৪৩ হাজার কোটি টাকা খরচের পরেও পরিষ্কার হলো না? কতটা দূষিত গঙ্গা ?
Ganga Pollution: গঙ্গা পরিষ্কারের জন্য ৪৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তৈরি হয়েছে একাধিক শোধনাগার, নেওয়া হয়েছে নানা প্রকল্প। কিন্তু স্যাটেলাইটের ছবি ও জলের নমুনা পরীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। গঙ্গার মাত্র ১০ শতাংশ অংশে স্থায়ী উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। তাহলে এত টাকা খরচের পরেও কেন দূষণ কমল না?
২০১৪ সালে ক্ষমতায় আসার আগে গঙ্গা পরিষ্কার করার প্রতিশ্রুতিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরু হয়েছিল ‘নমামি গঙ্গে’ প্রকল্প। এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। গঙ্গা পরিষ্কারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৪৩ হাজার ৬০ কোটি টাকা। তৈরি হয়েছে একাধিক পরিকাঠামো, বসানো হয়েছে বর্জ্য শোধনাগার। কিন্তু এত কিছুর পরেও গঙ্গার জল কতটা পরিষ্কার হয়েছে? সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। স্যাটেলাইটের ছবি এবং গবেষণাগারে পরীক্ষা করা জলের নমুনা বলছে, গঙ্গার দূষণ এখনও ভয়াবহ। নদীর মাত্র ১০ শতাংশ অংশে দীর্ঘস্থায়ী উন্নতির লক্ষণ দেখা গিয়েছে।
স্যাটেলাইটের চোখে গঙ্গার দূষণের ছবি
৬ নভেম্বর প্রকাশিত ব্লুমবার্গের একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে গত এক দশকের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে গঙ্গার দূষণের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রায় ২,০০০ কিলোমিটার নদীপথের তথ্য বিশ্লেষণে ব্যবহার করা হয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থার কোপারনিকাস সেন্টিনেল-২ এবং নাসার ল্যান্ডস্যাট স্যাটেলাইটের ছবি।
জলের ঘোলাভাব, শ্যাওলার বৃদ্ধি এবং জলের উপরিভাগের তাপমাত্রার মতো বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, গঙ্গার মাত্র ১০ শতাংশ অংশে জলের স্বচ্ছতার স্থায়ী উন্নতি হয়েছে। প্রায় ২০ শতাংশ অংশে শুষ্ক মরসুমে জল কিছুটা পরিষ্কার দেখালেও বর্ষার পরে আবার পরিস্থিতির অবনতি হচ্ছে। অন্যদিকে, প্রায় এক-চতুর্থাংশ নদীপথে শুষ্ক মরসুমেও জলের ঘোলাভাব বাড়ছে। বর্ষার পরের সময়ে প্রায় ৮০ শতাংশ নদীপথের জল আরও ঘোলা হয়ে উঠছে।
স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, যে অংশগুলিতে জলের স্বচ্ছতা বেড়েছে, তার প্রায় অর্ধেক জায়গাতেই শুষ্ক মরসুমে শ্যাওলার পরিমাণ বেড়েছে। নিকাশি ও রাসায়নিক সারের দূষণ থেকে এই শ্যাওলা তৈরি হতে পারে। অতিরিক্ত শ্যাওলা জলের অক্সিজেন কমিয়ে দেয়। ফলে মাছ-সহ অন্যান্য জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।
জলের নমুনা পরীক্ষায় কী পাওয়া গেল?
- আপনার জন্য আরও কিছু লেখা
Pollution In Gangotri: গঙ্গার উৎসমুখ, যা এতদিন পৃথিবীর পবিত্রতম স্থান হিসেবে ধার্য করা হত, সেই জায়গাও মানববর্জ্যে কলুষিত হয়েছে। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের তরফে রাজ্যকে এ সংক্রান্ত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
স্যাটেলাইটের ছবি থেকে জলের ঘোলাভাব বা শ্যাওলার উপস্থিতি বোঝা গেলেও তাতে ভারী ধাতু, রাসায়নিক পদার্থ কিংবা রোগজীবাণুর উপস্থিতি সরাসরি শনাক্ত করা যায় না। সেই কারণেই কানপুর ও বারাণসীর আশপাশের ১২টি জায়গা থেকে নদীর জল, সেচের খাল এবং ভূগর্ভস্থ জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করান ব্লুমবার্গের তরফে আইআইটি খড়্গপুরের গবেষকেরা।
কানপুরে গঙ্গার জলের প্রতিটি নমুনাতেই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি-র মাত্রা স্নানের উপযোগী জলের সরকারি নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া গিয়েছে। গড়ে এই মাত্রা অনুমোদিত সীমার প্রায় দেড়গুণ। পানীয় জলের উৎস হিসেবে ব্যবহারের জন্য যে আরও কঠোর মানদণ্ড রয়েছে, তার তুলনায় বিওডি-র মাত্রা দ্বিগুণেরও বেশি।
বিওডি হলো, জলে থাকা জৈব বর্জ্য ভাঙতে অণুজীবের যতটা অক্সিজেন প্রয়োজন, তার পরিমাপ। এই মাত্রা বেশি হলে বোঝা যায়, জলে জৈব দূষণ রয়েছে। এর ফলে জলের দ্রবীভূত অক্সিজেন কমে গিয়ে জলজ প্রাণীদের জীবন বিপন্ন হতে পারে।
আরও উদ্বেগের বিষয়, নমুনাগুলি সংগ্রহ করা হয়েছিল বর্ষার সময়ে। গবেষকদের মতে, এই সময়ে নদীতে জলের প্রবাহ বেড়ে যাওয়ায় দূষকের ঘনত্ব পাঁচ থেকে ২০ গুণ পর্যন্ত কমে যেতে পারে। অর্থাৎ শুষ্ক মরসুমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
দূষণের প্রভাব শুধু নদীর জলেই আটকে নেই। কানপুরের একটি সেচের খালে, যেখানে চামড়ার কারখানার শোধিত বর্জ্যজলের সঙ্গে গৃহস্থালির বর্জ্য মেশে, সেখানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা সিওডি-র মাত্রা প্রতি লিটারে ১৪৮ মিলিগ্রাম পাওয়া গিয়েছে। গবেষণাগারের মতে, এটি গুরুতর জৈব দূষণের লক্ষণ। অন্যদিকে, কানপুরের জানা গ্রামের একটি নলকূপের জলে ফ্লোরাইডের মাত্রা অনুমোদিত সীমার চার গুণেরও বেশি এবং নাইট্রেটের মাত্রা দ্বিগুণের বেশি পাওয়া গিয়েছে। অর্থাৎ নদীর পাশাপাশি ভূগর্ভস্থ জলও দূষণের প্রভাব থেকে মুক্ত নয়।
দূষণের প্রধান উৎস কী?
গঙ্গার দূষণের অন্যতম বড় কারণ অপরিশোধিত নিকাশি জল। সরকারি তথ্য অনুযায়ী, গঙ্গা অববাহিকায় প্রতিদিন প্রায় ১২ বিলিয়ন লিটার নিকাশি জল তৈরি হয়। অথচ সম্পূর্ণ হওয়া শোধন প্রকল্পগুলি তার মাত্র এক-তৃতীয়াংশ পরিশোধন করতে সক্ষম। মূল গঙ্গার তীরবর্তী শহরগুলি থেকেই প্রতিদিন প্রায় ৩ বিলিয়ন লিটার নিকাশি জল বেরোয়। অথচ সেগুলি পরিশোধনের ক্ষমতা রয়েছে মাত্র ১ বিলিয়ন লিটারের।
শিল্পবর্জ্যও দূষণের অন্যতম কারণ। মোট দূষণের পরিমাণের প্রায় ২০ শতাংশ আসে শিল্পক্ষেত্র থেকে। বিশেষ করে কানপুর এবং রামগঙ্গা ও কালীর মতো উপনদী সংলগ্ন এলাকায় চামড়ার কারখানা, কাগজকল, চিনিকল ও ডিস্টিলারিগুলির বর্জ্য নদীর জলের গুণমান নষ্ট করছে। শিল্পবর্জ্যে থাকা বিষাক্ত রাসায়নিক সহজে ভেঙে যায় না। ফলে দীর্ঘদিন ধরে নদীর পরিবেশের ক্ষতি করে।
৪৩ হাজার কোটি টাকা খরচ, তবুও কেন সাফল্য নেই?
২০১৪ সাল থেকে গঙ্গা পরিষ্কারের জন্য ‘নমামি গঙ্গে’ প্রকল্পে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত প্রায় ৪৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এই অর্থের অর্ধেকের কিছু বেশি খরচ হয়েছে। প্রশাসনিক জটিলতা, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাব এবং স্থানীয় প্রশাসনের ধীরগতির কারণে বহু প্রকল্পের কাজ সময়মতো শেষ হয়নি।
২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পে ৩৮,৪৩৮ কোটি টাকার ৪৫৭টি প্রকল্প নেওয়া হয়েছিল। তার মধ্যে মাত্র ২৮০টি প্রকল্প সম্পূর্ণ হয়ে চালু হয়েছিল। অর্থাৎ শুধু নতুন শোধনাগার তৈরি করলেই সমস্যার সমাধান হচ্ছে না। সেগুলি নিয়মিত চালু রাখা, বর্জ্য ঠিকমতো শোধন করা এবং নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও জরুরি।
বিশেষজ্ঞদের মতে, গঙ্গা পরিষ্কারের ক্ষেত্রে মূল সমস্যা শুধু অর্থের অভাব নয়, বরং প্রশাসনিক ব্যবস্থাপনা ও নজরদারির দুর্বলতা। কেন্দ্র, রাজ্য এবং পুরসভাগুলির মধ্যে সমন্বয় না থাকলে নদীর দূষণ নিয়ন্ত্রণ করা কঠিন।





