সেই অদ্ভুত ভাল লোকটা, 'সুপারহিরো' ছাড়া কী বলব তোমায়?
Father's Day 2023: ইদানীং মনে মনে দেখি আমার মত বয়সের সেই খুদে বাঙাল কিশোর 'তুমি'টাকে। কতবার দেখেছি, অবাক হয়েছি আর ভেবেছি ক্লান্তি আর কর্তব্যের মধ্যে দাঁড়িয়ে থাকা সেদিনের সেই অস্থিরচিত্ত মানুষটা আদতে তুমি।

প্রিয় বাবা,
চিঠি লিখতে বসেছি তোমায়। তাও আবার এমন চিঠি যা হয়ত পড়বেন একদল অচেনা পাঠক। জানো বাবা, ছেলেবেলা থেকেই মা ছিল আমাদের কাছে একটা গোটা বাড়ি। আর তুমি, কিছুটা স্কুলের মতো। ভালো, কিন্তু বাড়ির চেয়ে কম পছন্দের। জলপাইগুড়ির মফস্বল এলাকায় বড় হওয়া। ছোটবেলার কথা চিন্তা করলে তোমার কথাই মনে আসে সবার প্রথমে। ছেলেবেলার প্রিয় বাহন বলতে ছিল সাইকেল। সেই সাইকেল শেখা থেকে প্রতিদিন নিয়ম মেনে তিনটে করে নতুন ইংরেজি শব্দ শেখা, সবই তোমার কাছে।
তোমার নিশ্চয়ই প্রতিদিনের কথা একেবারে ধরে ধরে মনে নেই। আমার কিন্তু সে তুলনায় অনেক কিছুই মনে আছে। আমাদের চারপাশের ঘটনা, তার মধ্যে মিশে থাকা সমাজ, রাজনীতির একথা-সেকথা সেই বয়স থেকেই শুনতাম তোমার মুখে। শুনতাম তোমার ছোটবেলার গল্প, নতুন দেশ, বদলে যাওয়া, চারপাশে পাক খেতে থাকা জীবন। ইদানীং মনে মনে দেখি আমার মত বয়সের সেই খুদে বাঙাল কিশোর 'তুমি'টাকে। কতবার দেখেছি, অবাক হয়েছি আর ভেবেছি ক্লান্তি আর কর্তব্যের মধ্যে দাঁড়িয়ে থাকা সেদিনের সেই অস্থিরচিত্ত মানুষটা আদতে তুমি। ঝড় জল, বৃষ্টি, ধর্মঘট, লোডশেডিং - মফস্বলের শহরপ্রান্ত জুড়ে যাই ঘটে যাক না কেন, তোমাকে কখনো ক্লান্ত হতে দেখেছি? মনে পড়ে না। সুপারহিরো ছাড়া কী বলব তোমাকে?
শক্ত থেকে কীভাবে হাসিমুখে, চোয়াল শক্ত করে ঠান্ডা লড়াই চালিয়ে যেতে হয়, তোমার থেকেই শিখেছি কিছুটা। বঙ্কিমের দেবী চৌধুরানী উপন্যাসের ব্রজেশ্বর ভেবেছিলেন পিতা স্বর্গ, পিতা ধর্ম। এসব আজকের আমার কাছে হাস্যকর। ধর্ম আমি এখনো খুঁজে বেড়াচ্ছি, বলা ভালো হাতড়াচ্ছি। আমার কাছে তুমি তাই স্রেফ একটা মানুষ। একজন একইসঙ্গে গণ্যমান্য, প্রিয় এবং যাবতীয় ঝগড়া-অশান্তির বন্ধু। কখনও পছন্দের মাস্টারমশাই। উইলিয়াম স্মার্টের মতই সৈনিক। সেই অদ্ভুত ভাল লোকটা।
গতবছর আজকের দিনে বলেছিলে, “কই, আজ যে বলে ফাদার্স ডে। আমার জন্য ফেসবুকে তো কিছু লিখলি না!” তোমার জন্য অঙ্ক আর ইংরেজির টাস্ক ছাড়া তেইশ বছরে আর কী-ই বা লিখলাম? তাও সেগুলো তখন ভুলই হত বেশি। এবার এই চিঠিটা লিখলাম, মন থেকে। এবারেও ভুলগুলো ধরিয়ে দিও। তুমি ঠিকই বলেছিলে একবার, চিঠিতে এমন অনেক ম্যাজিক থাকে যা আমাদের এই টুংটাং মোবাইলে নেই। তখন মানিনি। আজ শেষমেশ লিখেই ফেললাম। খুশি হলে তো বাবা?
ভালো থাকো, রোজ। জীবন শতায়ু হোক। প্রতিদিন ভালো হোক।
ইতি
তোমার চির-প্রশ্রয় আর
স্নেহের 'বাবু'
















