বড়দিনের উৎসব কি মাটি হবে শীতের প্রভাবে? কোন খবর জানালো হাওয়া অফিস
Weather Update : রাত পোহালেই বড়দিন, কেমন থাকবে শহরের আবহাওয়া

আর মাত্র ঘণ্টা কয়েক তারপরই শহরে বেজে উঠবে জিংগেল বেল। উৎসবের মেজাজে ইতিমধ্যেই সাজো সাজো রব। বড়দিনকে সম্বল করে বড় ব্যবসায়ীদের পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও পসরা সাজিয়েছেন। সকলেই তাকিয়ে রয়েছে উৎসবের কটাদিনের দিকে। এর মধ্যেই শেষ কয়েকদিন বেশ জাঁকিয়ে শীত পড়েছে শহর এবং শহরতলিতে। পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনার উপদ্রবও। তাই সিঁদুরে মেঘ দেখছেন সকলেই। এর মধ্যে আবার যদি বিষ ফোঁড়ার মতো এসে ঠেকে আবহাওয়ার নেতিবাচক প্রভাব তবে তো কথাই নেই! উৎসবের মেজাজে রাতারাতি ভাটা পড়ার জোগাড়!
তবে এসব আশঙ্কাকে খানিকটা হলেও স্বস্তির দিস দেখালেন আবহাওয়াবিদ বি সি সাধুখা। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী তিনদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে একেবারেই শুষ্ক। শুধু তাই নয়, রাতের দিকে দুই বঙ্গেই তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এর জেরে বৈকালিক উৎসবের আয়োজনে ব্যাঘাত ঘটাতে পারবে না শৈত্য প্রবাহ। যদিও অপরদিকে ২৪, ২৫, ২৬ ডিসেম্বর পশ্চিমের দুই জেলা মুর্শিদাবাদ ও বীরভূমেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। তাই আগাম সতর্কতা জারি করল হাওয়া অফিস।
গত কয়েকদিন ধরেই যেভাবে ভোরের দিকে হালকা কুয়াশা থাকছে জেলাগুলিতে, এদিনের খবরের তার কোনও ব্যতিক্রম হবেনা বলেই জানানো হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে আকাশের পরিবর্তন হবে এবং তাপমাত্রাও বাড়বে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৯৬ শতাংশের কাছাকাছি। শুধু বড়দিনই নয়, নতুন বছরের আগে পর্যন্ত শীতের প্রত্যাবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বঙ্গে, এমনটাই জানিয়ে হাওয়া অফিস। সুতরাং বর্ষশেষের আমেজে আবহাওয়া যে বাধ সাধবে না এটুকু আশা করাই যায়।
















