গৃহস্থালির শ্রমের মূল্য মাসে ৩০ হাজার, নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court domestic labour ruling 2026: রায়টি মূলত মোটর দুর্ঘটনায় গৃহস্থালির দায়িত্ব পালনকারী কোনো নারীর মৃত্যু হলে তাঁর পরিবারের ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি নিয়ে।তবু এই সীমিত আইনি পরিসরের মধ্যেও রায়টি একটি বড় প্রশ্ন সামনে এনেছে: যে শ্রমের উপর একটি পরিবার প্রতিদিন নির্ভর করে, এত দিন তার আর্থিক মূল্য এত কম করে দেখা হয়েছে কেন?
(ছবি এআই দ্বারা নির্মিত)
শুভাশিস বসু
সকালে পরিবারের সবাই যখন দিনের কাজে বেরিয়ে পড়েন, তখনও অনেকের ব্যস্ততা কমে না। বরং তাঁদের দিনের কাজ অনেক সময় তখনই নতুন করে শুরু হয়।
রান্না, ঘর পরিষ্কার, বাজারের হিসাব সামলানো, শিশুর দেখাশোনা কিংবা অসুস্থ ও প্রবীণ সদস্যদের পরিচর্যা—সব মিলিয়ে কাজের তালিকাটা বেশ দীর্ঘ। এই কাজগুলি প্রতিদিন নিয়ম করে চলে, পরিবারের প্রত্যেকে এর সুফলও পান, অথচ এই শ্রমের বিনিময়ে কোনো নির্দিষ্ট মজুরি জোটে না। এমনকী মাসের শেষে সংসারের আয়-ব্যয়ের খাতাতেও এর আলাদা কোনো মূল্য ধরা পড়ে না।
এই পরিচিত বাস্তবতাকেই নতুন করে আলোচনায় এনেছে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক রায়। ২০২৬ সালের ১১ জুন Shishu Pal @ Shish Ram & Ors. v. Surjeet & Ors. মামলায় আদালত গৃহস্থালির পরিচর্যার কাজের আর্থিক মূল্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।
রায়ে বলা হয়েছে, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ হলে গৃহস্থালির দায়িত্ব পালনকারী কোনো নারীর দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ নির্ধারণের সময় ‘Loss of Domestic Care’ বা গৃহস্থালি পরিচর্যার ক্ষতি নামে একটি পৃথক খাত যুক্ত করতে হবে। এই খাতে মাসিক ৩০ হাজার টাকার যৌথ ভিত্তিমূল্য ধরতে হবে এবং প্রতি তিন বছর অন্তর এই অঙ্ক ১০ শতাংশ হারে বাড়বে। পাশাপাশি, মৃতা নারীর প্রচলিত অর্থে কোনো আয় না থাকলে এই অঙ্কটিই তাঁর মাসিক আয়ের বিকল্প ভিত্তি হিসেবে গণ্য হবে।
এটি অবশ্য সব গৃহিণীর জন্য মাসিক ৩০ হাজার টাকা সরকারি ভাতা বা মজুরি চালুর নির্দেশ নয়। রায়টি মূলত মোটর দুর্ঘটনায় গৃহস্থালির দায়িত্ব পালনকারী কোনো নারীর মৃত্যু হলে তাঁর পরিবারের ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি নিয়ে।
তবু এই সীমিত আইনি পরিসরের মধ্যেও রায়টি একটি বড় প্রশ্ন সামনে এনেছে: যে শ্রমের উপর একটি পরিবার প্রতিদিন নির্ভর করে, এত দিন তার আর্থিক মূল্য এত কম করে দেখা হয়েছে কেন?
- আপনার জন্য আরও কিছু লেখা
Nepal Flash Flood: নেপালের ভয়াবহ হড়পা বানের পর প্রায় তিন মাস কেটে গেলেও নিখোঁজ বহু ভারতীয়ের কোনও সন্ধান মেলেনি। এ বার ২১৩ জন ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের ৩৭ জন। কীভাবে মিলবে মৃত্যুর শংসাপত্র, আর কী করতে হবে পরিবারকে?
একটি মামলার দীর্ঘ পথ
মামলাটির সূত্রপাত ২০০১ সালের ২৫ নভেম্বর। দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর পর তাঁর পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আবেদন করা হয়। সিরসার মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাইব্যুনাল ২০০৩ সালের ১৮ ডিসেম্বর মাত্র ২ লক্ষ ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করেছিল। পরে মামলাটি হাই কোর্টে যায়। কিন্তু মাঝপথে ২০১১ সালের এক অগ্নিকাণ্ডে সেখানকার বহু ফাইলের মতো এই মামলার নথিও আংশিক পুড়ে যায় অথবা সম্পূর্ণ নষ্ট হয়। অবশেষে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট ২০২৪ সালের ১১ ডিসেম্বর সেই অঙ্ক বাড়িয়ে ৮ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা করে।
কিন্তু সুপ্রিম কোর্ট মনে করে, একজন গৃহস্থালির দায়িত্ব পালনকারী নারীর অবদানকে প্রচলিত আয়ের হিসাব দিয়ে বিচার করলে তাঁর প্রকৃত অবদানের যথাযথ মূল্যায়ন হয় না। আদালত উল্লেখ করেছে, ২০০১ সালের Lata Wadhwa মামলায় গৃহিণীদের অবদানের জন্য মাসিক মাত্র ৩ হাজার টাকা ধরা হয়েছিল। সেই পুরনো অঙ্ককে অপরিবর্তিত রেখে বর্তমান ক্ষতিপূরণ হিসাব করলে গৃহস্থালির শ্রমের মূল্য যথাযথভাবে প্রতিফলিত হতো না। এই মামলায় আদালত মাসিক ৩০ হাজার টাকার নতুন ভিত্তি নির্ধারণ করেছে, যা আগের অঙ্কের দশগুণ। আদালত ক্ষতিপূরণের হিসাব নতুনভাবে নির্ধারণ করে মোট ৬২ লক্ষ ৭৭ হাজার ৯০০ টাকা মঞ্জুর করে।
এই মামলায় পরিবারের দাবি ছিল, মৃতা নারী বুনন ও সেলাইয়ের কাজ করে মাসে ৩ হাজার টাকা আয় করতেন। কিন্তু সেই দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় আদালত ওই আয়কে স্বীকৃতি দেয়নি। পরিবর্তে গৃহস্থালি পরিচর্যার ক্ষতির ক্ষেত্রে ৩০ হাজার টাকার মাসিক ভিত্তিমূল্য প্রয়োগ করেছে।
রায়ের গুরুত্বপূর্ণ দিকটি হল, আদালত গৃহস্থালির কাজকে একটিমাত্র দায়িত্ব হিসেবে দেখেনি। তিনটি বড় অবদানের কথা বিবেচনা করেছে: পরিবারের দৈনন্দিন জীবন সচল রাখা, সন্তানদের প্রতি মায়ের পরিচর্যা ও সহায়তা, এবং স্বামীর প্রতি জীবনসঙ্গীর সহায়তা অথবা মৃতার নিজের বাবা-মায়ের প্রতি তাঁর পরিচর্যা ও সহায়তা। মামলার পারিবারিক পরিস্থিতি অনুযায়ী এই তিনটি ক্ষেত্রই প্রযোজ্য হলে ‘Loss of Domestic Care’ খাতে যৌথভাবে মাসিক ৩০ হাজার টাকার ভিত্তিমূল্য যুক্ত হবে।
এখানে ৩০ হাজার টাকা সরাসরি চূড়ান্ত ক্ষতিপূরণ নয়। এই মাসিক ভিত্তিমূল্য থেকে বার্ষিক আয়, ভবিষ্যৎ সম্ভাবনার সংযোজন, বয়স অনুযায়ী গুণক এবং ব্যক্তিগত ব্যয়ের কর্তন প্রয়োগ করে ক্ষতিপূরণ নির্ণয় করা হয়। সংশ্লিষ্ট মামলায় এই হিসাবের সঙ্গে অন্যান্য ক্ষতিপূরণের খাত যোগ করেই মোট ৬২ লক্ষ ৭৭ হাজার ৯০০ টাকা নির্ধারিত হয়েছে।
আদালত আরও বলেছে, যিনি গৃহস্থালির দায়িত্ব পালনের পাশাপাশি বাইরে উপার্জনমূলক কাজেও যুক্ত, তাঁর প্রমাণিত মাসিক আয়ের সঙ্গে গৃহস্থালি পরিচর্যার ক্ষতির মূল্য আলাদাভাবে যোগ হবে। অর্থাৎ বাইরে কাজ করার কারণে বাড়ির অদৃশ্য শ্রমের মূল্য হারিয়ে যাবে না।
- আপনার জন্য আরও কিছু লেখা
Instant Justice in India: পুলিশ যদি ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশ্যে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অনেকগুলি সাধারণ প্রশ্ন অতি সরল মস্তিষ্ককেও ফাঁকি দিতে পারে কি? যেমন, ঘটনার পুনর্নির্মাণের জন্য প্রতিটা ক্ষেত্রেই শুনশান রাত্রিকেই বা কেন বেছে নেওয়া হয়? আসামীরা অত্যন্ত নৃশংস অপরাধে অভিযুক্ত হওয়া সত্ত্বেও যথোচিত নিরাপত্তার বলয়ে মুড়ে এবং ক্যামেরাবন্দি করে কেন ঘটনার পুনর্নির্মাণের ব্যবস্থা করা হয় না? অভিযুক্তরা এমন পাষণ্ড জানা সত্ত্বেও তাদের হাতে হাতকড়া কেন পরানো থাকে না?
আদালত দুটি সতর্কতাও রেখেছে। প্রথমত, সব গৃহস্থালির দায়িত্ব পালনকারীর বাস্তবতা এক নয়। অনেক বাড়িতে তাঁকে ঘরের কাজের পাশাপাশি উপার্জনের দায়িত্বও নিতে হয়। দ্বিতীয়ত, ‘হোমমেকার’ শব্দটি শুনলে সাধারণত নারীর ছবিই ভেসে ওঠে, কিন্তু কখনও কখনও পুরুষকেও এই ভূমিকা নিতে হয়। আদালত বলেছে, তাঁদের অবদানও স্বীকৃতির যোগ্য। তবে এই মামলায় গৃহস্থালি শ্রমের আর্থিক মূল্য নির্ধারণের প্রয়োগ নারীর প্রচলিত ভূমিকার মধ্যেই সীমিত রাখা হয়েছে।
পরিসংখ্যান যা চোখে আঙুল দিয়ে দেখায়
গৃহস্থালির কাজের অসম বণ্টন যে কেবল ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, তার প্রমাণ রয়েছে সরকারি পরিসংখ্যানেও। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অধীন National Statistics Office-এর ২০২৪ সালের Time Use Survey অনুযায়ী, ছয় বছর ও তার বেশি বয়সি নারীদের ৮১.৫ শতাংশ এবং পুরুষদের ২৭.১ শতাংশ পরিবারের সদস্যদের জন্য অবৈতনিক গৃহস্থালি কাজে অংশ নিয়েছেন। এই কাজে অংশগ্রহণকারীদের মধ্যে নারীরা দিনে গড়ে ২৮৯ মিনিট এবং পুরুষেরা ৮৮ মিনিট সময় দিয়েছেন। পরিবারের সদস্যদের অবৈতনিক পরিচর্যার ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ ৩৪ শতাংশ, পুরুষদের ১৭.৯ শতাংশ। এই কাজে অংশগ্রহণকারী নারীরা দিনে গড়ে ১৩৭ মিনিট এবং পুরুষেরা ৭৫ মিনিট ব্যয় করেছেন।
১৫ থেকে ৫৯ বছর বয়সিদের ক্ষেত্রে ব্যবধান আরও স্পষ্ট। এই বয়সের নারীদের ৯২.৯ শতাংশ এবং পুরুষদের ৩০.৪ শতাংশ অবৈতনিক গৃহস্থালি কাজে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে নারীদের দৈনিক গড় সময় ৩০৫ মিনিট, পুরুষদের ৮৬ মিনিট।
এখানে একটি বিষয় মনে রাখা দরকার: এই সময়ের হিসাব সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণকারীদের গড় সময়, প্রত্যেক নারী বা পুরুষের ব্যক্তিগত দৈনিক কাজের সময় নয়। তবু সংখ্যাগুলি দেখায়, পরিবারের প্রয়োজন মেটানোর দায়িত্বে নারী ও পুরুষের অংশগ্রহণের মধ্যে বড় ব্যবধান রয়েছে।
এই শ্রমের আর্থিক মূল্য সাধারণত পরিবারের আয়-ব্যয়ের হিসাবে ধরা পড়ে না। জাতীয় আয় পরিমাপের প্রচলিত কাঠামোতেও পরিবারের সদস্যদের নিজেদের পরিবারের জন্য করা অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যার পরিষেবা সাধারণত উৎপাদনের হিসাবে অন্তর্ভুক্ত হয় না। ফলে যে কাজের উপর পরিবারের দৈনন্দিন জীবন দাঁড়িয়ে থাকে, অর্থনীতির প্রচলিত হিসাব সেখানে তার পূর্ণ মূল্য দেখতে পায় না।
স্বীকৃতি কি শুধু আদালতের রায়েই সীমাবদ্ধ থাকবে?
- আপনার জন্য আরও কিছু লেখা
trump new tariff proposal: ২৫ নভেম্বর মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ‘সেকশন ৩০১’-এর অধীনে ভারত-সহ ১৪টি দেশের ওপর নয়া শুল্কের প্রস্তাব দিয়েছে। ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের খাঁড়া ঝুললেও, দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) করলে তা ১৭ শতাংশে নামতে পারে।
সুপ্রিম কোর্টের রায়টি ক্ষতিপূরণ সংক্রান্ত হলেও এর সামাজিক তাৎপর্য আরও বিস্তৃত। গৃহস্থালির কাজকে স্বাভাবিক পারিবারিক দায়িত্ব বলে ধরে নেওয়ার প্রবণতা এখনও প্রবল। অথচ রান্না, পরিচর্যা, শিশু ও প্রবীণদের দেখাশোনা, সংসারের পরিকল্পনা—প্রতিটি কাজেই সময়, দক্ষতা, শারীরিক পরিশ্রম এবং মানসিক মনোযোগ লাগে।
এই শ্রমের স্বীকৃতি দিতে হলে প্রথম পরিবর্তনটি শুরু হতে পারে পরিবার থেকেই। ঘরের কাজকে একজনের একক দায়িত্ব না ধরে পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে নিতে হবে। শিশুর দেখাশোনা, বাজার, রান্না কিংবা প্রবীণদের পরিচর্যায় পুরুষদের নিয়মিত অংশগ্রহণ প্রয়োজন। এতে নারীর উপর কাজের চাপ কমবে এবং পরিবারের অন্য সদস্যরাও পরিচর্যার দায়িত্ব ও মূল্য বুঝতে পারবেন।
দ্বিতীয়ত, শিশু পরিচর্যা ও প্রবীণদের দেখাশোনার জন্য সুলভ ও সহজলভ্য পরিষেবা বাড়ানো দরকার। কর্মজীবী নারীদের ক্ষেত্রে এই পরিষেবার অভাব অনেক সময় চাকরি ছেড়ে দেওয়া বা কাজের সুযোগ সীমিত করে দেওয়ার কারণ হয়ে ওঠে। কর্মক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী নমনীয় কাজের সময়, পরিচর্যা-সংক্রান্ত ছুটি এবং কাজ ও পরিবারের দায়িত্ব সামলানোর উপযোগী ব্যবস্থা থাকা দরকার।
তৃতীয়ত, সরকারি নীতি ও বাজেট তৈরির সময় অবৈতনিক পরিচর্যার কাজকে আলাদা গুরুত্ব দিতে হবে। Time Use Survey-এর মতো সমীক্ষা নিয়মিত করা এবং তার ফলাফল সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও পরিচর্যা-পরিকাঠামোর পরিকল্পনায় ব্যবহার করা প্রয়োজন। যাঁরা দীর্ঘদিন পরিবারের পরিচর্যার দায়িত্ব পালন করেন, তাঁদের বার্ধক্যকালীন আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার বিষয়টিও নীতিনির্ধারণে বিবেচিত হওয়া উচিত।
আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। গৃহস্থালির কাজের স্বীকৃতি মানে নারীদের ঘরের কাজের মধ্যেই আটকে রাখা নয়। বরং তাঁদের শিক্ষা, দক্ষতা অর্জন, উপার্জন এবং নিজের পছন্দমতো জীবন গড়ে তোলার সুযোগ বাড়ানো। পরিবারের পরিচর্যার দায়িত্ব ভাগ করে নেওয়া গেলে সেই সুযোগ বাস্তবায়নের পথও কিছুটা সহজ হয়।
অদৃশ্য শ্রমকে দৃশ্যমান করার সময়
সুপ্রিম কোর্ট রায়ের একটি পর্যায়ে গৃহিণী বা ‘হোমমেকার’-এর পরিচয়ের পরিবর্তে ‘Nation Builder’ শব্দবন্ধ ব্যবহারের আশা প্রকাশ করেছে। শব্দের পরিবর্তন নিজে থেকে বাস্তবতা বদলায় না। কিন্তু যে কাজকে এত দিন স্বাভাবিক, ব্যক্তিগত কিংবা অর্থনৈতিকভাবে মূল্যহীন বলে ধরে নেওয়া হয়েছে, তাকে নতুনভাবে দেখার প্রয়োজনীয়তা এই পর্যবেক্ষণ মনে করিয়ে দেয়। একটি পরিবার কেবল উপার্জনের টাকায় চলে না। তার সঙ্গে যুক্ত থাকে সময়, যত্ন, পরিকল্পনা, ধৈর্য এবং প্রতিদিনের অসংখ্য ছোট ছোট কাজ। এই শ্রমের মূল্য কেবল টাকায় মাপা সম্ভব নয়, কিন্তু তাই বলে তার অর্থনৈতিক মূল্য অস্বীকার করারও কারণ নেই।
সুপ্রিম কোর্টের রায় সেই স্বীকৃতির একটি নির্দিষ্ট আইনি পথ খুলেছে। এখন প্রয়োজন পরিবার, কর্মক্ষেত্র ও নীতিনির্ধারণের স্তরে আরও বাস্তব পরিবর্তন। কারণ ঘরের কাজ যদি সবার জীবনকে সচল রাখে, তবে সেই কাজের দায়িত্ব ও মর্যাদাও সবার মধ্যে ভাগ হওয়া উচিত।
তথ্যসূত্র
১. Supreme Court of India, Shishu Pal @ Shish Ram & Ors. v. Surjeet & Ors., 2026 INSC 634, ১১ জুন ২০২৬
২. MoSPI, National Statistics Office, Time Use Survey 2024: Fact Sheet
৩. National Statistics Office, Time Use in India, 2024 (January–December 2024)
৪. PIB, Report: Time Use in India, 2024






