প্রিয়, সমাধান নয়, আমি তোমার জীবনের প্রশ্ন হয়েই থাকতে চাই
Valentine's Day 2026: আমি মিথ্যের আশ্রয় নিতে পারি না, এমনকি নিজের খামতিগুলোও তোমার কাছে ঢাকতে জানি না। যা পারি তা হলো তোমার সমস্ত অন্ধকার, অপছন্দ আর যন্ত্রণার দিনগুলোকে নিজের করে নিতে।
প্রিয়,
তোমাকে ভালোবাসার পর আমার ভিতরের পুরনো আমি-টা কোথাও হারিয়ে গেছে। যে নিজেকে নিয়ে আমি এতদিন নিশ্চিন্তে থাকতাম, সেই মানুষটা আজ আর নেই। আমি জানি, সবাই এমন গভীর প্রেম সইতে পারে না, আর আমি এমন প্রেম সবার জন্য আনিনি।
সবকিছু যখন ঠিক থাকে তখন সবাই পাশে থাকে, কিন্তু সব ভেঙে পড়লে—বোধহয় আমিই রয়ে যাই। আমি কোনো নিয়মে বাঁধা মানুষ ছিলাম না। যতটুকু নিজেকে চিনেছি, আমার ভালোবাসা কোনো শান্ত নদীর মতো নয়; বরং একটা ঝড় না পেলে তার অস্তিত্বই পূর্ণ হয় না।
আমি মিথ্যের আশ্রয় নিতে পারি না, এমনকি নিজের খামতিগুলোও তোমার কাছে ঢাকতে জানি না। যা পারি তা হলো তোমার সমস্ত অন্ধকার, অপছন্দ আর যন্ত্রণার দিনগুলোকে নিজের করে নিতে। তুমি আমায় নাম ধরে ডেকো। কোনো একদিন তুমি চুপ করে থাকলে আমি বুঝে নেব—সেটা নীরবতা, অবহেলা নয়।
- আপনার জন্য আরও কিছু লেখা
Valentine's day 2026: এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হয়। তুমি আমার সেই পরশপাথর, যার ছোঁয়ায় এই সাধারণ রাখাল আজ রাজপুত্রের মতো দামী হয়ে উঠেছে।
আমাদের দেখে লোকজন হয়তো বলবে না, “আহা, বেশ মানিয়েছে তো!” বরং তারা বলবে, “নাঃ! এ সম্পর্ক টিকবে না।” তুমি দেখবে, সেই কঠিন সময়েও তোমার হাত দুটো আমার হাতেই আছে।
ভালোবাসা আমার কাছে আগুনের মতো। সব আগুন তো পুড়িয়ে দেয় না, কিছু আগুন আলোও দেয়। তুমি জানো, আমি কোনটা। আমি চাই না তুমি আমায় সরিয়ে দাও; বরং চাই তুমিও আমার সঙ্গে ওই আগুনের উপর হাত রাখো। আমি তোমার জীবনের সব সমস্যার ‘সমাধান’ হতে আসিনি; বরং আমি তোমার চিরকালের এক অমীমাংসিত ‘প্রশ্ন’ হয়ে থাকতে চাই।
যদি সবটা ঠিক থাকে, তবে সেটা আমাদের কৃতিত্ব নয়। কিন্তু সব ভেঙে পড়লেও আমরা দুজনে সেই ধ্বংসস্তূপের উপরেই একসঙ্গে দাঁড়িয়ে থাকব।
এই চিঠি ভবিষ্যতে কোনো সুখে থাকার প্রস্তাব কি না জানি না; একে আমার থাকা আর না-থাকার মাঝখানের এক সীমানা বলতে পারো। যার এপারেও তুমি, ওপারেও।
আমায় দেখলে তুমি কেবল আমার বর্তমানটুকুই দেখতে পাবে—আমি কোনো রঙিন আগামীর প্রতিশ্রুতি সাজিয়ে রাখিনি। প্রচণ্ড রাগ, ক্লান্তি আর বিপদের দিনগুলোতে তুমি আমায় পাশে পাবে; যেদিন ভালোবাসা ছাড়া ভুল করার আর কোনো অজুহাত এই পৃথিবীতে থাকবে না।
এখন বলো—তুমি কি সত্যিই আমাকে চাও? নাকি সেই নিরাপদ মিথ্যেটাকে, যেটাকে সবাই ‘ভালোবাসা’ বলে বিশ্বাস করে?
ইতি,
তোমারই (তুমি জানো)







