নিঃশ্বাস তো নয়, যেন আগুনের গোলা! সত্যিই ভালুক, না রাক্ষুসে ড্রাগন? ভাইরাল ছবি ঘিরে শোরগোল
Polar Bear Breathing Fire Viral Photo : ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে সে। যেন মনে হচ্ছে আগুনের হলকা বের করছে ওই মেরু ভালুক!

গেম অফ থ্রোনস (Game Of Thrones) অনেকেই দেখেছেন নিশ্চয়ই। প্রায় রূপকথার পাতা থেকে উঠে আসা একটা উপাখ্যান, যেখানে জড়িয়ে রয়েছে নানা গল্প। তবে সবকিছু পেরিয়ে একটা বিষয় আমাদের অনেকেরই চোখ আটকে ছিল। বিশাল বড়, ভয়ংকর ড্রাগনের দিকে। গেম অফ থ্রোনস-ই হোক, কিংবা তার প্রিক্যুয়েল ‘হাউজ অফ দ্য ড্রাগন’ (House Of The Dragon), রূপকথার বইয়ে পড়া এই জন্তুটিকে দেখে অনেকেই আনন্দ পেয়েছেন। শুধু একটা শব্দ – Dracarys! তারপরই বিশালাকার ড্রাগনগুলি মুখ থেকে বের করবে আগুন। ড্রাগনের আগুনকে হাতিয়ার করেই এগিয়ে যাবে গল্প। হ্যারি পটার থেকে গেম অফ থ্রোনস, চিনের রূপকথা – সব জায়গায় মুখ দিয়ে আগুন বের করা ‘কাল্পনিক’ ড্রাগনের হুংকার।
তবে কি কেবল ড্রাগনই মুখ দিয়ে আগুন বের করতে পারে? বাস্তবে অবশ্য এমন কোনও প্রাণীকে দেখা যায়নি। কিন্তু এই জায়গায় এসেই থমকে দাঁড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক হোক বা টুইটার, সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এখন ঘুরে বেড়াচ্ছে একটি বিশেষ ছবি। সেটা দেখেই চক্ষু চড়কগাছ অনেকের। কী ছবি? চারিদিকে বরফের মধ্যে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা একটি মেরু ভালুক। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে সে। আর সেই নিঃশ্বাসের বাষ্প ঘন লালচে কমলা রঙের! যেন মনে হচ্ছে আগুনের হলকা বের করছে ওই মেরু ভালুক!
কিন্তু এমনটা কী করে সম্ভব? মেরু ভালুক তার নিঃশ্বাসের মাধ্যমে ‘আগুন’ বের করতে পারে, এরকম কোনও তথ্য তো ইতিহাস ঘেঁটেও পাওয়া যায়নি! তাহলে? এই প্রশ্ন থেকেই সবাই সেই ছবিটির কাছে ফিরে যাচ্ছেন। মেরু ভালুক নাক দিয়ে আগুনের হলকা বের করছে, এমন ছবি রীতিমতো ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়। তাহলে কি ‘ড্রাকারিস’, গেম অফ থ্রোনসের ড্রাগনের ‘আত্মা’ কি মেরু ভালুকের ভেতরে ঢুকল? সেই প্রশ্নই চলছে সোশ্যাল মিডিয়ায়।
Photographer Josh Anon captured the perfect moment in which the rising sun made this polar bear's backlit breath look like fire
[source:
]
[author's site:
]
— Massimo (@Rainmaker1973)
অবশ্য ঘাবড়ে যাওয়ার তেমন কোনও কারণ নেই। এই ছবিটি বেশ পুরনো; ২০১৫ সালে আর্কটিক পরিভ্রমণে গিয়েছিলেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জস অ্যানন। তখনই তিনি মেরু ভালুকের এই ছবিটা তোলেন। সেই সময়ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ছবিটি। তার প্রায় আট বছর পর, ফের একবার ট্রেন্ডিং মেরু ভালুকের এই ছবিটি।
কিন্তু নিঃশ্বাসে এমন লালচে কমলা আভার কারণ কী? সমস্তটাই লুকিয়ে আছে ছবি তোলার কায়দায়। চারিদিকে বরফের মধ্যে দাঁড়িয়েছিল মেরু ভালুকটি। ঠাণ্ডার মধ্যে সেই নিঃশ্বাসে মিশেছিল জলীয় বাষ্পও। সূর্যের আলো সেই বাষ্পের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যার ফলে সেই প্রতিফলিত আলোই কমলা রং ধারণ করে। সেটাই ওঠে ক্যামেরায়। পুরোটাই সময়ের ম্যাজিক! তবে এমন ম্যাজিক খুঁজে পাওয়া ও তুলে আনার জন্য ফটোগ্রাফার জস অ্যাননকেও ধন্যবাদ জানানো উচিত। সোশ্যাল মিডিয়ার অজস্র ঘটনার ভিড়ে আট বছর পুরনো একটা ছবি ভাইরাল, সেটাও কি কম বড় কথা!















