তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী পাঁচটি কারণ, জানালেন দলের আইনজীবী-সাংসদ কল্যাণ
Kalyan Banerjee Interview: কেন তৃণমূলের এই বিপর্যয় হলো? তার পাঁচটি কারণ নির্দিষ্ট করেছেন তিনি। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এসে আর কী কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
অনিন্দ্য এবং- এ এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আলোচনা করলেন তৃণমূলের হারের ৫ কারণ নিয়ে
বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে তৃণমূল এখন ছিন্নভিন্ন। সংসদীয় দল ভেঙেছে, ভেঙে গিয়েছে পরিষদীয় দলও। তবে চারবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেননি। আইনজীবী-সাংসদের দাবি, দলত্যাগী সাংসদদের সদস্যপদ সুপ্রিম কোর্টে খারিজ করিয়েই ছাড়বেন। আপাতত তাঁর ভবিষ্যৎ লক্ষ্য— মোদী এবং শুভেন্দুকে যথাক্রমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা থেকে সরানো।
কেন দলের এই বিপর্যয় হলো? তার পাঁচটি কারণ নির্দিষ্ট করেছেন তিনি। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এসে আর কী কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
অনিন্দ্য জানা: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অগ্রাধিকারের তালিকায় এখন আইনজ্ঞের পেশা, না কি রাজনীতি?
কল্যাণ বন্দ্যোপাধ্যায়: গত ১০-১৫ দিন ধরে আমি মনস্থির করেছি যে, রাজনীতিটাই এখন আমার প্রথম অগ্রাধিকার।
প্রশ্ন: কেন?
উত্তর: কারণ, ভারতবর্ষে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই ১৩ কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া, তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়ে দেওয়া এবং ভোটার তালিকায় নাম থাকবে না, কোনো সরকারি অনুদান মিলবে না কিংবা বিদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে ভয় দেখানো... এটা ভাবাই যায় না!
অতএব, আমার অগ্রাধিকারের জায়গাটা এখন রাজনীতিই হয়ে দাঁড়িয়েছে। আমি চিরকাল বলেছি, আমার পেশাই আমার নেশা। আমি একজন আইনজীবী হিসেবেই শেষ নিশ্বাস ত্যাগ করতে চাই। কিন্তু আগামী দু-তিন বছর আমার মূল অগ্রাধিকার থাকবে রাজনীতি। দরকার হলে আমি ওকালতি ছেড়ে দিয়ে বাংলার গ্রামে গ্রামে ঘুরে প্রতিবাদ করব। মানুষের মধ্যে জাগরণ আনতে হবে।
প্রশ্ন: পেশা ছেড়ে দিলে খাবে কী?
উত্তর: যা রোজগার করেছি, সবই বৈধ পথে। এর মধ্যে এক পয়সাও কালো টাকা পাবে না। যা সঞ্চয় করেছি, তাতেই চলে যাবে। তবে তার মধ্যেও আইনি পেশার কাজ আমার কাছে আসবে। কারণ, পেশাও আমাকে ছাড়বে না, মক্কেলরাও আমাকে চায়। কিন্তু অগ্রাধিকারের কথা বললে, বিজেপির সরকার— নরেন্দ্র মোদীর সরকার আর শুভেন্দু অধিকারীর সরকার— এই দুটো সরকারকে আগে সরাতে হবে। দানবের মতো এরা দেশকে ঘিরে নিয়েছে।
প্রশ্ন: রাজনীতিতে কীভাবে এলে?
- আপনার জন্য আরও কিছু লেখা
Mahua Moitra: ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ, কংগ্রেসের সঙ্গে জোট, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনের ভূমিকা এবং স্বামী পিনাকী মিশ্রের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য নিয়ে মুখ খুললেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
উত্তর: ১৯৮৪ সালে চেম্বারে বসে কাজ করছি। এমন সময় সুব্রত মুখোপাধ্যায় আর মমতাদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিতরে ঢুকলেন। মনোনয়নপত্র জমা দেবেন।
প্রশ্ন: সেই প্রথম আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা?
উত্তর: হ্যাঁ। আমার সিনিয়র বললেন, ‘‘আজ থেকে দিদি বলে জানবি। আর যা বলবেন, সেগুলো করবি।’’ তারপর মনোনয়নপত্র জমা দেওয়া হলো। ১৯৮৪ সালের ভোটে জিতে গেলেন দিদি। এরপর ১৯৮৯ সালে এআইসিসি লিগ্যাল সেলের সম্মেলনে দিদি আমাকে যেতে বললেন। আমি প্রথমে রাজি হইনি, তবে পরে গিয়েছিলাম।
প্রশ্ন: কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলে কেন?
উত্তর: মমতাদির যে রাজনৈতিক চেতনাবোধ এবং সিপিএমের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা ছিল, সেই সময় পশ্চিমবাংলার কংগ্রেসের আর কারও মধ্যে তা ছিল না। সিপিএম-বিরোধী লড়াইটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসই করেছে। আর সে কারণেই রাজীব গান্ধী তাঁকে যুব কংগ্রেসের সভানেত্রী করেছিলেন।
১৯৯২ সালে সোমেন মিত্ররা যদি কারচুপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে না হারাতেন, তাহলে পশ্চিমবঙ্গ তো দূরের কথা, তিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হতেন! তাতে ভারতবর্ষের রাজনীতিটাই অন্য জায়গায় চলে যেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করার ক্ষমতা যে কতখানি, তা প্রত্যেকেই স্বীকার করেছেন। তিনিই তো ৩৪ বছরের সিপিএম শাসনকে ধসিয়ে দিয়েছেন।
প্রশ্ন: কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমার সম্পর্ক খানিকটা অম্লমধুর থেকেছে। এত রাগ হয়েছে যে তুমি বলেছ, ‘‘আমি রাজনীতি ছেড়ে দেব! এভাবে রাজনীতি করা যায় না!’’ এটাও তো ঘটনা?
উত্তর: এটা তো আজও হয়! মমতাদির সব কথা আমি মেনে নিতে পারি না। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও পারিনি, তার আগেও পারিনি, আজও পারি না। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন এই ১৫ বছরে একটা সময় আমি সবচেয়ে দূরের লোক ছিলাম! ঝগড়াঝাঁটি তো ভালোই হয়েছে, কম কিছু নয়। তবে ভালবাসাও আছে।
দিদির সঙ্গে ঝগড়া করব না তো কার সঙ্গে করব? জীবনের ৪০ বছর যাঁর জন্য, যাঁর পাশে থেকে, যাঁর রাজনীতির স্বার্থে আমি লড়েছি— এমনকি জীবনের ঝুঁকি নিয়েও আইনি লড়াই লড়েছি— ঝগড়া করতেও তো একটা লোক চাই রে বাবা!
প্রশ্ন: কিন্তু একটা সময় তো তোমাকে রাজ্য সরকারের আইনজীবীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল?
উত্তর: সরিয়ে দিয়েছে, আবার দায়িত্বে ফিরিয়েও এনেছে!
- আপনার জন্য আরও কিছু লেখা
Kunal Ghosh Interview: বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে প্রতীক, নাম হারিয়ে কার্যত দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রয়েছে। যদিও দলের অভ্যন্তরীণ বিদ্রোহে মমতার কাছাকাছির বৃত্ত ক্রমশ সঙ্কুচিত হয়েছে। নন্দীগ্রামের উপনির্বাচনে মুখ পুড়েছে। এই প্রেক্ষিতে আসন্ন পুরভোটে কেমন করবে তৃণমূল? ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? বিভিন্ন প্রশ্নের জবাবে যা বললেন দলের বিধায়ক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।
প্রশ্ন: সেটা কেন হয়েছিল?
উত্তর: দেখো, এটা নিয়ে এখন আর আমি ঘাঁটতে চাই না। এর পিছনে অনেকেই আছেন। তখনকার আইনমন্ত্রীরা সবাই ছিলেন। আসলে তৃণমূলে আমি কখনওই খুব একটা স্বস্তিতে ছিলাম না এদের হিংসার জন্য। এই ঈর্ষা কেন? কারণ, আইনজীবী হিসেবে আমি এত সার্থক কেন হব? তুমি আমাকে অপছন্দ করো আর যা-ই করো, আইনজীবী হিসেবে আমার পরিচিতি ও স্বীকৃতিটা তো আছে।
প্রশ্ন: কিন্তু তোমার বিরোধীরা বলেন, তুমি রাজনীতিবিদ না হলে এত সফল আইনজীবী হতে পারতে না?
উত্তর: আমি আইনজীবী হিসেবে সফল ছিলাম বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন! এরা তখন তো মমতাদির সঙ্গে রাজনীতি করত না। চন্দ্রিমা করেননি। মলয় ঘটক আসানসোল থেকে রাজনীতি করতেন। আমি দলের জন্য কতটা করেছি বা না করেছি, সেটা একমাত্র একজন মানুষই জানেন— সুব্রত বক্সী।
প্রশ্ন: এটা তাহলে মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে, যতই ঝগড়া হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করবেন না?
উত্তর: যতদিন দিদি আছেন, ততদিন রাজনীতি করব— এ তো বলেই দিয়েছি। আর দিদি যদি বলেন, ‘‘না, আমি রাজনীতি করব না’’, তাহলেও আমার যেটা লক্ষ্য, সেটা পূরণ করে তবেই রাজনীতি ছাড়ব। লক্ষ্য একটাই— নরেন্দ্র মোদীকে সরাতে হবে, শুভেন্দু অধিকারীকে সরাতে হবে। আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরছি। মানুষের অনেক ভালবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। কিন্তু গত দু-আড়াই মাসে মানুষের কাছ থেকে যে ভালবাসা ও সম্মান পাচ্ছি, তা অভূতপূর্ব! এর অন্যতম কারণ, আমি মমতাদিকে ছাড়িনি।
এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে, গদ্দারদের বিরুদ্ধে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের ভালবাসা আকাশছোঁয়া! এরা মমতাদিকে মিটিং-মিছিল করার কোনো অনুমতি দেয় না, ঘর থেকে বেরোলেই গ্রেফতার করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, কার্যত গৃহবন্দি করে রাখা হয়। কিন্তু ভারতবর্ষে এবার হাওয়া ঘুরছে।
প্রশ্ন: কিন্তু তৃণমূল আমলেও তো বিরোধী দল বিজেপিকে অনেক মিটিং-মিছিল করতে দেওয়া হতো না, অনুমতি দেওয়া হতো না!
উত্তর: যদি করে থাকে, আমি জানি না তুমি কোন কোন ঘটনার কথা বলছ। কটা মিটিংয়ের অনুমতি দেওয়া হয়নি? বরং আদালতে গিয়ে আমিই ওদের অনুমতি পাইয়ে দিয়েছি। তর্কের খাতিরে তোমার কথা ঠিক ধরে নিলাম— তার জন্য তো মানুষ আমাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তাহলে তুমি কি প্রতিহিংসাপরায়ণ? আমি যদি ভুল করে থাকি, তর্কের খাতিরে মেনেই নিলাম। তাই বলে তুমিও সেই একই ভুলগুলি করবে? আমি যদি ৫০টা ভুল করে থাকি, তুমি কি ১০০টা করবে?
তুমি বলবে তোলাবাজির কথা। হ্যাঁ, আমাদের দলের অনেকেই তোলা তুলেছে, ঠিক আছে। কখন হয়েছে সেটা? ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে। কিন্তু এরা তো মাত্র ছ’মাসে তোলাবাজির চূড়ান্ত জায়গায় চলে গিয়েছে, আমাদেরও ছাড়িয়ে গিয়েছে! এ কথা তো ওরাই বলছে।
প্রশ্ন: ওরা তো বলছে, তৃণমূলের লোকজনই সব বিজেপিতে গিয়ে তোলাবাজি করছে?
- আপনার জন্য আরও কিছু লেখা
Sujat Bhadra Interview: পুলিশ কি একাধারে তদন্তকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা নিতে পারে? সত্তরের দশকের নকশাল নিধনের স্মৃতি থেকে শুরু করে উত্তরপ্রদেশ ও আসামের সাম্প্রতিক পরিসংখ্যান—বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের এই সংস্কৃতির শিকড় ঠিক কোথায়? ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৯ তম পর্বে এই সমস্ত প্রাসঙ্গিক বিষয়েই কথা বলেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।
উত্তর: সেই দাগি তোলাবাজেরা এখন কোথায়? যে মন্ত্রীরা ঘুষ খেয়েছে? আমি নিজেই বলছি, তারা ঘুষ খেয়েছে। দুর্নীতিই অন্যতম একটি কারণ, যার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে— এটাও ঘটনা। কিন্তু যারা ঘুষ খেয়েছে, তারা আজ কোথায়? তারা তো সব শুভেন্দু অধিকারীর তৃণমূলেই ঢুকে গিয়েছে বাবা! ববি (ফিরহাদ হাকিম) আছে, অরূপ (বিশ্বাস) আছে, ঋতব্রত (বন্দ্যোপাধ্যায়) আছে, আখরুজ্জামান আছে। এমন ৫৮ জন টাকা খেয়ে উঠে ওদের দলে চলে গিয়েছে! শুভেন্দু তো আর বিজেপির মুখ্যমন্ত্রী নয়, ও তো ‘বিজেপি কাম তৃণমূল’-এর মুখ্যমন্ত্রী! এটা তো সবাই জানে!
প্রশ্ন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, একটা সময় সকলকে থামতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূলের হাল কে ধরবেন? অভিষেক?
উত্তর: এটা সময় বলবে, এই মুহূর্তে কিছু বলা যাবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন নিঃসন্দেহে তৃণমূল বলিষ্ঠভাবেই টিকে থাকবে।
প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? তোমার কী মনে হয়?
উত্তর: ৬ মে-র মূল্যায়ন অনুযায়ী অভিষেকের নম্বর ধরলাম শূন্য। আর আজ ১৮ নভেম্বরে অভিষেকের নম্বর হচ্ছে পাঁচ। ওর নম্বর আরও বাড়বে, একসময় ১০০ হবে। কেন জানো? শুভেন্দু অধিকারীর প্রতিহিংসাপরায়ণ মানসিকতার জন্য! অভিষেককে যেভাবে হেনস্তা করা হচ্ছে, তা অকল্পনীয়!
প্রশ্ন: তাহলে তো অভিষেকের হাতেই তৃণমূলের ভবিষ্যৎ সুরক্ষিত?
উত্তর: হতে পারে। অভিষেক তো এমনিতে খারাপ নয়, ওর সাংগঠনিক ক্ষমতা আছে। আসল সমস্যাটা ছিল আইপ্যাক। আমার মতে, আইপ্যাক ছেড়ে দিয়ে নিজেদের সংগঠন তৈরি করলে আমাদের আজ এই হাল হতো না।
প্রশ্ন: প্রতিষ্ঠিত আইনজীবী হিসেবে বলো, অভিষেক যেভাবে বিচারপতিদের সম্পর্কে রাজনৈতিক মন্তব্য করছেন, সেটা কি করা উচিত?
উত্তর: আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে একজন আইনজীবী হিসেবে বলব, ভারতবর্ষের গণতন্ত্রের কাঠামোটা দাঁড়িয়ে আছে বিচারব্যবস্থার উপর। সরকার আসবে, সরকার চলে যাবে। সরকারের বিরুদ্ধে আমরা যে গণতন্ত্রের লড়াই লড়ি, সেখানে সরকারের কাছ থেকে তো কোনো রিলিফ পাই না। শেষ পর্যন্ত আমরা আদালতের কাছেই রিলিফ পাই। ভারতবর্ষের গণতন্ত্র শক্তিশালী হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হলো এ দেশের বিচারব্যবস্থা।
প্রশ্ন: অভিষেক সম্পর্কে তোমার একেক সময় একেক রকম মূল্যায়ন থেকেছে। কখনও বলেছ পুত্রসম, কখনও বলেছ, ‘‘এখনও ঔদ্ধত্য যায়নি, সকলকে নিয়ে চলার মনোভাব তৈরি হয়নি।’’ অভিষেক সম্পর্কে তোমার সঠিক মূল্যায়নটা কী?
উত্তর: ২০২২ সালে আমি যে পরামর্শগুলি দিয়েছিলাম, সেগুলি যদি ও শুনত, তাহলে তো আজ এই পরিস্থিতি হতো না! আমি তো বলেছিলাম, অভিষেকের চারপাশে যে লোকগু্লি আছে, যে ছেলেগুলি আছে, তারাই অভিষেককে নষ্ট করছে— বলেছিলাম তো? অভিষেকের সেই ছেলেগুলিই আজ ওকে ছেড়ে অন্য শিবিরে চলে গিয়েছে!
- আপনার জন্য আরও কিছু লেখা
Shatarup Ghosh in Calcutta Dialogues: ‘ক্যালকাটা ডায়ালগস’ (Calcutta Dialogues)-এর ২৮তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিপিআই(এম)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম মুখ শতরূপ ঘোষ। সাক্ষাৎকারে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ, বামেদের সাংগঠনিক ভুলত্রুটি ও আত্মদর্শনের কথা, ২০৩১ সালের ব্লুপ্রিন্ট এবং ব্যক্তি শতরূপের সাংস্কৃতিক ও যাপিত জীবনের নানা দিক।
আর আমি অভিষেকের যতই সমালোচনা করি না কেন, আজও ওর পাশেই দাঁড়িয়ে রয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস— মমতাদির তৃণমূল কংগ্রেস— একটা পরিবার হয়েই থাকব। শুভেন্দু অধিকারী যত অত্যাচার করবে, আমরা ততই একজোট হয়ে থাকব!
প্রশ্ন: তুমি চারবারের সাংসদ, একবারের বিধায়ক। কিন্তু কখনও ৭ লক্ষ ভোটের ব্যবধানে জেতনি। এই যে ২০২৪ সালে অভিষেক ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষ ভোটের ব্যবধানে জিতলেন, এটা কীভাবে সম্ভব?
উত্তর: এতসব প্রশ্ন আর আমাকে কোরো না!
প্রশ্ন: যখন তোমরা ভোটচুরি বা ভোটপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছ, তখন এই পাল্টা প্রশ্নগুলি উল্টোদিক থেকে তো ওঠেই!
উত্তর: উঠতেই পারে, সেটাও আশ্চর্যের কিছু নয়।
প্রশ্ন: ভোটে বিপর্যয়ের পরে তৃণমূলের এত দ্রুত এই পরিস্থিতি হবে, তা কি ভাবতে পেরেছিলে?
উত্তর: একদমই না! আমি কেন, কোনো বাঙালিই কি ভাবতে পেরেছিল যে বাঙালি রাজনীতিবিদরা এমন বেইমান হতে পারেন? সংসদের বুকে আমরা গর্ব করে বলতাম— ‘বাংলার রাজনীতিবিদ’! এটা আমাদের অহংকার ছিল, গর্ব ছিল! কংগ্রেসের জমানায় কংগ্রেস, সিপিএমের জমানায় সিপিএম, আর আমাদের জমানায় আমরা— গোটা দেশ বাংলার ভালো ভালো রাজনীতিবিদদের দেখেছে।
সোমনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা কি কম গর্ব করি? এরপরেও তৃণমূলের বাঙালি রাজনীতিবিদরা যে এত লোভী হতে পারেন, এত গদ্দার হতে পারেন, তা ভাবাই যায় না! এরা বাঙালির কলঙ্ক! শুধু তৃণমূল নয়, এরা গোটা বাঙালি জাতির কলঙ্ক!
প্রশ্ন: তৃণমূলের বিপর্যয়ের পাঁচটা কারণ যদি নির্দিষ্ট করতে বলি, কী কী বলবে?
উত্তর: প্রথমত, এসআইআর। এভাবে যদি ভোট কাটা না যেত, তাহলে আমরা হারতামই না!
দ্বিতীয়ত, ভোট গণনা। গণনায় যেভাবে কারচুপি করা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় বাইরে থেকে কাউকে তা দেখতে দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী শেষ পাঁচ রাউন্ড সিআইএসএফ ও সিআরপিএফ দিয়ে লুট করেছে!
তৃতীয়ত, তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষাখাতটাকে এমনভাবে শেষ করে দিয়ে গেলেন যে সত্যিই কোমরটা ভেঙে গিয়েছে!
চতুর্থত, আরজি কর-কাণ্ড সঠিকভাবে সামলানো হয়নি।
আর পঞ্চম তথা মূল কারণ হচ্ছে আইপ্যাক। আইপ্যাকই সবচেয়ে বেশি চুরি করেছে! আইপ্যাক না থাকলে ২০২৬-এর ভোটে আমরাই জিততাম! আইপ্যাক সব শেষ করে দিয়েছে!
প্রশ্ন: যারা বিদ্রোহী শিবিরে গিয়েছে, আইনগত দিক দিয়ে তাদের ভবিষ্যৎ কী?
উত্তর: দলত্যাগীদের মামলায় সুপ্রিম কোর্ট থেকে ওদের সদস্যপদ খারিজ করাবই করাব! ওদের পদ যাবেই যাবে! আর উপনির্বাচন হলে ২০টার মধ্যে ২০টা আসনেই তৃণমূল জিতবে!
প্রশ্ন: নরেন্দ্র মোদী বা অমিত শাহের সঙ্গে সংসদ ভবনে দেখা হয়? তোমার সঙ্গে সম্পর্ক কেমন?
উত্তর: মোদীজির সঙ্গে আমার সম্পর্ক ভালো, উনি খুব ভদ্র ব্যবহার করেন। কিন্তু অমিত শাহ ভীষণ অহংকারী! দেশের মানুষ মোদীজির বিরুদ্ধে চলে গিয়েছে, ২০২৯ সালে মোদী সরকার ক্ষমতাচ্যুত হবে।
মুম্বই ও পুণেতে নতুন প্রজন্মের (জেন-জি) মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা মোদীর তীব্র বিরোধী এবং রাহুল গান্ধীর অনুরাগী। রাহুল গান্ধী যেভাবে মাটি কামড়ে লড়াই ও সংগ্রাম করে এসেছেন, তা অভূতপূর্ব! নতুন প্রজন্ম ও তরুণদের কাছে রাহুল গান্ধীই এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা।
প্রশ্ন: শুভেন্দু অধিকারী সম্পর্কে তোমার মূল্যায়ন কী?
উত্তর: শুভেন্দু আমার ছোট ভাইয়ের মতো ছিল। ও অত্যন্ত ভালো লড়াকু নেতা ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিল। কিন্তু মুকুল রায়ের চক্রান্ত এবং তৃণমূল যুব কংগ্রেস গঠনকে কেন্দ্র করে তৈরি হওয়া কোন্দলে পড়ে শুভেন্দু ভুল পথে চলে গিয়েছে।







