বিরাটের ব্যাঙ্গালুরুকে পথে বসিয়ে দিলেন, কেকেআরের এই 'মিস্ট্রি স্পিনার'-এর পরিচয় জানেন?
KKR Mystery Spinner RCB : ১৯ বছরের এই যুবকই কামাল করে দিয়ে বেরিয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স ফের একবার মিস্ট্রি স্পিনার নিয়ে হাজির হল

প্রথমবার আইপিএলের ময়দানে নেমেছেন এক যুবক। মুখ থেকে এখনও শিশুভাব যায়নি, মাত্র ১৯ বছর বয়স। আইপিএলে অভিষেক, কাজেই উত্তেজনা তুঙ্গে। আর উল্টোদিকে কারা? বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একের পর এক নামজাদা খেলোয়াড় রয়েছেন বিপক্ষে। তার ওপর বিরাট কোহলি নিজের ফর্ম ফিরে পাচ্ছেন, সেই ধার, সেই ঝলক দেখা যাচ্ছে তাঁর ব্যাটে। তাঁদেরই উল্টোদিকে ১৯ বছরের এই যুবকই কামাল করে দিয়ে বেরিয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স ফের একবার মিস্ট্রি স্পিনার নিয়ে হাজির হল আইপিএলের মঞ্চে। আর এবার তাদের উপহার তরুণ তুর্কি সুয়াশ শর্মা।
কাঁধের ওপর ছড়িয়ে আছে লম্বা চুল। কপালের ওপর কালো ব্যান্ড দিয়ে বাঁধা। দেখে যেন মনে হচ্ছে, অলিম্পিকের মঞ্চ থেকে সোনাজয়ী নীরজ চোপড়া সোজা আইপিএলের বাইশ গজে চলে এসেছেন। কিন্তু বল হাতে নেওয়ার পরই চমকের শুরুয়াৎ। চার ওভারে ৩০ রান দিয়ে তিন তিনটে উইকেট, তাও প্রথম আইপিএল ম্যাচে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে! কেকেআর বনাম আরসিবি ম্যাচের পর তরুণ সুয়াশের কথাই বারবার উঠে আসছে সতীর্থদের মুখে।
দিল্লির বাসিন্দা সুয়াশের ছোট থেকেই ক্রিকেটের শখ। সেখান থেকেই যাত্রা শুরু। এই মুহূর্তে দিল্লির অনূর্ধ্ব-২৫ দলের হয়ে খেলছেন তিনি। অদ্ভুত ব্যাপার হল, আইপিএলের ম্যাচের আগে তিনি প্রথম সারির কোনও ম্যাচ খেলেননি। সেভাবে বড় দলের সঙ্গে খেলার অভিজ্ঞতাও নেই। তবুও কেকেআর তাঁর ওপর ভরসা রেখেছিল। ২০২২ সালের ডিসেম্বর মাসে আইপিএলের মিনি অকশনের আয়োজন করা হয়েছিল। সেখানেই ২০ লক্ষ টাকার বিনিময়ে সুয়াশ শর্মাকে দলে নিয়ে নেয় কেকেআর। আদৌ বড় ম্যাচে খেলার সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সন্দিহান ছিলেন সুয়াশ নিজেও। তবুও ভরসা রেখে গিয়েছেন নিজের ওপর। প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। এই মন্ত্রেই নিজেকে তৈরি করছিলেন তিনি।
আরসিবির বিরুদ্ধে ম্যাচেও তিনি প্রথম দলে ছিলেন না। রিজার্ভ বেঞ্চেই ছিলেন। কিন্তু এবারের আইপিএলে প্রথমবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম চালু হয়। অর্থাৎ, প্রথম দলের কেউ চোট পেয়ে বাইরে গেলে তাঁর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেউ একজন খেলতে পারবে। ভেঙ্কটেশ আইয়ার বাইরে যাওয়ার পরই মাঠে নামেন সুয়াশ। বাকিটা? সেটা মাঠের ফলাফলই বলে দিয়েছে।
এমনিতেও আইপিএলের মঞ্চে বারবার চমক দেয় কেকেআর। আরসিবির বিরুদ্ধে ম্যাচটিও সেই চমকের থেকে কম ছিল না। প্রথমে ব্যাটিং নিয়ে একটা সময় পাঁচ উইকেটের বিনিময়ে ৮৯ রান করে কলকাতা। এরপর গুরবাজ, শার্দূল ঠাকুর আর রিঙ্কু সিংয়ের দৌলতে স্কোর চলে যায় ২০৪-এ। জবাবে আরসিবির বিখ্যাত ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে যায় মাত্র ১২৩ রানে! সুয়াশ শর্মার পাশাপাশি বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনও অসাধারণ খেলেন। উল্লেখ্য, এই দুজনও কেকেআরের ‘মিস্ট্রি স্পিনার’ হিসেবেই আবির্ভূত হয়েছিলেন। সেই তালিকায় এবার সুয়াশের নামও যোগ হল। তাহলে কি খেলার সুযোগ বাড়বে আরও? আপাতত সেটা ভবিষ্যতের খাতায়।






