গণতান্ত্রিক উত্তরণের ‘মাইলফলক’: বিএনপির জয়ে তারেক রহমানকে শুভেচ্ছা ইউনূসের
Muhammad Yunus congratulates Tarique Rahman: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইউনূস।
দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তীকালীন শাসনপর্ব শেষে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তিনিই হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ভোটগণনা চলাকালীন নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন তারেক রহমান। ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও নির্বাচনে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানালেন তারেক রহমানকে।
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনী পরিবেশ পুনর্গঠন, প্রশাসনিক সংস্কার এবং অংশগ্রহণমূলক ভোট আয়োজন ছিল তাদের প্রধান অগ্রাধিকার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ৫০টি রাজনৈতিক দল অংশ নেয় এবং ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়; ভোটকক্ষ ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানায়।
ঘোষিত ফল অনুযায়ী, ৩০০ আসনের জাতীয় সংসদে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা (২০৯ আসন) অর্জন করে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। প্রধান বিরোধী শক্তি-সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলিতে জয়লাভ করেছে। নতুন দলগুলির মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে জয় লাভ করেছে, যা সংসদে একটি নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে।
বিএনপির নিরঙ্কুশ জয়ের ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথে। খবর, শীঘ্রই সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
- আপনার জন্য আরও কিছু লেখা
NCP wins six seats Bangladesh 2026: এনসিপির সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ— একদিকে সংসদে কার্যকর বিরোধী বা নীতিনির্ভর অবস্থান তৈরি করা, অন্যদিকে সাংগঠনিক বিস্তার ও আদর্শগত স্পষ্টতা বজায় রাখা।
নির্বাচনের ফল প্রকাশের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানান। এক বার্তায় তিনি বলেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
বার্তায় তিনি তারেক রহমানের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথাও স্মরণ করেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইউনূস।
- আপনার জন্য আরও কিছু লেখা
Bangladesh Election Result: নির্বাচনটি বিএনপির জন্য একপ্রকার ‘স্ট্রেস টেস্ট’ হিসেবে কাজ করেছে, বিশেষত জামায়াত ও তার সংশ্লিষ্টদের অপ্রত্যাশিত ভোট ও আসন বৃদ্ধির প্রেক্ষাপটে। ফলাফলের মানচিত্র ইঙ্গিত দেয়, বাংলাদেশের নির্বাচনী রাজনীতি হয়ত আরও খণ্ডিত, দরকষাকষি নির্ভর এবং আসনকেন্দ্রিক এক নতুন পর্যায়ে প্রবেশ করছে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সুসমন্বিত নেতৃত্ব প্রয়োজন। তাঁর মতে, নতুন সরকারের অধীনে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী হবে।
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপালনকালে বিএনপির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ইউনূস। তিনি উল্লেখ করেন, পরিবর্তনের সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে দলটির ইতিবাচক ভূমিকা জাতীয় স্বার্থে সহায়ক হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ ভূমিকা
সাংবিধানিক রীতি অনুযায়ী, নতুন নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম শেষ হবে। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় যদিও কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। কারণ সংবিধান অনুযায়ী, শপথ পাঠ করানোর দায়িত্ব স্পিকার বা তাঁর মনোনীত ব্যক্তির হলেও দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করেন এবং তিনি কাউকে দায়িত্বও দিয়ে যাননি; অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাবন্দি। এ অবস্থায় সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, প্রয়োজন হলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন। সোমবার বা মঙ্গলবার নতুন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী পরিবেশ তৈরি ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। নতুন গণতান্ত্রিক সরকার গঠনের পর তাদের ভূমিকা আনুষ্ঠানিকভাবে শেষ হলেও, এই সময়ের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রভাব দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিফলিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো— নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ কূটনীতি পরিচালনা। একই সঙ্গে বিরোধী দলগুলোর সঙ্গে কার্যকর সংসদীয় সম্পর্ক গড়ে তোলা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাও নতুন সরকারের অগ্রাধিকার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই কেবল ক্ষমতার পালাবদল নয়; এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা, যেখানে গণতান্ত্রিক ধারাবাহিকতা, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে।





