শুকিয়ে খা খা করছে খাল, ভেনিসের রোম্যান্টিক গন্ডোলা যাত্রা কি একেবারেই অতীত?
Italy Venice Canals Run Dry : যেটুকু জল রয়েছে সেটা না থাকারই মতো। আর সেই কাদা মাটির মধ্যেই মুখ থুবড়ে পড়ে আছে সাধের গন্ডোলাগুলি।

চারিদিকে পুরনো দিনের ঐতিহ্যবাহী সব বাড়ি, যার প্রতিটা ইট ইতিহাসের কথা বলে। সুন্দর আবহাওয়া, চারিদিকে আলো ঝলমলে শহরের মধ্যে দিয়ে একটা নৌকা চলেছে। আপনি প্রিয় মানুষটির সঙ্গে সেখানে বসে আছেন। চারদিকের পরিবেশ সেই রোম্যান্টিক হাওয়াকে আরও বাড়িয়ে দিচ্ছে। ভেনিস শহরটা ঠিক এমনই ছবির মতো। একইসঙ্গে সুন্দর, ঐতিহাসিক এবং রোম্যান্টিক। আর গোটা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে একের পর এক খাল। টলটল খালের জলে চলছে বিশেষ এক ধরনের নৌকা – ‘গন্ডোলা’। বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্য ইতালির এই প্রসিদ্ধ শহর।
ভেনিসের এমন ছবিই আমাদের চোখের সামনে ঘোরে। একু হয়তো সেখানে গিয়েছেন, কেউ এখনও গিয়ে উঠতে পারেননি। কিন্তু ভেনিসের সৌন্দর্য, বিস্তৃত খাল আর গন্ডোলার সঙ্গে ছবির মাধ্যমেই পরিচিতি হয়ে গিয়েছে। কিন্তু গত কয়েকদিনে সেই ছবিটা একেবারে উল্টে গিয়েছে। সুন্দর, ঝকঝকে ছবি এখন শুকনো, ফ্যাকাসে, হতাশার। কেন? ভেনিসের প্রসিদ্ধ খালগুলির অধিকাংশের জল প্রায় শুকিয়ে গিয়েছে। নিচের থকথকে কাদা উঠে এসেছে, যেটুকু জল রয়েছে সেটা না থাকারই মতো। আর সেই কাদা মাটির মধ্যেই মুখ থুবড়ে পড়ে আছে সাধের গন্ডোলাগুলি।
ভেনিস ইতালির এমন একটি শহর, যেখানে কোনও গাড়ি চলে না। কোনও বড় রাজপথও নেই। গোটা শহরে ১০০ টিরও বেশি দ্বীপ রয়েছে; আর প্রতিটা দ্বীপের সঙ্গে যোগসূত্র স্থাপন করছে এই খালগুলি। মোট ১৭৭টি খাল ছড়িয়ে রয়েছে ভেনিসজুড়ে। সেটাই ভেনিসের যাতায়াতের মাধ্যম। এই খাল আর গন্ডোলায় চড়ে কেবল পর্যটকরা নন, স্থানীয় মানুষরাও যাতায়াত করেন। হঠাৎ করে সেই খাল শুকিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের। পর্যটকরাও অত্যন্ত হতাশ। ভেনিসের এমন ছবি দেখতে হবে, সেটা স্বপ্নেও ভাবেননি কেউ!
কিন্তু কেন এই অবস্থা? ভেনিসের স্থানীয় বাসিন্দা ও কয়েকজন গবেষকদের মতে, এমনটা হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। এই মুহূর্তে শুখা মরসুম চলছে ইতালিতে। সেইসঙ্গে বৃষ্টিপাতও সেরকম হয়নি। স্রোতও খুব একটা বেশি নেই। সেজন্যই হয়তো খালের জল এতটা কমে গিয়েছে। হয়তো কয়েক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এমনটাই আশা রাখছেন ভেনিসবাসীরা।
কিন্তু পরিবেশবিদদের একাংশ এই ঘটনায় প্রমাদ গুনছেন। তাঁদের বক্তব্য, ভেনিসের খালের জল কমে যাওয়া আরও বড় কোনও বিপদের সংকেত দিচ্ছে। কী বিপদ? পরিবেশবিদদের ধারণা, হয়তো ফের একবার ভয়াবহ খরার মুখে পড়তে চলেছে ইতালি। কেবলমাত্র ভেনিস নয়, ইতালির বেশ কয়েকটি জায়গায় জলের সংকট দেখা দিয়েছে। বেশ কয়েকটি নদী, জলাশয়েও জলস্তর নেমে গিয়েছে। ভেনিসের পাশাপাশি সবথেকে বড় উদাহরণ হল পো নদী। এটি ইতালির দীর্ঘতম নদী। সিমা রিসার্চ ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী, এই মরসুমে পো নদীতে প্রায় ৬১ শতাংশ কম জল রয়েছে।
মনে রাখতে হবে, গত বছর এই পো নদী সংলগ্ন অঞ্চলেই ভয়ংকর খরা নেমে এসেছিল। ইতালিতে জরুরি অবস্থার ঘোষণাও হয়েছিল। বিগত ৭০ বছরে এত ভয়াবহ খরার মুখে পড়েনি এই দেশটি। তাই ভেনিসের খাল শুকিয়ে যাওয়ার ঘটনাকে একেবারেই হালকা ছলে নেওয়া উচিত নয় বলে জানিয়েছে পরিবেশবিদরা। এখন থেকেই সতর্ক হয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কে জানে, হয়তো ২০২২-র থেকেও ভয়ংকর বিপদ অপেক্ষা করে আছে কিনা!















