মহিলা চিকিৎসকরা অস্ত্রোপচার করলে কী ঘটে? বিস্ফোরক তথ্য গবেষণায়...
Female Surgeon Success Rate: চিকিত্সক নিজে পুরুষ না মহিলা তার সঙ্গে রোগীর চিকিৎসার কী সম্পর্ক?

মহিলা চিকিৎসক, মহিলা কবি, মহিলা ইঞ্জিনিয়ার, মহিলা চালক, মহিলা বিজ্ঞানী। অথচ পুরুষ চিকিৎসক, পুরুষ পুলিশ, পুরুষ কবি নয়। শব্দের রাজনীতি এত মারাত্মক যে স্রেফ শব্দেই প্রমাণ করে দেওয়া যায়, যেন মহিলাদের চিকিৎসক, কবি, পুলিশ বা বিজ্ঞানী হওয়ার কথাই ছিল না। ব্যাতিক্রম এক কারণে হয়ে গেছে। মহিলারা যা করেন তা সেই জন্যই ততটা বিশেষ না, ততটা 'পারফেক্ট' না। মহিলাদের কাজে ততখানি দক্ষতা নেই! অথচ সমীক্ষা বলছে সম্পূর্ণ উল্টো কথা। বিশাল এক সমীক্ষায় দেখা গেছে, একজন পুরুষ সার্জনের তুলনায় একজন মহিলা সার্জন অস্ত্রোপচার করার পরে রোগীরা অনেক ভালো থাকেন।
গবেষকদের একটি দল সার্জনের জৈবিক লিঙ্গ এবং চিকিৎসায় ফলাফলের মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিল। কানাডার অন্টারিওতে ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর অবধি হওয়া অস্ত্রোপচারের ঘটনা বিশ্লেষণ করা হয়। প্রায় এক মিলিয়ন রোগীর তথ্য খতিয়ে দেখা শুরু হয়। গবেষকরা রোগীদের সঙ্গে কথা বলে এক আশ্চর্য তথ্য খুঁজে পান। ২৫ টি সাধারণ বা জরুরি অস্ত্রোপচারকে এই তালিকায় রাখা হয়। অস্ত্রোপচারের পরে রোগীর কোনও প্রতিকূল অবস্থা দেখা দিয়েছে কিনা, ফের ভর্তি করতে হয়েছে কিনা, বা অস্ত্রোপচারকালীন মৃত্যু হয়েছে কিনা তা দেখেন গবেষকরা। অস্ত্রোপচারের ৯০ দিন থেকে শুরু করে ১ বছরের মধ্যে এমন কোনও ঘটনা ঘটেছে কিনা তার তথ্য সামনে আসে তাঁদের।
- আপনার জন্য আরও কিছু লেখা
'Sarpanch Pati' System: স্থানীয় গ্রামে 'ডলি সরপঞ্চ' নামেই বেশি পরিচিত গয়ার শাদিপুর গ্রামের পঞ্চায়েত প্রধান ডলি শর্মা। এই বেনিয়মের মিছিলে, এই পুরুষপ্রধান পঞ্চায়েতের ভিড়ে তিনি যেন ব্যতিক্রম।
তারপর পুরুষ এবং মহিলা সার্জনদের মধ্যে এই তথ্যের তুলনা করা হয়। সমীক্ষা বলছে, পুরুষ শল্যচিকিৎসকরা যে রোগীদের চিকিত্সা করেছেন তাদের নানা জটিলতা দেখা গিয়েছে। রোগী, অস্ত্রোপচার পদ্ধতি, সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট এবং হাসপাতালের বৈশিষ্ট্য সবকিছুকে মাথায় রেখেই এই সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আনা হয়। তাতে দেখা যায় মহিলা সার্জনদের দ্বারা চিকিত্সা করা রোগীদের ওই অস্ত্রোপচারের ৯০ দিন থেকে ১ বছরের মধ্যে মৃত্যু সহ প্রতিকূল অবস্থার হার পুরুষ সার্জনদের রোগীদের থেকে কম৷ চিকিত্সক নিজে পুরুষ না মহিলা তার সঙ্গে রোগীর চিকিৎসার কী সম্পর্ক?
- আপনার জন্য আরও কিছু লেখা
Endometriosis: এখনও অবধি, এন্ডোমেট্রিওসিস প্রতিরোধের কোনও সুনির্দিষ্ট উপায় নেই।
ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জনসের সভাপতি টিম মিচেল, দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, এই যোগসূত্রটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। তবে যোগসূত্র তো কার্যকারণ নয়। সম্ভাব্য কারণ খুঁজতে যেতে হবে আরও গভীরে। বিজ্ঞানীরা বলছেন, মহিলা এবং পুরুষরা আলাদাভাবে ওষুধের চর্চা করেন। শেখার শৈলী, দক্ষতা অর্জন, বা মহিলা এবং পুরুষ সার্জনদের ফলাফলের পার্থক্য নিয়ে বিশেষ গবেষণাও নেই৷ ফলে মহিলা শল্যচিকিৎসকদের হাতে থাকা রোগীদের শরীর ভালো থাকার নির্দিষ্ট কারণ বলা যায় না। তবে বিষয়টি যত্ন দেওয়ার সঙ্গে ভীষণ সম্পর্কিত। একজন পুরুষের তুলনায় মহিলাদের যত্ন এবং কাজ নিখুঁত করার প্রবণতা বেশি। গবেষকরা আরও বলছেন, অন্যান্য গবেষণায় দেখা গেছে একজন মহিলা চিকিৎসককে দেখানোর পর মহিলা রোগীরা তুলনায় বেশি ভালো বোধ করেন।
অথচ এত কিছু তথ্য, সমীক্ষা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে বিভিন্ন উপায়ে প্রান্তিক হয়ে যাচ্ছেন মহিলারা। রোগীর যত্ন নেওয়ার জন্য বেশিরভাগ নার্স মহিলা হবেন কারণ মেয়েরা 'যত্ন' বেশি করতে পারে। অথচ সেই মহিলাই চিকিৎসক হয়ে গেলে প্রশ্ন ওঠে আদৌ পারবেন তো? কেন এই পরিষেবায় এমন ফারাক? অস্ত্রোপচার, চিকিৎসা দুইয়ে কাজের 'এজেন্সি' বা ভারটি থাকে মহিলার হাতে। নার্স সাধারণত চিকিৎসকের কথা পালন করেন, নিজে সিদ্ধান্ত নেন না। তাই পুরুষ চিকিৎসকের নির্দেশ মেনে নার্স কাজ করতে পারেন, সেখানে নিজেকে মাথা খাটিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে না। চিকিৎসক বা সার্জন হলে তিনি সিদ্ধান্ত নেবেন। মেয়েদের 'বুদ্ধি' ও সিদ্ধান্তের উপর কোনকালেই বা আস্থা ছিল সমাজের?






