জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠকের পর কেন সমালোচনার মুখে ট্রাম্প?
China US Russia relations: চিনের শেনঝেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর কেন তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
২০২৬ সালের ১৯ নভেম্বর চিনের শেনজেনের কাইলিন ভিলায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণ করেন।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক ‘চমৎকার’। এই সম্পর্কের কারণেই আমেরিকা নিরাপদ রয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিন সফর থেকে ফিরে দেশের ভিতরে রাজনৈতিক সমালোচনার মুখে পড়ে নিজের কূটনৈতিক সাফল্য তুলে ধরতে শুক্রবার, ২০ নভেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর দাবি, শি জিনপিং এবং পুতিনের সঙ্গে বৈঠক সাম্প্রতিক বছরের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন।
তবে ট্রাম্পের এই দাবি ঘিরে প্রশ্ন উঠেছে। কারণ, চিনের শেনঝেনে তিন দেশের নেতাদের বৈঠক থেকে ইউক্রেন যুদ্ধ বা ইরান সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো বড় সমাধান সামনে আসেনি। আমেরিকার সংবাদমাধ্যম এবং বিরোধী ডেমোক্র্যাট নেতারা এই বৈঠককে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া ট্রাম্পের একটি প্রচারমূলক অনুষ্ঠান বলেই কটাক্ষ করেছেন।
মিডটার্ম নির্বাচনে পরাজয়ের পর এশিয়া সফরে গিয়েছিলেন ট্রাম্প। সেই সফরে চিন, রাশিয়া এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে বৈঠককে তিনি আন্তর্জাতিক কূটনীতির বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন,
“পুতিনের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে। শি জিনপিংয়ের সঙ্গেও আমার চমৎকার সম্পর্ক রয়েছে। এটা ভাল বিষয়। আর এই সম্পর্কের কারণেই আমাদের দেশ নিরাপদ।”
শেনঝেনে পুতিনের সঙ্গে দেখা হওয়ার সময় তাঁকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছর পরও যখন মস্কোর সামরিক অভিযান অব্যাহত, তখন পুতিনকে বন্ধুর মতো স্বাগত জানানোর বিষয়টি নিয়ে আমেরিকায় সমালোচনা শুরু হয়। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে ট্রাম্প বলেন, পুতিন কূটনৈতিক পথে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান বলে তিনি মনে করেন।
- আপনার জন্য আরও কিছু লেখা
Arunachal Pradesh: ওপেনস্ট্রিটম্যাপে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী তিনটি এলাকার মানচিত্র বদলের অভিযোগ উঠল চিনা ব্যবহারকারীদের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে, এটি চিনের 'কার্টোগ্রাফিক অ্যাগ্রেশন' বা মানচিত্র আগ্রাসনের নতুন কৌশল।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি যুদ্ধের অবসান নিয়ে কথা বলেছেন। তাঁর দাবি, রুশ প্রেসিডেন্ট স্পষ্টভাবেই যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে যুদ্ধ কীভাবে শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সীমা জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের দাবি, তিন দেশের নেতাদের বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি নিজেই স্বীকার করেছেন, গোটা বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা অত্যন্ত কঠিন। এমনকি এই লক্ষ্য আদৌ কখনও পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, পারমাণবিক নিরস্ত্রীকরণ ছিল চিনের বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয়।
শেনঝেনে চিন, রাশিয়া এবং আমেরিকার রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পর একটি সংক্ষিপ্ত ‘শান্তির ঘোষণা’ প্রকাশ করা হয়। সেখানে পারমাণবিক ঝুঁকি কমানো, রাষ্ট্রসংঘের সংস্কার এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ বা ইরান সংঘাতের কোনো উল্লেখ ছিল না ওই ঘোষণায়। ফলে বৈঠক থেকে বাস্তব ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের বৈঠককে কটাক্ষ করেছেন আমেরিকার ডেমোক্র্যাট নেতারা। হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের ডেমোক্র্যাটিক হুইপ ক্যাথরিন ক্লার্ক বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্প আমেরিকার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন। তাঁর অভিযোগ, ইরান যুদ্ধ শেষ করার কোনো উদ্যোগ নেই, ইউক্রেনকে সাহায্য করার কোনো সিদ্ধান্ত নেই, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়েও কোনো স্পষ্ট অগ্রগতি হয়নি। বরং ট্রাম্প স্বৈরশাসকদের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশি ব্যস্ত।
আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-ও এই বৈঠককে ট্রাম্পের জন্য একটি প্রচারমূলক ছবি তোলার অনুষ্ঠান বলে বর্ণনা করেছে। অন্যদিকে, চিন এবং রাশিয়ার কাছে এই বৈঠক আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার ধারণাকে আরও জোরদার করেছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবারের সাংবাদিক বৈঠকে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতেরও সমালোচনা করেন। আদালতকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাম্পের দাবি, এই আদালত নিয়ে পুতিন সন্তুষ্ট নন।
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, গত ৫১ বছর ধরে ইরান আমেরিকার সঙ্গে প্রতারণা করে আসছে। তাঁর দাবি, ইরানের নেতৃত্ব একটি চুক্তি করতে চায়, কিন্তু এমন কোনো চুক্তি নয় যা আমেরিকার কাছে গ্রহণযোগ্য হবে না।
চিনের শেনঝেন শহরের পরিচ্ছন্নতা এবং আধুনিক পরিকাঠামোরও প্রশংসা করেন ট্রাম্প। শহরটির সঙ্গে আমেরিকার ডেমোক্র্যাট-শাসিত শহরগুলির তুলনা টেনে সেগুলিকে অবহেলিত বলে মন্তব্য করেন তিনি।
মিডটার্ম নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের সামনে এখন নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনায় তাঁর প্রশাসনের বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে বিরোধীদের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা, বিনোদন শিল্প এবং অভিবাসন নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। তবে একইসঙ্গে প্রয়োজন হলে বিরোধীদের আনা আইন ভেটো দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শি জিনপিং-পুতিনের সঙ্গে সম্পর্ককে নিজের কূটনৈতিক সাফল্য বলে তুলে ধরলেও, চিনের বৈঠক থেকে যুদ্ধ থামানো বা আন্তর্জাতিক সংকটের সমাধানে কতটা বাস্তব অগ্রগতি হয়েছে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও মেলেনি।







