বিশ্বকাপজয়ী মেসির জার্সি ঘরে রাখতে পারবেন আপনিও! কত খরচ করলে হবে স্বপ্নপূরণ?
Lionel Messi's Jersey Auction : বিশ্বকাপ জেতার পর ক্লাবের এই জার্সি পরে মাঠে নেমেছেন তিনি। কাজেই এমন জার্সি তো সবসময়ই স্পেশাল।

বিশ্বকাপ জেতার পর ফুটবল জগত ফের নতুন আবর্তে ঢুকে পড়েছে। সমস্ত খেলোয়াড়রাও যে যার জায়গায় চলে গিয়েছেন। কেউ গিয়েছেন ছুটি কাটাতে, কেউ পরিবার-সন্তানদের সময় দিচ্ছেন। অনেকেই চলে গিয়েছেন নিজেদের ক্লাবে। অন্যান্যদের পাশাপাশি আর্জেন্টিনার খেলোয়াড়রাও নিজেদের ক্লাবগুলিতে চলে গিয়েছেন। বিশ্বজয়ী ফুটবলারদের সম্মান জানাতে এলাহি আয়োজনও করে ফুটবল দলগুলি। ক্লাব ফুটবলের দ্বৈরথ দেখার জন্য ফের অপেক্ষায় ফুটবল ভক্তটা।
ইতিমধ্যে ক্লাব ফুটবলে ফিরে এসেছেন লিওনেল মেসিও। আর্জেন্টিনা অধিনায়ক এই কিংবদন্তি ফুটবলার কাতারের মাটিতে যা খেলেছেন, তাতে মুগ্ধ ফুটবল সমর্থকরা। বিশ্বকাপ জয়ই ছিল একমাত্র লক্ষ্য; আর জিতে যাওয়ার পর মেসি এখন নিশ্চিন্তে। পরিবার, স্ত্রী-সন্তান, বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই ফিরেছেন ফ্রান্সে। সেই ফ্রান্স, যাদের হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এখন ফ্রান্সের প্যারিস সঁ জঁ ক্লাবের হয়ে ফুটবল খেলেন লিওনেল মেসি। নেইমার, এমবাপের পাশাপাশি তাঁর উপস্থিতি দলকে আরও ভরসা দিয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Fifa charges against Argentina World Cup 2022 : সেখানেই বড় ভয় আর্জেন্টিনার। ভয়ংকর কোনও শাস্তি কি নেমে আসতে চলেছে তাদের ওপর?
ইতিমধ্যেই বিশ্বকাপ জেতার পর ক্লাবে ফিরে এসে প্রথম ম্যাচটিও খেলে ফেলেছেন মেসি। ঠিক যেখানে বিশ্বকাপ শেষ করেছিলেন, সেখান থেকেই পিএসজির হয়ে খেলা ধরলেন তিনি। একটি গোল করেন, একটির রাস্তা সাজিয়ে দেন। বিশ্বকাপ জেতার পর ক্লাবের এই জার্সি পরে মাঠে নেমেছেন তিনি। কাজেই এমন জার্সি তো সবসময়ই স্পেশাল।
এবার অ্যাঙ্গার্সের বিরুদ্ধে ম্যাচের ওই জার্সিই নিলামে উঠলো। বিশ্বকাপ জিতে প্যারিসে ফেরার পর মেসির প্রথম ম্যাচ, তাই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা তো থাকবেই। আর সেই জার্সি নিলামে ওঠা মানে একটা বিরাট ব্যাপার। বিশ্বকাপ জেতার পর অনেকেই মেসিকে সর্বকালের সেরাদের তালিকায় প্রথম দিকে রাখছেন, তাই তাঁর জার্সিও যে মহার্ঘ্য হবে, তা বলাই বাহুল্য। যে নিলাম সংস্থা এই জার্সি নিলামে রেখেছে, তাদের কাছে এখনও অবধি দর উঠেছে ২০ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ লক্ষ ৬২ হাজার টাকা! নিলামের আর মাত্র দুদিন বাকি আছে। তার মধ্যে এর থেকে বেশি দামে কেউ যদি দর হাঁকেন, তাহলে তিনিই নিয়ে যাবেন।
সাড়ে ১৭ লক্ষ টাকারও বেশি একটা জার্সির দাম! অঙ্ক শুনেই চোখ কপালে ওঠার জোগাড়। কিন্তু কী আর করা যাবে? জার্সি যিনি পরেছিলেন, তাঁর নাম যে লিওনেল মেসি! সদ্য বিশ্বকাপ জিতে আসা মেসি। কাজেই এই দাম উঠবে না, সেটা কখনও হয়?






