মাত্র ৩০-এই শেষ! বিখ্যাত বডি বিল্ডারের মৃত্যুর এই কারণ আপনার দেহেও লুকিয়ে নেই তো?
Brain Aneurysm Symptoms: মস্তিষ্কের ফেটে যাওয়া অ্যানিউরিজম জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

বডি বিল্ডার। সারাদিনের অধিকাংশটাই কাটে জিমে। শরীরই প্রেম, শরীরই প্রার্থনা! দেহকে তরতাজা রাখার সমস্ত কৌশলই জানা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখে জিমমুখী হয়েছেন কত মানুষ, শরীরের যত্ন নিতে সচেতন হয়েছেন কত কত জন। অথচ সেই জার্মান বডি বিল্ডার জো লিন্ডনার মারা গেলেন মাত্র ৩০ বছর বয়সে। দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডে থাকতেন তিনি। সারা শরীরে যত্নের ভাঁজ, পেশিতে সংযমের চিহ্ন। অথচ মাত্র ৩০ বছরে অ্যানিউরিজমের শিকার হয়ে মারা গেলেন তিনি! বান্ধবীর সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছিলেন, হঠাৎ সব শেষ।
অ্যানিউরিজম কী?
মস্তিষ্কের অ্যানিউরিজম বা সেরিব্রাল অ্যানিউরিজম তখনই ঘটে যখন মস্তিষ্কের মধ্যে বা তার চারপাশের ধমনীর একটি দুর্বল অংশ বাইরের দিকে ফুলে যায়। ধারাবাহিক রক্ত প্রবাহ দুর্বল অংশে চাপ সৃষ্টি করে, সেখানে ফোস্কার মতো তৈরি হয়ে যায়। যদি এই ফোস্কার মধ্যে রক্ত ঢুকে পড়ে তাহলে অ্যানিউরিজম আরও প্রসারিত হয় এবং সেই ফোস্কা ফেটেও যেতে পারে।
ব্রেন অ্যানিউরিজম মস্তিষ্কের যে কোনও জায়গায় বাড়তে পারে। তবে এগুলি সাধারণত মাথার খুলির গোড়া বরাবর প্রধান ধমনীতেই পাওয়া যায়। বেশিরভাগ মস্তিষ্কের অ্যানিউরিজমই ছোট এবং বিশেষ কোনও উপসর্গও সৃষ্টি করে না। তবে তারা কাছাকাছি স্নায়ু বা মস্তিষ্কের টিস্যুতে চাপ দিলেই উপসর্গ দেখা দিতে পারে। যদি কোনও অ্যানিউরিজম ফুটো হয় বা ফেটে যায়, এর ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, যা সাবআরানয়েড হেমারেজ (SAH) নামে পরিচিত। মস্তিষ্কের ফেটে যাওয়া অ্যানিউরিজম জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলতে পারে। অবিলম্বে চিকিৎসা না হলে মৃত্যু বা অক্ষমতার আশঙ্কা বাড়বে।
মস্তিষ্কের অ্যানিউরিজম ফেটে গেলে আশেপাশের মস্তিষ্কের টিস্যুতে রক্ত ছড়িয়ে পড়ে, মস্তিষ্কের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং এটি ফুলে যায়। যার ফলে গুরুতর মাথাব্যথা হতে পারে, সঙ্গে অন্যান্য উপসর্গ তো রয়েইছে। ফেটে যাওয়ার ফলে সাবআরানয়েড হেমারেজ, হেমোরেজিক স্ট্রোক (মাথার খুলি এবং মস্তিষ্কের মধ্যে রক্তপাত), ভাসোস্পাজম (রক্তনালী সরু হয়ে যাওয়া), হাইড্রোসেফালাস (তরল জমা হওয়ার কারণে চাপ বেড়ে যাওয়া), খিঁচুনি, কোমার মতো জটিলতা দেখা দিতে পারে এবং প্রায় ৫০% ক্ষেত্রেই মৃত্যু ঘটে আক্রান্তের।
মস্তিষ্কের অ্যানিউরিজম যে কোনো বয়সের ঘটতে পারে। সাধারণত ৩০ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যেই বেশি দেখা যায়৷ পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এটি বেশি ঘটে৷
- আপনার জন্য আরও কিছু লেখা
103 Years Old Grandma Gym Fitness : বাকিদের সঙ্গে টেরেসাকে গুলিয়ে ফেললে চলবে না। কারণ, এই শক্তিশালী ‘তরুণী’র বয়স খুব বেশি নয়, মাত্র ১০৩ বছর!

অ্যানিউরিজমের ঝুঁকি কাদের ক্ষেত্রে প্রবল?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস অ্যান্ড স্ট্রোকের রিপোর্ট অনুসারে সেরিব্রাল অ্যানিউরিজম কখনও কখনও উত্তরাধিকারসূত্রেও ঘটতে পারে।
জেনেটিক কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার: কিছু জেনেটিক অবস্থা ধমনীর দেয়ালকে দুর্বল করে দেয়, যা অ্যানিউরিজম গঠনকে ত্বরান্বিত করে।
পলিসিস্টিক কিডনি রোগ: এই অবস্থাতে কিডনিতে একাধিক সিস্ট গঠন হয়। এটি সেরিব্রাল অ্যানিউরিজমের সঙ্গে যুক্ত।
আর্টেরিওভেনাস ম্যালফর্মেশনস: AVM হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর অস্বাভাবিক জট যা স্বাভাবিক রক্ত প্রবাহকে ব্যাহত করে। কিছু AVM আপনা থেকেই তৈরি হয়। কিছু আবার পারিবারিক সূত্রেও ঘটতে পারে।
- আপনার জন্য আরও কিছু লেখা
পারিবারিক ইতিহাস: অ্যানিউরিজম যদি পূর্বজদের কারও থেকে থাকে তাহলে পরবর্তী প্রজন্মের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে এমন অন্যান্য ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে:
চিকিত্সা না করে ফেলে রাখা উচ্চ রক্তচাপ: দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ ধমনীর দেয়ালে চাপ দেয়। এর ফলে দুর্বলতা এবং অ্যানিউরিজম গঠনের প্রবণতা দেখা দেয়।
ধূমপান: ধূমপান রক্তনালীর ক্ষতি করে এবং অ্যানিউরিজমের গঠন ও ফেটে যাওয়ার কারণ হতে পারে।
মাদকের ব্যবহার: কোকেন বা অ্যামফিটামিনের মতো ওষুধ ক্তচাপের মাত্রা বাড়ায় এবং অ্যানিউরিজমের ঝুঁকিও বাড়ায়। শিরায় মাদকের অপব্যবহার সংক্রামক মাইকোটিক অ্যানিউরিজমের সঙ্গে যুক্ত।
৪০ বছরের বেশি বয়স: সেরিব্রাল অ্যানিউরিজম হওয়ার ঝুঁকি বয়সের সঙ্গে বাড়তে থাকে।
অন্য সাধারণ ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে:
মাথার ট্রমা: মাথায় গুরুতর আঘাত রক্তনালীগুলির ক্ষতি করতে পারে এবং সম্ভাব্য অ্যানিউরিজমের কারণ হতে পারে।
মস্তিষ্কের টিউমার: কিছু মস্তিষ্কের টিউমার রক্তনালীতে গঠনগত পরিবর্তন ঘটাতে পারে, যা অ্যানিউরিজমের ঝুঁকি বাড়ায়।
ধমনীর প্রাচীরে সংক্রমণ: এটি মাইকোটিক অ্যানিউরিজম নামে পরিচিত। এগুলি খুবই বিরল। যখন কোনও সংক্রমণ ধমনীর প্রাচীরকে প্রভাবিত করে তখনই এমন দেখা যায়।
উচ্চ রক্তচাপ, ধূমপান, ডায়াবেটিস এবং বেশি কোলেস্টেরল এথেরোস্ক্লেরোসিসের দিকে নিয়ে যায়। এটি এমন একটি রোগ যাতে ধমনীর দেয়ালে চর্বি জমা হয়। এথেরোস্ক্লেরোসিস ফিউসিফর্ম অ্যানিউরিজম নামক একটি নির্দিষ্ট ধরনের অ্যানিউরিজম হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এই কারণগুলি।






