সাময় রায়নার 'Still Alive' ভিডিওতে কেন উত্তাল নেট দুনিয়া?
Samay Raina: অনেকেই ভেবেছিলেন কোনো আইনি জটিলতা বা বড় কোনো বিবাদের কারণে সাময় বিরতি নিয়েছেন। কিন্তু আসল কারণ ছিল তাঁর নতুন কিছু করার জেদ।
ডিজিটাল যুগে সেলিব্রিটিদের উত্থান-পতন আমরা প্রতিদিন দেখি। দীর্ঘ ১৪ মাসের এক নিস্তব্ধতা ভেঙে ফিরলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান সাময় রায়না। আর ফিরলেন এমন এক ফিল্টারহীন স্টাইলে, যা দেখে নেটপাড়ার একটাই কথা—কামব্যাক তো একেই বলে!
সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাব, ১০ জনের মধ্যে অন্তত ২ জন সাময় রায়নার ভিডিওর লিঙ্ক শেয়ার করেছেন। সাময়ের সেই ১ ঘণ্টা ২১ মিনিটের ফিল্টারহীন স্ট্যান্ড-আপ স্পেশাল 'Still Alive' এখন ইউটিউবে ঝোড়ো হাওয়ার মতো বইছে। ৭২ ঘণ্টা আগে মুক্তি পাওয়া এই ভিডিও ইতিমধ্যেই ৩৫ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে।
আর এই উন্মাদনার কারণ?
কারণ এই ভিডিওতে কেবল ঠাট্টা, মজা, পরিহাস বা কৌতুক নেই, আছে এক কৌতুকশিল্পীর ভেঙে পড়া এবং ঘুরে দাঁড়ানোর গল্প।
- আপনার জন্য আরও কিছু লেখা
Utsav Mukhopadhyay missing: এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র ট্রোলিং এবং কিছু সংবাদমাধ্যমের ‘ভিত্তিহীন’ দাবি। এই পরিস্থিতিতে নিজের নীরবতা ভেঙে ইনস্ক্রিপ্টের সামনে ক্ষোভ উগরে দিলেন উৎসবের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়।
অনেকেই ভেবেছিলেন কোনো আইনি জটিলতা বা বড় কোনো বিবাদের কারণে সাময় বিরতি নিয়েছেন। কিন্তু আসল কারণ ছিল তাঁর নতুন কিছু করার জেদ। সাময় নিজেই জানিয়েছেন, তিনি গতানুগতিক কন্টেন্ট থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। মজা এবং রোস্টিংয়ের বাইরে গিয়ে এমন কিছু করতে চেয়েছিলেন যা আগে কেউ দেখেনি। এই ১৪ মাস তিনি পর্দার আড়ালে থেকে 'India's Got Latent' শো-টির পরিকল্পনা এবং প্রোডাকশন নিয়ে কাজ করেছেন।
২০২৫-এর ফেব্রুয়ারি। সাময়ের জনপ্রিয় শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' তখন তুঙ্গে। দর্শক সংখ্যা প্রায় ৪ কোটিরও বেশি। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্ত সব ওলটপালট করে দেয়। একটি এপিসোডের অতিথি রণবীর আল্লাহবাদিয়া একজন মহিলা প্রতিযোগীকে করে বসেন একটি কুৎসিত, নোংরা প্রশ্ন এবং আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
মঞ্চে দাঁড়িয়ে সাময় স্বীকার করেছেন 'বিয়ার বাইসেপস' সেদিন একবার, দুবার নয় টানা আটবার করেছিলেন সেই প্রশ্ন। সাতবার এডিট করে একবার সেই প্রশ্ন রাখা হয় ভিডিওতে। এবং সেই ক্লিপই আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই সময়। ভারতের বিভিন্ন প্রান্তে দায়ের হতে থাকে একের পর এক অভিযোগ। সাময়ের দল প্রাণনাশের হুমকি পেতে থাকে। তাঁর এডিটরকে গ্রেফতার করা হয়। সাময় তখন সুদূর আমেরিকায়, অসহায়ভাবে দেখছিলেন তাঁর হাতে গড়া সাম্রাজ্য কীভাবে ভেঙে পড়ছে। আইনি চাপে তিনি প্রতিটি এপিসোড ডিলিট করতে বাধ্য হন।
"আমি ভিতর থেকে ভেঙে পড়েছিলাম"— ভেজা চোখে যখন সাময় এই কথাগুলো বলছিলেন, তখন দর্শকদের গলার কাছেও দলা পাকিয়ে আসছিল কষ্ট। বিশেষ করে বলরাজের বৃদ্ধ বাবা-মায়ের পুলিশের কাছে করা সেই আকুতি সাময়কে অপরাধবোধে বিদ্ধ করেছিল প্রতিটি মুহূর্ত। সেই দুঃসহ দিনগুলোর কথা সাময় আগে কখনও এভাবে বলেননি।
সাময় মঞ্চে দাঁড়িয়ে সকলের সামনে নিজের ভুল স্বীকার করেছেন, নিজের মানসিক বিপর্যয়ের কথা জানিয়েছেন। কিন্তু শুধুমাত্র নিজের ভুল স্বীকার করেই থেমে যাননি সাময়। ভিডিওর শেষে তিনি ঘোষণা করেছেন ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সিজন ২’-এর। এবার আরও বড় পরিসরে, আরও সাহসের সঙ্গে এবং সম্পূর্ণ নিজের শর্তে।
আশীষ চঞ্চলানির মতো দিকপাল নির্মাতারাও কমেন্ট সেকশনে এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। ভক্তদের মতে, এটিই এযাবৎকালের সবথেকে সৎ এবং শক্তিশালী প্রত্যাবর্তন।
সাময় নিজেকে সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারলেন কি না? সেটাই এখন দেখার।







