৫০০ টাকা দিলেই জেলের ভিতর রাত কাটানোর সুযোগ! কোথায় রয়েছে এমন অদ্ভুত ব্যবস্থা?
Real Jail Experience Tourists India : শখ করে কি কেউ কখনও জেলে রাত কাটিয়েছে? এমনটা হয় নাকি?

জেলে যেতে কি কারও ভালো লাগে? গরমে, অন্ধকারে, গারদের ওপারে দিনের পর দিন কাটাতে কেউই তো চায় না। তবুও অপরাধ করলে তো জেলে যেতে হবেই। ওটা তো আনন্দের জিনিস নয়। বিশ্বজুড়ে অনেক ভয়াবহ কারাগারের বর্ণনাও রয়েছে। কিন্তু ধরুন, আপনার হঠাৎ শখ হল, একরাত একটু জেলে কাটিয়ে আসবেন। জীবনে কোনও অন্যায়, অপরাধ করেননি; তাই বলে এমন এক অভিজ্ঞতা হাতছাড়া করতে চান না। শখ করে কি কেউ কখনও জেলে রাত কাটিয়েছে? এমনটা হয় নাকি?
আগে হতো না, সেটা নিশ্চিত। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। লোহার গরাদ আর কারাগারের ঘুপচি ঘরও ‘ট্যুরিস্ট ডেস্টিনেশন’ হতে পারে! অপরাধ না করে, কোনও শাস্তি না পেয়েও জেলের অভিজ্ঞতা এখন নিতেই পারেন। গারদের ওপারে কাটিয়ে দিতে পারেন একটা রাত। অন্য কোথাও যেতে হবে না, খোদ ভারতেই রয়েছে এমন অভিনব ঘোরার ব্যবস্থা! তার জন্য মাত্র ৫০০ টাকা খরচ করতে হবে আপনাকে। কিন্তু কোথায় রয়েছে এমন সুযোগ?
উত্তরাখণ্ডের হালদওয়ানি কারাগার। ১৯০৩ সালে, ব্রিটিশ শাসনের সময় এই জেল কমপ্লেক্সটি তৈরি হয়েছিল। জেলের একটি অংশে রয়েছে পুরনো অস্ত্রাগার, এবং ছয়টি স্টাফ কোয়ার্টার। এই অংশটিকেই ঢেলে সাজানো হয়েছে। এখানেই তৈরি হয়েছে ‘জেল ট্যুরিজম’। ছোট্ট ছোট্ট কুঠুরির বাইরে লোহার গরাদ, ভেতরে জেলের বিছানা। পর্যটকরা যারা থাকতে চান, জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপর ৫০০ টাকা দিলেই এক রাতের জন্য ‘জেলে পুরে দেওয়া হবে’ আপনাকে। সঙ্গে থাকবে জেলের পোশাকও! কারাগারের ক্যান্টিনেই তৈরি হবে আপনার বিশেষ খাবার। অপরাধ না করেও, এভাবেই জেলের অভিজ্ঞতা নিতে পারবেন উত্তরাখণ্ডে।
ইদানিং এমন ভ্রমণের ব্যবস্থা গোটা বিশ্বেই একটু একটু করে বাড়ছে। সমস্তরকম ভাবে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে। তিনি যাতে অভিনব মুহূর্ত উপহার পান, এমন মুহূর্ত যা সারাজীবন একসঙ্গে থাকবে, তারই চেষ্টা করা হচ্ছে এই জেল ট্যুরিজমে। এতে জেলের কোষাগারও ভরবে, মানুষ অন্যরকম একটা অভিজ্ঞতাও পাবে।
তবে কেবল ভ্রমণের জন্যই এমনটা হয় না, জ্যোতিষচর্চা, গ্রহদোষ কাটানোর জন্যও অনেকেই এক রাতের জন্য উত্তরাখণ্ডের এই হালদওয়ানি কারাগারে উপস্থিত হন। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই আছেন, যারা কোনও জ্যোতিষীর কাছে কোষ্ঠীবিচারের পর এখানে আসেন। কেন? তাঁদের কুণ্ডলীতে নাকি ‘বন্ধন যোগ’ রয়েছে। এই যোগ থাকলে নাকি সেই মানুষটির জেলে যাওয়া নিশ্চিত! তাই সেই ‘ফাঁড়া’ কাটাতে হালদওয়ানি জেলে এসে এক রাত কাটিয়ে যান অনেকেই। এমন অদ্ভুত ভ্রমণের কথা আগে কখনও শুনেছেন? আপনিও কাটাবেন নাকি এই জেলে? অভিজ্ঞতা নিয়ে দেখতেই পারেন।















