ম্যাজিক ম্যানকে ছাড়তে নারাজ আর্জেন্টিনা! তবে কি ২০২৬ বিশ্বকাপেও থাকবেন মেসি?
Messi : আর্জেন্টিনার হয়ে ১৭২টি খেলায় অংশ নিয়েছেন মেসি, গোল করেছেন ৯৮টি। পাশাপাশি ২০২২ বিশ্বকাপে তৈরি করেছেন অনন্য নজির

সবে সবে মিটেছে বিশ্বকাপ উন্মাদনা। নীল সাদা বাহিনীর অভূতপূর্ব জয়ের সেই রাত আজও মোহাচ্ছন্ন করে রেখেছে আমাদের। এবছরের কাতার বিশ্বকাপের শুরু থেকেই কাজ করেছে মেসি ম্যাজিক। নিজের এবং দেশের পাহাড় প্রমাণ স্বপ্ন এবং ইচ্ছের যে বোঝা কাঁধে টনিয়ে তিনি নোঙর ফেলেছিলেন কাতারের ময়দানে তার সার্থক ফল মিলেছে ফাইনালের রাতে। পরতে পরতে এখনও লেগে রয়েছে বিস্ময়।
এবছরের বিশ্বকাপ ছিল একটা পালা বদলের পর্ব। খেলা শুরুর আগে থেকেই বাতাসে শোনা যাচ্ছিল একগুচ্ছ তারকা ফুটবলারের এটাই শেষ বিশ্বকাপ সফর। রোনাল্ড, লুকা, নেইমারের সঙ্গে সেই তালিকায় রয়েছে মেসির নামও। তবে বাকিদের থেকে মেসি যেন আলাদাই। তার দায় অবশ্যই জয়ের মুকুটখানার। প্রথম ম্যাচের হারের পর গোটা পর্ব জুড়ে একের পর এক রূপকথা হতে উঠেছে কাতারের ময়দানে। মেসির পায়ে যেন অদ্ভুত এক জাদু!
- আপনার জন্য আরও কিছু লেখা
Pele's list of greatest footballers : পেলে যদি ১০ জন খেলোয়াড়দের রাখতে চান, কারা থাকবেন সেই তালিকায়? গোটা বিশ্ব এর উত্তরটির অপেক্ষায় ছিল।
তাই এই জয়ের জন্য মেসির গুরুত্ব অস্বীকার করতে পারছে না কেউই। ফলে আগামী বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দোলাচল। ২০২৬ থাকবেন না মেসি? তাহলে কি হবে আর্জেন্টিনার? কিন্তু একথাও ভুলে গেলে চলবে না প্রকৃতই টিম ম্যান মেসি, তাই নিজের হাতে দলে নতুন নতুন প্রতিভা তৈরি করে দিয়েছেন ইতিমধ্যেই। দি মারিয়া, আলভারেজের অনবদ্য খেলাও দর্শক মনে রাখবে অনেকদিন।
তবুও মেসিকে ছাড়তে নারাজ দল। ম্যাজিক ম্যানের জাদু কাঠির ছোঁয়ায় যে রূপকথা রচিত হয়েছে বারবার তাকে আরো খানিকটা জিইয়ে রাখতে চাইছে আর্জেন্টিনা। সাত সাত বারবার ব্যালন ডি'অর বিজয়ী মেসি অবশ্য আগেই বলেছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। কিন্তু তখনও হয়তো তিনি নিজেই জানতেন না তাঁর জন্য অপেক্ষা করে আছে এমন বিশ্বব্যাপী গৌরব। আর মায়া কাটানো খোদ মেসির জন্যও অসম্ভব। তাই সম্প্রতি সিন যাচ্ছে তিনি আপাতত আন্তর্জাতিক অবসরের পরিকল্পনা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আরও বড়ো। সে বছর মার্কিন ইভেন্টে তাই মেসিকে পাশে চাইছেন দলের বাকিরা। ম্যাক অ্যালিস্টার এই বিষয়ে জানিয়েছেন ইতিমধ্যেই। তিনি আরও বলেছেন, “আমরা চাই না মেসি জাতীয় দল ছেড়ে যাক।” ব্রাইটন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার আরও বলেছেন যে এই ট্রফি জয়ের নেপথ্যে মেসিই আসল নায়ক। মারাদোনার যোগ্য উত্তরসূরি হিসেবে এই কৃতিত্ব তার প্রাপ্য ছিলই। কেবল একটা বিশ্বকাপ জয় বাকি ছিল তালিকায় সেটাও যোগ হয়েছে এই বছর। স্বার্থক ফুটবলার ছাড়া এ ভিন্ন আর কি!
মেসি চিরকালই টিম ম্যান। তাই নিজের কৃতিত্বকে সব বলে মনে করেননি কোনওদিনই। দলের বাকিদের প্রতি বারবার কৃতজ্ঞতা উগড়ে দিয়েছেন তিনি। বারবার বলেছেন বাকিদের পাশে থাকা ছাড়া মেসি একা কিছুই না। ক্যাপটেন তো এমনই হয়। আর এমন এখন ক্যাপটেনকে কেনোই বা হারাতে চাইবে দল! মেসি আর্জেন্টিনার হয়ে ১৭২টি খেলায় অংশ নিয়েছেন, গোল করেছেন ৯৮টি। পাশাপাশি ২০২২ বিশ্বকাপে তৈরি করেছেন অনন্য নজির। রেকর্ড দাপটে ছিনিয়ে নিয়েছেন গোল্ডেন বল। এখনও যার সোনালী আভায় দীপ্যমান আর্জেন্টিনা। তবে কি সত্যিই আবারও পরের বিশ্বকাপে মাঠে নামবেন ম্যাজিক ম্যান? বয়স তখন ৪০ ছুঁইছুঁই হবে ঠিকই কিন্তু রূপকথা যে রচিত হবেই এ অস্বীকার করা যায় না।







