মেসি-রোনাল্ডোর সঙ্গে এক মঞ্চে বিগ বি! আরব্য রজনীর দ্বৈরথে যে ভাবে জুড়ে রইল ভারতও
Amitabh Bachchan in Saudi Arabia Messi vs Ronaldo : সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে জড়িয়ে রইল ভারতও। জড়িয়ে রইলেন আরেক কিংবদন্তি – অমিতাভ বচ্চন।

মেসি বনাম রোনাল্ডো। বর্তমান সময়ের ফুটবল বিশ্বে এখনও এর থেকে বড়ো দ্বৈরথ বোধহয় আর নেই। সেই স্পেনের মাটিতে এল ক্লাসিকোর সময় থেকে দুই সেরা ফুটবল প্রতিভার সেয়ানে সেয়ানে টক্কর। কখনও এগিয়ে যান লিওনেল মেসি, কখনও আবার পাল্টা মার দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এল ক্লাসিকোর সেই সোনালি দিন এখন অতীত। কিন্তু সেই দ্বৈরথ এখনও থামেনি। বহু বছর পর এবার আরবের মাটিতে মুখোমুখি হলেন রোনাল্ডো এবং মেসি। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে জড়িয়ে রইল ভারতও। জড়িয়ে রইলেন আরেক কিংবদন্তি – অমিতাভ বচ্চন।
ম্যাচ তখন শুরু হবে। দু’টো দলই মাঠে নেমে পড়েছে। রেফারিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি তুলছেন সবাই। পুরনো সতীর্থদের দেখে ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন রোনাল্ডো। এর মধ্যেই তাঁর চমকপ্রদ এন্ট্রি! কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন প্রবেশ করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনিই ছিলেন ১৯ জানুয়ারির ম্যাচের প্রথান অতিথি। সৌদি আরবের আল নাসের ক্লাবের প্রেসিডেন্ট নিজে তাঁকে নিয়ে এলেন মাঠে। একে একে সবার সঙ্গে আলাপ করলেন বিগ বি। মেসি, রোনাল্ডোদের সঙ্গে হাত মেলালেন হাসিমুখে। সামান্য কথাবার্তাও হল। তারপর খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলা হল। সব মিলিয়ে বেশ এলাহি আয়োজন।
T 4533 - "An evening in Riyadh .. " what an evening ..
Cristiano Ronaldo, Lionel Messi, Mbape, Neymar all playing together .. and yours truly invited guest to inaugurate the game .. PSG vs Riyadh Seasons ..
Incredible !!!
— Amitabh Bachchan (@SrBachchan)
এদিকে ভারতের বহু দর্শকই মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখার জন্য স্ক্রিনে চোখ রেখেছিলেন। তাঁরাও অমিতাভ বচ্চনকে দেখে অবাকও হন, পাশাপাশি উল্লসিতও হন। বিগ বি ইদানীং বেশ ব্যস্ত। কেবিসি অর্থাৎ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ হোক বা ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো সিনেমা – শ্যুটিংয়ের মধ্যেই কাটছে তাঁর। বয়স হয়েছে, তবুও কাজে শিথিলতা নেই। তার মধ্যেই সময় বের করে উপস্থিত হয়েছেন সৌদি আরবে।
কিন্তু অমিতাভ বচ্চন কেন? বলিউডের দৌড় কেবল ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের নানা জায়গায় পৌঁছে গিয়েছে ভারতের সিনেমা। রাশিয়ায় মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তাই হোক, বা বিদেশের মঞ্চে অমিতাভ-শাহরুখ – বলিউডি সিনেমা অনেক দেশেই রমরমিয়ে চলে। বাদ নেই মধ্য প্রাচ্যের দেশগুলি। অমিতাভ বচ্চন, শাহরুখ খানরা সেখানেও সুপারস্টার। সৌদি আরব হোক বা কাতার, আবু ধাবি, দুবাই – বিগ বি-র ক্যারিশমা সব জায়গাতেই সমান। তাই এমন বড় ম্যাচে তিনি না এলে চলে নাকি!















