কালিম্পংকে হারাল পুরুলিয়া, রাজধানী প্রায় হিমাঙ্কের কাছে, দিল্লিতে কি এবার বরফ পড়বে?
Cold Wave in North India West Bengal : ভয়াবহ শৈত্যপ্রবাহের দাপটে থরহরি কম্প দিচ্ছে আম জনতা। কুয়াশার জন্য রাস্তাঘাটে চলাই দায়। সেইসঙ্গে আছে প্রবল শীত।

“কোনওখানে জনমানব নাই”… রাস্তায় বেরোলে মনে হবে, আজ কি ভারত বনধ? দোকান বাজার সেভাবে খোলেনি। যেগুলো খুলেছে, তাড়াতাড়ি কাজ সেরে ঝাঁপ বন্ধ করে ফেলছে। রাস্তাঘাটে যেদিকে দু’চোখ যাচ্ছে, শুধুই ফাঁকা। বেশ খানিকটা সময় পেরলে এক-দু’জনকে দেখা যাচ্ছে। বাকি সময় ঘন কুয়াশা, আর হাড় কাঁপিয়ে দেওয়া ঠাণ্ডা হাওয়া। এই ছবিটা কেবল মধ্যপ্রদেশের নয়; গোটা উত্তর ভারত জুড়েই এমন অবস্থা। আগুনের কাছে দাঁড়ালেও যেন তাপ লাগছে না শরীরে।
বেশ কয়েকদিন ধরেই শীতের কামড়ে জবুথুবু গোটা উত্তর ভারত। দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর – সমস্ত জায়গায় জাঁকিয়ে বসেছে শীত। অবশ্য ‘জাঁকিয়ে বসা’ বোধহয় এর কাছে খুবই সামান্য শব্দ। ভয়াবহ শৈত্যপ্রবাহের দাপটে থরহরি কম্প দিচ্ছে আম জনতা। কুয়াশার জন্য রাস্তাঘাটে চলাই দায়। সেইসঙ্গে আছে প্রবল শীত।
Madhya Pradesh | Nowgong in Chhatarpur district recorded a record-low temperature of 0.5 degrees Celsius today, confirms MeT officer Dr Hemant Sinha.
Very few people seen on roads earlier this morning.
- আপনার জন্য আরও কিছু লেখা
Cold Stroke: ১৯৭০-১৯৮০ সালের তুলনায় ভারতে কোল্ড স্ট্রোকে মৃত্যুর হার দ্বিগুণ হয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Snowfall in Kolkata : রাস্তায় চলা হলুদ ট্যাক্সির গায়েও জমেছে সাদা বরফের আস্তরণ! কলকাতা জুড়ে নাকি বরফ পড়েছে!
৭ জানুয়ারিতে উত্তর ভারতের অবস্থা কেমন? এর আগে রাজস্থানের বিকানেরে তাপমাত্রা শূন্যের কাঁটা ছুঁয়েছিল। তবে এখন মরুরাজ্য রাজস্থানের আরও বেশকিছু জায়গার তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা ৬-র নিচে। বহু জায়গাতেই সর্বকালীন রেকর্ডে নেমেছে উষ্ণতা। যেমন মধ্যপ্রদেশ। এই মুহূর্তে এই রাজ্যের ছাতারপুর ও নওগংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ০.৫ ডিগ্রি সেলসিয়াস! এত নিচে এর আগে কবে পারদ নেমেছিল, মনে করতে পারছেন না বিশেষজ্ঞরা। অন্যদিকে, মাউন্ট আবুর তাপমাত্রা -৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে। জলের পাইপ জমে যাচ্ছে সেখানে।
রাজধানী দিল্লিতে কি এবার বরফ পড়বে? কনকনে ঠাণ্ডায় এই প্রশ্নটাই সবার মুখে মুখে ঘুরছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য জায়গা অনুযায়ী এই তাপমাত্রা আরও নেমে গিয়েছে। যেমন, দিল্লি রিজে পারদ নেমে যায় ১.৫ ডিগ্রিতে। ঘন কুয়াশার পাশাপাশি দিল্লির দূষণও প্রবলভাবে জাঁকিয়ে বসে আছে। ঠাণ্ডা আর কুয়াশার জোড়া ফলায় ভর করে এই দূষণ নিজের শক্তি বাড়িয়েছে। দিল্লি প্রশাসন ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু ঠাণ্ডা যত বাড়বে, পরিস্থিতি ততই সঙ্গিন হবে বলে জানা গিয়েছে।
আর পশ্চিমবঙ্গ? কয়েকদিন আগেও সেভাবে ঠাণ্ডা পড়ছে না বলে অভাব অভিযোগ করছিলেন বঙ্গবাসী। তবে এবার সেই অভিযোগ আর নেই। বরং উত্তর ভারতের কনকনে ঠাণ্ডা হাওয়া, শৈত্যপ্রবাহ এসে পড়েছে এই রাজ্যেও। পার্বত্য এলাকা কালিম্পংয়ের তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তাকেও হারিয়ে দিল পুরুলিয়া। পশ্চিমের এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি! কলকাতায়ও তাপমাত্রা ১০-১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা ১০-এর নিচে নেমেছে।
কী বলছে আবহাওয়া দফতর? শৈত্যপ্রবাহের সতর্কতা আগে থেকেই জারি করেছিল দিল্লির মৌসম ভবন। বেশকিছু জায়গায় জারি হয়েছে হলুদ, কমলা সতর্কতা। প্রবল শীতের দাপটে কয়েকজন মারাও গিয়েছেন। এই অবস্থায় এখনও কোনও আশার বাণী শোনাতে পারছে না আবহাওয়া দফতর। অন্তত ১১ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। উত্তর ভারত জুড়ে এমন অবস্থার এখনই কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। অবশ্য প্রবল ঠাণ্ডায় হাত জমে গেলেও, সোশ্যাল মিডিয়ায় মিম থামেনি। কলকাতা ও দিল্লির এমন তাপমাত্রা দেখে লোকে বলছে, বরফ এবার পড়ল বলে! সঙ্গে সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে বরফাবৃত কলকাতা ও দিল্লির ছবি সামনে এনেছেন নেট নাগরিকরা। কেবল ভারত নয়; বাংলাদেশও ঠাণ্ডায় কাঁপছে। ঢাকার তাপমাত্রাও ক্রমশ কমছে। তাহলে ঢাকাও কি বরফে ‘ঢাকা’ পড়বে? এআই প্রযুক্তি সেই ছবিও তুলে এনেছে।






