সন্তান প্রসবের সময় প্রতি দু'মিনিটে মারা যাচ্ছেন একজন মা! ভয়াবহ যে তথ্য উঠে এল সমীক্ষায়
Woman Dies During Pregnancy : প্রসূতি মৃত্যুর এমন ভয়ংকর পরিসংখ্যানের ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-ও (WHO)। শিরদাঁড়ায় রীতিমতো ঠাণ্ডা স্রোত খেলে যাচ্ছে!

মা – এই শব্দটির অর্থ কাউকে বুঝিয়ে দিতে হয় না। বিশ্বের যে কোনও প্রান্তের, যে কোনও সংস্কৃতি, ভাষার মানুষ হন না কেন, ‘মা’ ডাকের আবেদন সমস্ত জায়গাতেই সমান। সেই মায়েদের জীবনই এখন সংকটে। সম্প্রতি নারীদের স্বাস্থ্য নিয়ে একটি বিশেষ রিপোর্ট পেশ করেছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনস (UN)। সেখানেই উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। সেই রিপোর্ট অনুযায়ী, সন্তান প্রসব করতে গিয়ে গোটা বিশ্বে প্রতি দুই মিনিটে একজন করে মা মারা যাচ্ছেন! প্রসূতি মৃত্যুর এমন ভয়ংকর পরিসংখ্যানের ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-ও (WHO)। যা শুনে শিরদাঁড়ায় রীতিমতো ঠাণ্ডা স্রোত খেলে যাচ্ছে!
রাষ্ট্রপুঞ্জের এই বিশেষ রিপোর্টে ২০০০ থেকে ২০২০ – মোট ২০ বছরের পরিসংখ্যান উঠে এসেছে। ভারত তো বটেই, গোটা বিশ্বের বিভিন্ন দেশ জুড়ে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এমন ভয়াবহ ছবি। রিপোর্ট অনুযায়ী, কেবল ২০২০ সালেই প্রতিদিন প্রসবের সময় প্রায় ৮০০ জন মহিলার মৃত্যু হয়েছে। হিসেব বলে, প্রতি দুই মিনিটে একজন! ওই বছরে প্রায় ২ লক্ষ ৮৫ হাজার জন প্রসূতির মৃত্যু হয়েছে। হয় গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতায়, নয়তো প্রসবকালীন অবস্থায় বেশিরভাগ মৃত্যু ঘটেছে। মায়েদের স্বাস্থ্য নিয়ে যা ভয়ংকর ছবি তুলে ধরেছে।
কিন্তু সামগ্রিক দিক থেকে বিচার করলে কেমন ছবি উঠে আসছে? গবেষকরা বলছেন, এই ২০ বছরে গোটা বিশ্বে প্রসূতি মৃত্যুর সংখ্যাটা কমেছে বেশ খানিকটা। ২০০০ সালে প্রতি এক লক্ষের মধ্যে ৩৩৯ জন মহিলার মৃত্যু হয়েছে। ২০২০-তে সেই সংখ্যাটি ২২৩। অন্যদিকে, একেকটি অঞ্চলে প্রসূতি মৃত্যুর হার একেক রকম। সবচেয়ে বেশি প্রসূতির মৃত্যু হয়েছে আফ্রিকা মহাদেশে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও প্রসূতি মৃত্যুর হার বেশির দিকেই। বরং তুলনায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো জায়গায় এই হার নিম্নমুখী।
আর ভারত? ২০০০ থেকে ২০২০-র মধ্যে ভারতের প্রসূতি মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশ কমলেও সংকট এখনও রয়েছে। ২০২০ সালে নাইজেরিয়ায় অন্তত ৮২,০০০ মহিলা সন্তান প্রসব করতে গিয়ে মারা গিয়েছেন। তারপরই রয়েছে ভারত। এই দেশে সেই সংখ্যাটি অন্তত ২৪,০০০! আগের থেকে কমলেও, সামগ্রিক বিচারে এখনও ভারতে প্রসূতি মৃত্যুর হার বেশ বেশিই। পশ্চিমবঙ্গের অবস্থাও প্রায় একইরকম।
কেন এরকম অবস্থা? গবেষকদের বক্তব্য, এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা তো রয়েছেই। গর্ভাবস্থায় অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়া, রক্তাল্পতা এইডস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেকেই সেই জটিলতা সহ্য করতে পারেন না। সেইসঙ্গে আছে সামাজিক, আর্থিক পরিস্থিতি। বাল্যবিবাহের মতো সমস্যা আজও ঘোর বাস্তব। সেইসঙ্গে গর্ভবতী মায়েদের ওজন কম হওয়া, অনিয়ন্ত্রিত গর্ভধারণ, হাসপাতালের দুরবস্থা, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অভাব সহ আরও নানাবিধ সমস্যা আছে। সেই সমস্ত সমস্যারই ফলাফল এই পরিসংখ্যান। একবিংশ শতকের এই আধুনিক দুনিয়ায় যা অত্যন্ত ভয়াবহ।






