এটাই শেষ বিশ্বকাপ ছিল নেইমারের? ইঙ্গিত যে দিকে...
FIFA World Cup 2022 : পেলেকে স্পর্শ করলেন নেইমার। কমেন্ট্রি বক্সও তখন উত্তেজনায় ফেটে পড়ছে। কিন্তু তারপরই…

পেনাল্টি শ্যুট আউটে মার্কুইনোসের মারা শটটি বারপোস্টে লাগার পর কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে যেন একটা বাজ পড়ল। অগুনতি হলুদ-সবুজ জার্সি পরিহিত সমর্থকদের হাসি মুখ থম মেরে গেল। কান্না আর বাঁধ মানল না। তাঁদের সম্রাট হাসপাতালে সংকটজনক অবস্থায়। স্বপ্ন ছিল, ২০২২-এ দেশের হাতে ষষ্ঠবার বিশ্বকাপ তুলে দেবেন। আনন্দে ভাসবেন। একটা মিস সেই স্বপ্ন ভেঙে দিল। ৯ ডিসেম্বর রাতে আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চূর্ণ হল ব্রাজিলের। প্রি কোয়ার্টার ফাইনালের সাম্বা ম্যাজিকের পর এমন ফলাফল অনেকেই প্রত্যাশা করতে পারেননি।
প্রত্যাশা করেননি সাও পাওলোর বছর তিরিশের ছেলেটাও। কোপা আমেরিকায় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হারের পর বিশ্বকাপের মঞ্চটাই ছিল সব। গ্রুপ পর্যায়ের ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর নক আউটে ফের ফিরে এলেন তিনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত গোলের পরও মেতে উঠেছিলেন চিরাচরিত ভঙ্গিতে। তারপরই সমস্তটা ওলটপালট হয়ে গেল। পেনাল্টির পর মাঠেই ভেঙে পড়েছিলেন নেইমার দা সিলভা সান্টোস জুনিয়র। ব্রাজিলের সতীর্থরা জড়িয়ে ধরলেন তাঁকে। নেইমারের সঙ্গে রইলেন থিয়াগো সিলভা। ঘটনাচক্রে এটা তাঁর শেষ বিশ্বকাপ। একই অবথা দানি আলভেসেরও। এতো তাড়াতাড়ি বিদায় নেবেন, তিনিও ভাবতে পারেননি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Brazil knocked out: রদ্রিগোর শট বাঁচিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের স্বপ্নভঙ্গ করলেন ক্রোয়েশিয়ার সেই গোলরক্ষক লিভাকোভিচ।
এগিয়ে এলেন লুকা মদরিচরাও। পেরিসিচের কিশোর ছেলেটিও বাবার জয়ের আনন্দের মাঝে চলে এল নেইমারের কাছে। কান্নাভেজা নেইমার তাঁকে কাছে টেনে নিলেন। ১০৫ মিনিটের মাথায় ওয়াল খেলে ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচকে কাটিয়ে গোল করলেন। ব্রাজিলের হয়ে ৭৭ তম গোল। পেলেকে স্পর্শ করলেন নেইমার। কমেন্ট্রি বক্সও তখন উত্তেজনায় ফেটে পড়ছে। কিন্তু তারপরই…
এরপরই সাংবাদিকদের সামনে ছোটখাটো বোমা ফাতালেন নেইমার। এরপরও তো বিশ্বকাপ আসছে। তখন তো আবার তাঁকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তরেই খানিক হেঁয়ালি রাখলেন ৩০ বছরের যুবক নেইমার। তিনি জানালেন, জাতীয় দলে খেলার রাস্তা তিনি এখনই বন্ধ করছেন না। কিন্তু ২০২৬-এর পরবর্তী বিশ্বকাপে তিনি ফের ব্রাজিলের জার্সি পরবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নন। নেইমারের ভাষায়, “আমি যে আবার দেশের জার্সিতে ফিরব, তার ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারছি না। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। ব্রাজিল এবং আমার জন্য কোনটা সঠিক, সেটা নিয়ে আরও ভাবতে চাই”।
- আপনার জন্য আরও কিছু লেখা
FIFA World Cup 2022 : ১০৫ মিনিটে নেইমারের দুরন্ত গোলের পর আশায় লাফিয়ে উঠেছিলেন ব্রাজিল সমর্থকরা। কিন্তু শেষমেশ নেমে এল একরাশ হতাশা।
তিনটে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামলেন নেইমার। মেসি-রোনাল্ডো পরবর্তী যুগের অন্যতম প্রতিভা বলা হতো তাঁকে। তিনি সেই প্রতিভার সদ্ব্যবহার করতে পেরেছেন কিনা, সেটা আলাদা বিতর্কের বিষয়। কোপা আমেরিকা, অলিম্পিকের সাফল্যের পর বিশ্বকাপটাও ঘরে নেওয়ার জন্য আকুল তিনি। কিন্তু হল না কোনওবারই। ব্যালন ডি অরও এখনও অধরা। ব্রাজিলের গায়ে এখনও ২০১৪-র জার্মানি ম্যাচের কালিমা লেগে আছে। ঘরের মাটিতে ৭-১ গোলে পরাজয়ের সময় নেইমার টিমে ছিলেন না। তাই ২০২২-এ প্রাণপণ চেষ্টা করেছিলেন তিনি।
কিন্তু, বিধি বাম! এই মুহূর্তে নেইমারের বয়স ৩০ বছর। ২০২৬ সালে তিনি হবেন ৩৪। ফুটবলের বিচারে তখনও হয়তো খেলার সুযোগ থাকবে। মেসি, রোনাল্ডো, মদরিচ প্রত্যেকেই ফুটবলের বিচারে অবসরের দোরগোড়ায়। মেসি ঘোষণা করেই দিয়েছেন এটাই হবে তাঁর শেষ বিশ্বকাপ। তবুও ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখাচ্ছেন তিনজনেই। ৩৭ বছর বয়সেও অবিশ্বাস্য তারুণ্য যেন ভর করেছে ক্রোয়েশিয়ার লুকা মদরিচকে। ব্রাজিল ম্যাচেই এক দঙ্গল তরুণদের সামনে ১২০ মিনিট ধরে লড়ে গেলেন। গোটা মাঠ ছুটে বেড়ালেন। মেসি নিজের জাদু ছড়াচ্ছেন মাঠে। আর সেই মেসিরই প্রিয় সতীর্থ নেইমার আর খেলবেন না ব্রাজিলের হয়ে?
- আপনার জন্য আরও কিছু লেখা
Fifa WorldCup 2022 : শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন হার্ট আট্যাক হয় গ্রান্ট ওয়াহেলের
এমন কথা মানতে পারছেন না ব্রাজিলের অতি বড়ো সমর্থকও। এখনও টিমের প্রাণভোমরা তিনি। ফুরিয়ে যে যাননি, সেটা বুঝিয়ে দিয়েছেন বারবার। গোলসংখ্যায় পেলেকে স্পর্শ করেও দুঃখে ভেঙে পড়েছেন নেইমার। বিশ্বকাপ যে এল না! সাম্বা জাদু বারবার মুছে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের সামনে। ম্যাচের পর অবশ্য ব্রাজিল ভক্তদের একটাই প্রশ্ন, অমন বিপজ্জনক সময় নেইমারের মতো অভিজ্ঞ স্ট্রাইকার কেন পেনাল্টি নিতে গেলেন না? উত্তর নেই এখনও…
এদিকে কোয়ার্টার ফাইনালে হারের পরই চূড়ান্ত পদক্ষেপ নিলেন ব্রাজিলের কোচ তিতে। ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নের কারিগর ছিলেন তিনি। সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় সরে গেলেন তিনি। বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন, এমন কথা আগেও বলেছিলেন। সেই ‘কথা’ই তিনি রাখলেন নিজের কাছে। সেইসঙ্গে বললেন, নেইমারকে পাঁচ নম্বরে পেনাল্টিতে পাঠানোর পরিকল্পনা হয়েছিল। কিন্তু তার আগেই অমন হবে, কে জানত!
আপাতত গোটা ব্রাজিল তাকিয়ে আছে নেইমারের দিকে। শোকের দিন কেটে গেলে কি ফের ফিরে আসবেন নেইমার? নাকি এই বয়সেই অবসর নেবেন তিনি? আশঙ্কা জিইয়ে রাখলেন ‘ওয়ান্ডার বয়’। সামনের বছর ফের ঝাঁপাবেন রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়ররা। ভুল শুধরে নিয়ে আরও শক্তি বাড়িয়ে হয়তো ফিরবেন মাঠে। সেইদিকেই তাকিয়েথাকবে আপামর বিশ্ব। সেই হলুদ ক্ষেতের সওদাগর হিসেবে নেইমার থাকবেন কিনা, সেটা নিয়েই রয়ে গেল হাজার সংশয়।







