ছিন্নভিন্ন ব্যক্তিগত জীবন, সুখী মেসির সঙ্গে লড়াইয়ে পারবেন এমবাপে?
Fifa World Cup 2022 : শান্ত, স্থিতধী মেসি, নাকি চনমনে এমবাপে – ব্যক্তিগত জীবনের ছাপটিও যেন পড়েছে খেলায়।

রবিবারের মহারণে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন দু’জনেই। রেফারির বাঁশি বেজে গেল। দু’জনকে নিয়েই প্রত্যাশা তুঙ্গে। একজনের সম্ভবত শেষ বিশ্বকাপ, আরেকজনের আরও বেড়ে ওঠার সময়। জাতীয় সঙ্গীতের সময় দু’জনই ছিলেন উদ্দীপ্ত। একজন লিওনেল মেসি, আরেকজন কিলিয়ান এমবাপে। ক্লাব ফুটবলের সতীর্থ এখন বিশ্বকাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বী। কে জিতবে, সেটা বলবে সময়। শান্ত, স্থিতধী মেসি, নাকি চনমনে এমবাপে – ব্যক্তিগত জীবনের ছাপটিও যেন পড়েছে খেলায়।
মেসিদের মতো তারকা ফুটবলারদের খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনও সবসময় চর্চায় থাকে। তাঁদের প্রেম, সংসার সবই ভাইরাল কনটেন্ট। কিন্তু এই ক্ষেত্রে মুখরোচক বিনোদনের মালমশলা এখনও অবধি দিতে পারেননি লিওনেল আন্দ্রেস মেসি। মাঠে থাকাকালীন বেশিরভাগ ক্ষেত্রে তাঁর স্বভাব ভদ্র, শান্ত। তাঁর মুখের মধ্যেও সেই সৌম্য বিষয়টি ফুটে ওঠে। ব্যক্তিগত জীবনেও ঠিক যেন পাশের বাড়ির ছেলেটি। ছোটবেলাতেই পরিচয় আন্তোনেলা রোকুজোর সঙ্গে। ৫-৬ বছর বয়স থেকেই দু’জনের ভারী বন্ধুত্ব।
সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের শুরু। দীর্ঘদিনের প্রেম প্রথম প্রথম লুকিয়ে রেখেছিলেন। পরে গোটা বিশ্বের সামনে আসেন মেসি আর আন্তোনেলা। ২০১৭ সালে বিয়েও করেন ছোট্টবেলার সেই বান্ধবীকেই। এখনও একইভাবে অটুট আছে প্রেম। বার্সেলোনা, প্যারিস সঁ জাঁ, আর্জেন্টিনা - প্রতিবারই মেসিকে সমর্থন জানাতে স্টেডিয়ামে উপস্থিত থেকেছেন তিনি। সেইসঙ্গে আছে তাঁদের তিন সন্তান – থিয়াগো, মাতেও এবং সিরো। বাড়িতে থাকলে এই তিন বিচ্ছুর সঙ্গে বেশি সময় কাটান মেসি। সব মিলিয়ে ঠিক যেন আমার আপনার মধ্যবিত্ত পরিবারের সুখী ছবি।
অন্যদিকে এমবাপে। ২৩ বছর বয়সী, দুরন্ত এক প্রতিভা। গোলের সামনে তাঁর দক্ষতা, গোল করানোর দক্ষতা তো আছেই। তবে তাঁর সতীর্থদের বক্তব্য একটাই – বড্ড অহংকার এই ছেলেটির। নিঃসন্দেহে রোনাল্ডো-মেসি পরবর্তী যুগ এমবাপের দিকেই তাকিয়ে থাকবে। কিন্তু তাঁর ঔদ্ধত্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। নেইমার থেকে ফ্রান্সের সতীর্থ অলিভার জিরৌ – সবার একই কথা।
সেই সঙ্গে আছে ব্যক্তিগত জীবন। এমবাপের সম্পর্ক, তাঁর রসায়ন নিয়ে ইতিমধ্যেই সরগরম সংবাদমাধ্যম। এর আগে ইনিস রাউয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। রূপান্তরকামী এই মডেলের সঙ্গে আগেও দেখা গিয়েছে এমবাপেকে। সামনে এসেছে তাঁদের ঘনিষ্ঠ ছবি। কিন্তু সেই সম্পর্ক নাকি এখন ভেঙে গিয়েছে। এমন কানাঘুষোর মধ্যে ফের আরও একজন ঢুকে পড়েছেন এমবাপের জীবনে। তিনি রোজ বেলট্রাম। ২৭ বছর বয়সী এই বেলজিয়ান মডেল এখন ফ্রান্সেরই বাসিন্দা। সেইসঙ্গে নেদারল্যান্ডের ফুটবলার ভ্যান ডার উইলের সঙ্গিনী। তিনিই কি এখন এমবাপের প্রেমে? এলোমেলো হয়ে যাচ্ছে ফরাসি ওয়ান্ডার কিডের ব্যক্তিগত জীবন? গুঞ্জন চলছে সমানে…
আপাতত সেসব সরিয়ে রেখেই মাঠে নেমেছেন মেসি আর এমবাপে। চূড়ান্ত খেলার প্রস্তুতি। ঘড়ি চলছে, এখন দেখার ফলাফল কী হবে…







