মেসির বাজিমাত না স্বপ্নভঙ্গ? আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া সেমিফাইনালের ফল বলে দিল গোপন তাস
FIFA World Cup 2022 : শেষ বিশ্বকাপে কার স্বপ্নভঙ্গ হবে – মেসির না মদরিচের? নানা প্রশ্ন, পরিসংখ্যান, ভবিষ্যৎবাণী আর তত্ত্বের মাঝে রক্তচাপ বাড়ছে ভক্তদের।

২০১০ ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) কথা নিশ্চয়ই মনে আছে? স্পেনের বিশ্বজয়, ভ্যান পার্সির উড়ন্ত গোলের মাঝে লাইমলাইট কেড়েছিলেন আরও একজন। একেবারে ‘অভিজ্ঞের’ মতো ভবিষ্যৎবাণী করছিলেন বিশ্বকাপের। এবং সেসব মিলেও যাচ্ছিল! এমনকী স্পেনের বিশ্বজয়ের খবরটাও ‘তারই’ দেওয়া। মানুষ নন; ইনি পল দ্য অক্টোপাস। বিশ্বকাপ মানে উন্মাদনা, উৎকণ্ঠা, প্রিয় দল, দেশের জন্য প্রার্থনা। ম্যাচ জিতলে বাঁধভাঙা উচ্ছ্বাস, হেরে গেলে কান্না। সেইসঙ্গে রয়েছে ভবিষ্যৎবাণী। অক্টোপাস পলের কথা এখনও ভোলেনি ফুটবল বিশ্ব। কলকাতা কিংবা ভারত বাংলাদেশের মাটিতে দেখা যায় ব্রাজিল, আর্জেন্টিনাকে ঘিরে পুজো, জ্যোতিষ গণনা। কুসংস্কারের বাইরে এসবও বিশ্বকাপ ফুটবলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।
সেই উন্মাদনার মধ্যেই শুরু হতে চলেছে ২০২২ কাতার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল। মুখোমুখি মেসির আর্জেন্টিনা এবং মদরিচের ক্রোয়েশিয়া। দিয়েগো মারাদোনার অকালমৃত্যুর পর কোপা আমেরিকা জিতেছে লা আলবিসেলেস্তেরা। এবার বিশ্বকাপের পালা। লিওনেল মেসি নামের জাদুকরের দিকেই তাকিয়ে আছে গোটা পৃথিবী। তাঁর মতোই আরেক জাদুকর রয়েছে ক্রোয়েশিয়া দলে। ‘এলএম ১০’ লুকা মদরিচও এই বিশ্বকাপে সোনা ফলাচ্ছেন। ম্যাচের এখনও কয়েক ঘণ্টা বাকি, তার আগেই উত্তেজনার পারদ তুঙ্গে।
- আপনার জন্য আরও কিছু লেখা
এই উত্তেজনার আবহেই শুরু হয়ে গিয়েছে ভবিষ্যৎবাণী। কে জিতবে প্রথম সেমি ফাইনাল? শেষ বিশ্বকাপে কার স্বপ্নভঙ্গ হবে – মেসির না মদরিচের? বিশ্বকাপই বা কে তুলবে? নানা প্রশ্ন, পরিসংখ্যান, ভবিষ্যৎবাণী আর তত্ত্বের মাঝে রক্তচাপ বাড়ছে ভক্তদের। ভবিষ্যৎবাণী বলার অন্যতম একটি মাধ্যম হল ট্যারট তাস। বিভিন্ন জ্যোতিষীরা এই বিশেষ তাসের সাহায্য নিয়ে থাকেন ভাগ্য গণনায়। আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের আগেও নিজেদের ঝোলা থেকে বের করেছেন তাসটি। কী বলছে সেই তাস?
ট্যারট তাসের প্রেডিকশন জানাচ্ছে, প্রথম সেমি ফাইনাল মোটেই সহজ হবে না। ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। একদিকে ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ক্রোয়েশিয়ার। অন্যদিকে, আর্জেন্টিনাও মেসি, ডি মারিয়া, এমি মার্তিনেজদের দৌলতে ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। তাস বলছে, দু’টো দল কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।
আর্জেন্টিনার কার্ড বলছে, যথেষ্ট লড়াই করতে হবে তাদের। প্রথম কার্ড ‘নাইন অফ ওয়ান্ডস’ বলছে বিপক্ষের দল যথেষ্ট বাধা দেবে আর্জেন্টিনাকে। বারবার প্রতিরোধের সামনে পড়তে হবে। অন্যদিকে রয়েছে ‘পেজ অফ ওয়ান্ডস’ কার্ড। এই তাস বলছে, যত বাধাই আসুক, যত কঠিন পরিস্থিতিই হোক, মেসিরা ঠিক সেখান থেকে পথ খুঁজে বেরিয়ে আসতে পারবেন। সব মিলিয়ে লড়াই হলেও শেষ হাসি অনেকটা আর্জেন্টিনার দিকেই ঝুঁকে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে ক্রোয়েশিয়াো নিজেদের লড়াইয়ের জায়গাটা তৈরি করে রাখবে। ‘এস অফ সোর্ডস’ এবং ‘দ্য চ্যারিয়ট’ কার্ড দু’টি জানাচ্ছে, ব্রাজিল ম্যাচের মতোই জানপ্রাণ দিয়ে লড়বে মদরিচরা। মেসিদের পরীক্ষার সামনে ফেলতে কোনও সুযোগই ছাড়বে না তারা। কিন্তু ট্যারট কার্ড রিডারদের ভবিষ্যৎবাণী, লড়াইয়ের পর আর্জেন্টিনার জেতার সম্ভাবনা বেশি। মেসিরাই ফাইনালে যাচ্ছেন, জানিয়ে দিচ্ছেন তাঁরা। এই সংবাদই হয়তো রক্তচাপ কিছুটা কয়ামতে পারে আর্জেন্টিনার ভক্তদের। আর মাত্র কয়েক ঘণ্টা। এখন কেবল ম্যাচের অপেক্ষা। বাকি ছবিটা সেখানেই পরিষ্কার হবে।






