচ দপ্তরের, গঙ্গা বিভাগের উপ-বিভাগীয় আধিকারিক ভারতভূষণ শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
- আপনার জন্য আরও কিছু লেখা
Ganga River Bank Erosion: দেড় লাখ পরিবারের মধ্যে মাত্র দশ হাজার পরিবারকে পুনর্বাসন দিয়েছে সরকার। সেটাও আবার গনি খান চৌধুরীর সময়ে— ১৯৭৬-৮০ সময়কালে।
'৩৫০ দিনে মানুষ যে আবর্জনা ফেলে, তাকে ২০ দিনে পরিষ্কার করা দপ্তরের জন্য বড় চ্যালেঞ্জ।'
তিনি আরও জানান, এই খালটি উত্তরপ্রদেশের ১৫টি জেলায় সেচের জল এবং জাতীয় রাজধানী অঞ্চলের সাতটি জেলা, যার মধ্যে মিরাট, আগ্রা ও গৌতম বুদ্ধ নগর রয়েছে, সেখানে পানীয় জলের জোগান দেয়। এই জলপথের স্বাস্থ্য বহু মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িত।
এই অভিযানের অন্যতম বড় শক্তি ছিল, জনগণের অংশগ্রহণ। পৌর নিগম, সরকারি দপ্তরগুলির পাশাপাশি দীপক রাজগুরুর নেতৃত্বে ‘গঙ্গা সেবা’ এবং ইন্ডিয়ান রিভার কাউন্সিলের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলির হাজার হাজার সদস্য এই কাজে শামিল হন। ২০০-র বেশি কর্মী খাদখাদি থেকে জ্বালাপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
- আপনার জন্য আরও কিছু লেখা
Mahakumbh Ganga Pollution 2025: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে, যে ভক্তরা জলে ডুব দিতে চলেছে তাদের জলের গুণমান সম্পর্কে জানানো উচিত ছিল। তবে সেই নির্দেশ স্বাভবিকভাবেই মানা হয়নি।
তবে, খালি চোখে জল স্বচ্ছ দেখালেও তা পান করা বা স্নানের জন্য নিরাপদ কি না, সেটা নির্ধারণ করা যায়নি। জলের প্রকৃত গুণমান পরীক্ষার মাধ্যমেই একে নিশ্চিত করতে হবে। এই সতর্কতা বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই, গঙ্গায় নতুন করে ভাসমান আবর্জনার ভিডিয়ো ছড়িয়েছে। যেখানে প্লাস্টিকের ব্যাগ, পুরনো কাপড় গঙ্গার জলে ভাসতে দেখা যাচ্ছে। এসব ফুটেজের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি, তবে এই ধরণের ঘটনা নদী দূষণের পুরনো সমস্যারই পুনরাবৃত্তি।
নেটিজেনদের অনেকেই তীর্থযাত্রীদের স্নানের পর পুরনো কাপড়-জিনিস, জলে ফেলার বদলে ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
হরিদ্বার পৌর নিগম, অমরাপুর ঘাট ও জাতওয়াড়া ঘাটে স্থায়ী ‘ট্র্যাশ বুম ইন্টারসেপ্টর’ বসানোর পরিকল্পনা করেছে। জলের উপর ভাসমান এই যন্ত্রটি, ফুল, কাপড়, প্লাস্টিক-সহ বিভিন্ন কঠিন বর্জ্য ধরে রাখবে। পরে সেগুলোকে নদীর তীরে জমা করে পরিবহণ-বেল্টের মাধ্যমে সরানো হবে। উত্তরাখণ্ডের জলবিদ্যুৎ প্রকল্পে ব্যবহৃত এই প্রযুক্তি, গঙ্গায় প্রথমবার ব্যবহার করা হচ্ছে। ২০২৭ সালের ১৪ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে চলবে অর্ধকুম্ভ, যেখানে লক্ষাধিক ভক্ত, সাধু-সন্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
গঙ্গা নদী পাঁচটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছেন। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। যমুনা, সোন, ঘাঘরা, গণ্ডক, কোশী, রামগঙ্গা, গোমতী ও দামোদরের মতো উপনদীগুলি মিলিয়ে এই অববাহিকার ১১টি রাজ্য জুড়ে বিস্তৃত। তাই হরিদ্বারের ১০ কিলোমিটার পরিষ্কার করা মানে গোটা গঙ্গা নদী পরিষ্কার করা নয়। বার্ষিক এই অভিযান জমে থাকা আবর্জনা সরাতে পারে, কিন্তু নদীকে সত্যিই পরিষ্কার রাখতে চাইলে দরকার নিরন্তর জনসহযোগিতা, সরকারের দায়িত্বশীল আচরণ। স্বচ্ছ গঙ্গার এই ছবি যেন ক্ষণস্থায়ী না হয়, সেটাই এখন সবচেয়ে বড় নাগরিক উদ্বেগের বিষয়।





