বিশ্বকাপ ফাইনালে দর্শকদের ১০০০ কেজি বর্জ্য প্লাস্টিক! অবশেষে যা তৈরি হলো তা দিয়ে
World Cup final plastic waste : ১৯ নভেম্বর যত দর্শক এসেছিলেন স্টেডিয়ামে তাঁদের থেকে এক টন (১০০০ কেজি) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছিল।

১৯ নভেম্বর। এই স্বপ্নভঙ্গের সন্ধ্যা। প্রায় সারা দেশের চোখ ছিল টিভির পর্দায়। ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ভারতে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল, কিছুতেই হারানো যায়নি টিম ইন্ডিয়াকে। অথচ ফাইনালের তীরে এসে ডুবে যায় রোহিত শর্মার তরী। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে যায় ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচের আয়োজন হয়েছিল। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম এটিই। ১ লক্ষ ৩২ হাজার দর্শক বসতে পারেন এই স্টেডিয়ামের গ্যালারিতে। ফাইনাল ম্যাচে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি- এই ম্যাচ দেখতে কত মানুষ যে ভিড় জমিয়েছিলেন তা সহজেই তাই অনুমেয়! প্রায় ১ লক্ষ দর্শক মানে কতখানি প্লাস্টিক বর্জ্য হতে পারে তা অবশ্য চট করে ধারণা করা যায় না। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগত দর্শকদের ফেলে যাওয়া প্লাস্টিককে কীভাবে ব্যবহার করা যায় তার নজির গড়েছে আহমেদাবাদ।
১৯ নভেম্বর যত দর্শক এসেছিলেন স্টেডিয়ামে তাঁদের থেকে এক টন (১০০০ কেজি) প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছিল। প্রায় এক লাখেরও বেশি দর্শক সেদিন ওই স্টেডিয়ামে খেলা দেখেছিলেন।একটি এনজিও এই বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য বস্তুতে রূপান্তরিত করেছে। ১০০০ কেজি প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে বেঞ্চ এবং জ্যাকেট!

প্লাস্টিক দিয়ে বেঞ্চ! শুনতে অবাক লাগলেও, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ওই প্লাস্টিক বর্জ্য দিয়ে ১০টি মজবুত বেঞ্চ তৈরি করা গিয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে রিফ্লেক্টর জ্যাকেটে। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের এই বস্তুগুলি আহমেদাবাদ পৌর কর্পোরেশনের কাছে পাঠিয়েছে ওই এনজিও৷
জানা যাচ্ছে, প্রতিটি বেঞ্চ তৈরিতে ৫০ কেজি প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হয়েছে। কর্পোরেশনকে দেওয়া এই বেঞ্চগুলি শিগগিরই আহমেদাবাদ জুড়ে অবস্থিত বিভিন্ন পার্ক এবং বাগানগুলিতে বসানো হবে।

একটি রিফ্লেক্টর জ্যাকেট তৈরি করতে দশটি প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়েছিল। এই জ্যাকেটগুলি পৌর কর্পোরেশনের অধীনে কাজ করা সাফাই কর্মীদের বিতরণ করা হবে। ফাইনাল ম্যাচের দিন স্টেডিয়াম থেকে সংগ্রহ করা বর্জ্যের বেশির ভাগই ছিল প্লাস্টিকের বোতল।















