কুয়াশায় ঝাপসা পথঘাট, বাঁধ মানছে না লেপ-কম্বলও, আর কতদিন কামড় বসাবে শীত?
Cold Wave in India : পাঞ্জাব থেকে পুরুলিয়া, দিল্লি থেকে কলকাতা, সবার মনে একটাই প্রশ্ন, শৈত্যপ্রবাহ কবে যাবে, সুপর্ণা?

বাইরে বেরোলেই ঘিরে ধরছে একরাশ কুয়াশা। এতটাই বেশি যে গাড়ি চালানোই দুষ্কর। সেইসঙ্গে ঠাণ্ডার দাপট এমন, লেপ-কম্বলও হার মানছে তার কাছে। গোটা উত্তর ভারতের অবস্থা এখন এটাই। শৈত্যপ্রবাহের দাপট এমন ভয়ংকর জায়গায় চলে যাবে, ভাবেনি কেউ। এবার অবশ্য উত্তর ভারত নয়, দক্ষিণের তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশেও কিছু জায়গায় তাপমাত্রা নেমেছে তিনের নিচে। পাঞ্জাব থেকে পুরুলিয়া, দিল্লি থেকে কলকাতা, সবার মনে একটাই প্রশ্ন, শৈত্যপ্রবাহ কবে যাবে, সুপর্ণা?
মোটামুটি বড়দিন থেকে একটু একটু করে পারদ নামতে শুরু করেছিল। নতুন বছর আসার আগেই চলে আসে শৈত্যপ্রবাহ। একটু একটু করে নিজের খেল দেখাতে শুরু করে শীত। এমনই তার দাপট, মানুষের মৃত্যুও হয়। দিল্লি, পাঞ্জাব, রাজস্থান সহ বিস্তীর্ণ জায়গায় তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। রাজস্থানের কিছু জায়গায় পারদ শূন্যের ঘরে চলে যায়। এমনই অবস্থায় নতুন করে আবহাওয়ার আপডেট দিল ইন্ডিয়ান মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট বা IMD।
কী বলছে নতুন আপডেট?
IMD বলছে, আগামী ২৪ ঘণ্টা এই শৈত্যপ্রবাহ গোটা ভারতে জারি থাকবে। তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে। জাঁকিয়ে ঠাণ্ডার কামড় পড়বে এখনও একটি দিন। তবে উত্তর-পশ্চিম ভারতে ২৪ ঘণ্টার পর তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে সেখানে একটু একটু করে কাটতে পারে শৈত্যপ্রবাহের দাপট। তবে দুর্যোগ এখনও শেষ হয়নি।
কোথায় কোথায় কমছে শৈত্যপ্রবাহ?
IMD সূত্রে জানা গিয়েছে, ৯ জানুয়ারি পর্যন্ত উত্তর রাজস্থান, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তেলেঙ্গানায় শৈত্যপ্রবাহ চলবে। তারপর একটু কমতে পারে শীতের দাপট। বিদর্ভ, ছত্তিসগড়, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে শৈত্যপ্রবাহ। তবে তারপরও কিছু কিছু জায়গায় একটু হলেও ঠাণ্ডার কামড় থাকবে। সামগ্রিকভাবে, আগামী ২৪ ঘণ্টা পর তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১০ জানুয়ারি রাতের দিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। মূলত তার জন্যই উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে। সেটি যত এগোবে, শীত তত কমবে। কিন্তু উল্টোদিকে শুরু হবে বৃষ্টি। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশের বেশকিছু জায়গায় ভারী বৃষ্টি কিংবা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১১-১৩ জানুয়ারির মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশেও হালকা বৃষ্টির সম্ভাবনা।
তবে…
পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর ফের শীতের দাপট শুরু হবে কিনা, সেটা নিয়ে এখনই কিছু বলেনি আবহাওয়া দফতর। তবে আগামী ৩-৪ দিন কুয়াশার দাপট কয়েকগুণ বাড়বে, সেটা জানিয়েছে IMD। সেজন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে বেশকিছু রাজ্যে। ইতিমধ্যেই কুয়াশা, শীত ও দূষণের ত্রিফলা আক্রমণের জন্য দিল্লিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ১৫ জানুয়ারি পর্যন্ত সেখানে স্কুল বন্ধ করা হয়েছে। পাশাপাশি বিহার, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানে কুয়াশার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, উত্তরের অধিকাংশ রাজ্যেই এই কুয়াশা দেখা যাবে। ফলে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা। সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গও…
বাংলার অবস্থা কেমন?
শীতের দাপটে কলকাতা সহ গোটা বাংলাই থরহরি কম্প দিচ্ছে। কলকাতার তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও জেলায় পারদ নেমেছে ১০-র নিচে। দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি খেল দেখাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এমনকী মেদিনীপুরও। তবে আগামী তিনদিন তাপমাত্রা এরকমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপর ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরের ঠাণ্ডা হাওয়া ঢুকতে পারবে না। ফলে পারদ একটু বাড়বে। কিন্তু ১৪ তারিখের পর এই ঝঞ্ঝা সরে গেলে ফের জাঁকিয়ে বসতে পারে শীত। তবে কুয়াশার দাপট থাকবে প্রবলভাবে। তাই রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করার কথা বলেছেন আবহাওয়াবিদরা।















