ঘুরতে গেলেই হাতেনাতে 'পুরস্কার' হাজার হাজার টাকা! কোন দেশে মিলছে এমন সোনার সুযোগ?
Popular Tourist Place Give Rewards : আচ্ছা, কেমন হবে যদি ঘুরতে যাওয়ার পর সেই জায়গাই আপনার পকেটেই গুঁজে দেয় হাজার হাজার টাকা?

কথায় বলে, বাঙালিদের পায়ের তলায় সর্ষে। অবশ্য কেবল বাঙালিদের দিকে বল ঠেলে দিলে খানিক অন্যায়ই হবে। বিশ্বজুড়ে অগুনতি ভ্রমণপিপাসু মানুষ রয়েছেন। কারও পছন্দ পাহাড়, কারও আবার সমুদ্র। কেউ আবার জঙ্গলেই অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন। যেখানেই হোক না কেন, ঘুরতে যাওয়ার কথা বললে অনেকেই বাক্স প্যাঁটরা গুছিয়ে এক পায়ে খাঁড়া। অবশ্য এসবের পাশাপাশি পকেটের দিকটাও চিন্তা করতে হয়। সেই বুঝেই ঠিক হয় গন্তব্য দার্জিলিং হবে, না গোয়া। সেইসঙ্গে মনের কোণে সুপ্ত বাসনা থাকে বিদেশ যাওয়ার। আচ্ছা, কেমন হবে যদি ঘুরতে যাওয়ার পর সেই জায়গাই আপনার পকেটেই গুঁজে দেয় হাজার হাজার টাকা?
আজ্ঞে না, এটা কোনও গল্পকথা নয়। বরং সত্যি সত্যিই এই বিখ্যাত জায়গায় বেড়াতে গেলে আপনার পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা! সেখানকার ট্যুরিজম ব্যবসায়ীরা হাসিমুখে সেই টাকা আপনার দিকে এগিয়ে দেবে। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে তাইওয়ানে। পূর্ব এশিয়ার এই দেশটি ভ্রমণপিপাসুদের কাছে বেশ আকর্ষণীয়। পুরো দেশজুড়ে প্রাচীন স্থাপত্য, ঐতিহ্যবাহী সংস্কৃতির ছড়াছড়ি, সঙ্গে গাছপালা সবুজে ভরা। পাশাপাশি রয়েছে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আকাশে নানা রঙের খেলা, সঙ্গে চেরি ব্লসমের রোম্যান্টিক হাতছানি – এক কথায় বহু মানুষের স্বপ্নের জায়গা এই তাইওয়ান।
বিশ্বজুড়ে প্রচুর মানুষ তাইওয়ানে ঘুরতে আসতেন। পুরো পরিস্থিতিটাই বদলে যায় ২০১৯-র শেষের দিকে। গোটা পৃথিবী তখন সম্মুখীন হয় নতুন এক আতঙ্কের – করোনা ভাইরাস। প্রথমে চিন, তারপর সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই মারণ ভাইরাস। লাখ লাখ মানুষের মৃত্যুমিছিল দেখে বিশ্ব। আর এসবের মধ্যেই প্রায় সমস্ত দেশেই জারি হয় লকডাউন। বন্ধ হয়ে যায় অফিস আদালত, কারখানা, দোকানপাট। সেইসঙ্গে বন্ধ হয়ে যাওয়া ট্যুরিজম ব্যবসা। কোভিড মহামারীর মধ্যে বিমান পরিষেবার ওপরও নিষেধাজ্ঞা জারি করে অনেক দেশ। এদিকে তাইওয়ান যেহেতু চিন ও জাপানের নিকটবর্তী একটি দেশ, তাই সতর্কতা আরও বেশি করে জারি হয় এখানে।
এখন অবশ্য করোনার সেই ভয়াবহ পরিস্থিতি নেই। আবারও খোলা মনে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন মানুষ। মনে রাখতে হবে, অনেক দেশের অর্থনীতিতে অন্যতম প্রধান একটি বিষয় হিসেবে থাকে ট্যুরিজম ব্যবসা। করোনার সময় এই ব্যবসা মার খাওয়ায় অর্থনীতিও ধুঁকতে থাকে। তাই বেশকিছু দেশ ট্যুরিজম ব্যবসাকে আরও জাঁকজমক করতে, আরও আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে। তাদের লক্ষ্য একটাই, যত বেশি সংখ্যক মানুষ দেশে ঘুরতে আসুক, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখুক, আনন্দ করুক। তার ফলে অর্থনীতিও চাঙ্গা হবে।
তাইওয়ানও নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে ট্যুরিজম ব্যবসার দিকে নজর দিয়েছে। আরও বেশি সংখ্যক পর্যটক যাতে আসেন, সেজন্য নিত্যনতুন পরিকল্পনাও করছেন সেখানকার ব্যবসায়ীরা। তাইওয়ান সরকার ২০২৩-এ দেশে ৬০ লক্ষ পর্যটক আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। ২০২৪-এ এই সংখ্যাটি দ্বিগুণ করতে চায় তারা। সেজন্যই নতুন একটি পরিকল্পনা এনেছে তারা। কী পরিকল্পনা?
তাইওয়ানের পরিবহণ মন্ত্রী ওয়াং কুও-সাই জানিয়েছেন, এই দেশে ঘুরতে এলে তাঁরা প্রত্যেক পর্যটককে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ‘উপহার’ দেবেন। প্রায় পাঁচ লক্ষ পর্যটককে ১৬৫ ডলার করে দিতে প্রস্তুত তাইওয়ান সরকার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩,৬০০ টাকা! শুধু তাই নয়, ৯০ হাজার ট্যুরিস্ট গ্রুপকে ৬৫৮ ডলার করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৪,৫০০ টাকা!
এই টাকা তাইওয়ানে ঘুরতে খরচ করা যাবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। ডিজিটাল মাধ্যমে এই টাকা পর্যটকদের দেওয়া হবে। তাইওয়ান থেকে চাইলে জাপান, হংকং, ম্যাকাওয়ের মতো জায়গায়ও ঘুরতে যেতে পারবেন। হংকং ইতিমধ্যেই পাঁচ লক্ষ বিমান টিকিট পর্যটকদের দেওয়ার কথা ঘোষণা করেছে। আগামী মার্চ থেকে মে অবধি এই প্রক্রিয়া চলবে। তাহলে আর কি! বাক্স গুছিয়ে নিন, আর বেরিয়ে পড়ুন!















