ফেসিয়ালে লুকিয়ে এইচআইভি! ত্বকের জেল্লা ফেরাতে গিয়ে প্রাণ হারাতে বসছেন না তো?
Vampire Facial HIV Threats: এই ফেসিয়াল পদ্ধতিটি বলিরেখা কমাতে সাহায্য করে। ত্বকের গুণগত মান বাড়ায় এবং তারুণ্য ধরে রাখে।

সুন্দর ত্বক, টানটান চামড়া- প্রায় সকলেই চান। পাড়ায় পাড়ায় ক্রমেই বাড়তে থাকা বিউটি পার্লার বা স্যালোঁ তো তারই প্রমাণ। সেখানে ঢুঁ মারলেই রেস্তোরাঁর মতো মেনুকার্ড উড়ে আসে। কী করাবেন, ফ্রুট ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল, চারকোল ফেসিয়াল... কোনওটায় ত্বক ফর্সা হওয়ার দাবি, কোনওটায় হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফেরানোর ডাক। কোনওটায় আবার রোদে পোড়া দাগ মিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তো কোনওটায় বলিউড তারকাদের মতো চিরযৌবন ধরে রাখার বন্দোবস্ত। সে সবে মোহগ্রস্ত হয়ে রাজিও হয়ে গেলেন। তারপর দেখা গেল, এমন রোগ প্রবেশ করেছে শরীরে যা ক্রমেই ফুরিয়ে দিচ্ছে আপনার আয়ু। সামান্য ফেসিয়াল থেকেই আপনার দেহে ঢুকে পড়তে পারে এইচআইভি সংক্রমণ!
এ কীভাবে সম্ভব? মুখে সামান্য ক্রিম ঘষবে, মাসাজ করবে, কেটে ছড়ে যাওয়ার কিছু নেই, ইঞ্জেকশন নেই, রক্তে এমন মারণ সংক্রমণ ঘটবে কীভাবে? ঘটতে পারে যদি আপনি 'ভ্যাম্পায়ার ফেসিয়াল' করান। ভ্যাম্পায়ার কাহিনিতে হয়, সিনেমায় হয়, সিরিজে হয়, কিন্তু এমন রক্তখেকো ফেসিয়ালও সম্ভব? একাধিক মানুষ এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এই ফেসিয়াল করিয়ে। নিউ মেক্সিকো স্পা-তে যারা ত্বকের যত্ন নিতে আসতেন তাদের এখন এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি পরীক্ষার জন্য অনুরোধ করছে প্রশাসনিক কর্তৃপক্ষ৷ নিউ মেক্সিকো ডিপার্টমেন্ট অব হেলথ ২০১৮ সালে আলবুকার্কের ভিআইপি স্পা-এর সঙ্গে যুক্ত এইচআইভি সংক্রমণের একাধিক মামলার তদন্ত করছে।
২০১৮ সালে প্রাথমিক তদন্তের সময় ভিআইপি স্পা-এর ১০০ জনেরও বেশি ক্রেতার পরীক্ষা করা হয়। তারপরে এই কিছুকাল আগে ফের এমন একজনের দেহে এইচআইভি সংক্রমণের খবর মিলেছে যিনি ওই ভিআইপি স্পা-তে নিয়মিত যেতেন। হতে পারে, আগে এই ব্যক্তির পরীক্ষা করা হয়নি। আবার এমনও হতে পারে যে, আরও এমন অন্যরা রয়ে গিয়েছেন যাদের পরীক্ষা করাই হয়নি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Blood Purifier: নির্দিষ্ট কিছু খাবার, দূষণ, চাপ এবং অন্যান্য কারণে প্রতিদিন আমাদের শরীরে টক্সিন বা দূষক পদার্থ জমা হয়।

এই নতুন সংক্রমণের পর থেকে তাই বর্তমানে বন্ধ হয়ে যাওয়া স্পা এবং এর সঙ্গে সম্পর্কিত সংক্রমণের তদন্ত ফের শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর, স্পায়ের মালিককে বৈধ ছাড়পত্র ছাড়াই ওষুধ ব্যবহারের পাঁচটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। সতর্কতা বাড়াতে আর সচেতন করতে যারা ভিআইপি স্পা-তে কখনও না কখনও কোনও সৌন্দর্য রক্ষা করতে গিয়ে কোনও ইনজেকশন নিয়েছিলেন তাদের বিনামূল্যে এবং গোপনে এইচআইভি পরীক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু ভ্যাম্পায়ার ফেসিয়াল আসলে কী? কেনই বা এত বিপজ্জনক এই ফেসিয়াল?
ভ্যাম্পায়ার ফেসিয়ালের অন্য নাম ব্লাড ফেসিয়াল বা ভ্যাম্পায়ার ফেসলিফ্ট। এতে একজন ব্যক্তির হাত থেকে রক্ত নেওয়া হয়। তারপর সেই রক্ত একটি সেন্ট্রিফিউজে আলাদা করা হয় যাতে আপনার প্লেটলেটগুলি আলাদা করা যায়। তারপরে একটি সিরিঞ্জ বা মাইক্রোনিডলিং ডিভাইস ব্যবহার করে ত্বকে ইনজেকশন দেওয়া হয়।
এই ফেসিয়াল পদ্ধতিটি বলিরেখা কমাতে সাহায্য করে। ত্বকের গুণগত মান বাড়ায় এবং তারুণ্য ধরে রাখে। প্রক্রিয়াটি বিশেষ বিপজ্জনক নয়, তবে সেই ব্যবহৃত সূঁচগুলি কতটা পরিষ্কার এবং রক্ত কীভাবে পরিচালনা করা হয় তা থেকেই সংক্রমণের ঝুঁকি দেখা দেয়।
আমেরিকান আকাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন বলছে, শরীর থেকে অপসারিত রক্তকে জীবাণুমুক্ত রাখা অপরিহার্য। অন্যথায়, সংক্রমণ হতে পারে। আপনার নিজের রক্তই আপনার দেহে ফেরত দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত দরকার। আপনি যদি ভুলবশত অন্য কারও রক্ত পান তবে মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন।






