ছেড়ে থাকতে পারছেন না এক মুহুর্তও, জানেন বাংলায় কী বলে মোবাইল এবং ইন্টারনেটকে?
Bengali synonyms of Mobile and Internet : উত্তর খুঁজতে নাজেহাল বাঙালি! জানেন মোবাইল আর ইন্টারনেটের বাংলা মানে কী?

সময় এগিয়েছে নিজের নিয়মেই, প্রযুক্তি এসে ভোল বদল করেছে অনেক কিছুরই। আর সেই বদলের পিঠে চেপেই এসেছে আধুনিকতা। আজকের যুগে আধুনিকতার সবথেকে বড় অংশ হলো ‘মোবাইল’ আর আর মধ্যে থাকা ‘ইন্টারনেট’ পরিষেবা। যোগাযোগ থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা, সরকারি বেসরকারি যে কোনও কাজ অথবা ব্যাংকের নথি সংক্রান্ত কাজ ইত্যাদি সবকিছুতেই জরুরি এই দুটো জিনিস। আজকাল হাতে হাতে ঘোরে মোবাইল। চলতে ফিরতে যখনই কিছু দেখতে বা জানতে হয় আমাদের সঙ্গে সঙ্গে ভরসা ওই ইন্টারনেটেই। শুধু যে ইংরেজি ভাষাতেই এখানে তথ্য মেলে তাই নয়, পাশাপাশি বিশ্বের একাধিক স্বীকৃত ভাষাতেই যা কিছু অজানা তার সন্ধান দেয় ইন্টারনেট। বাংলা ভাষারও সমান কদর এখানে। কিন্তু জানেন কি এই মোবাইল আর ইন্টারনেটকে বাংলায় কী বলে?
এই দুটি শব্দই আদতে ইংরেজি শব্দ! অথচ ব্যবহারিক জীবনে কবেই যেন হারিয়ে গিয়েছে এদের বাংলা প্রতিশব্দ গুলি। উপরন্তু অচিরেই বাংলা ভাষার মৌখিক অভিধানে জায়গা করে নিয়েছে এই মোবাইল এবং ইন্টারনেট শব্দদুটি। বাংলা টাংলা এখন অনেকেরই ঠিক আসে না, তাই চলতে ফিরতে ইংরেজি বলাই দস্তুর। অভিভাবকরাও সাহস করে সন্তানদের বাংলা মাধ্যমে ভর্তি করান না আর। তবুও বাংলা আছে। অজস্র ইংরেজির ভিড়েই বাংলা আছে। বছরের ওই একটা দিন, ২১ ফেব্রুয়ারি তাকে তাক থেকে নামিয়ে ফুল চন্দন দেওয়া হয়।
- আপনার জন্য আরও কিছু লেখা
Bengali synonyms of Bus : সময়ের সঙ্গে বাঙালির মুখে মুখে বাংলা শব্দের পাশে জায়গা পাকা করে নিয়েছে ‘Bus’। পরিবর্তে প্রায় একেবারেই হারিয়ে গিয়েছে এই শব্দের আসল বাংলা প্রতিশব্দটি। জানেন সেটি কী?
বর্তমান সময়ে সভ্যতার ধারক বাহক এই ইন্টারনেট পরিষেবা। এক মুহূর্তও ইন্টারনেট না থাকলে থমকে যেতে পারে জনজীবন। হাতের মুঠোয় গোটা দুনিয়াকে আনতে পারে এই পরিষেবা। তবে ইন্টারনেট ব্যবহারের অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে মোবাইলের ব্যবহার। প্রথমে অবশ্য তাতে কেবল ফোন করা যেত। বোতাম টিপে কাজ করতে হতো মোবাইলে। ১৯৭৩ সালে বিদেশি মটোরোলা কোম্পানির প্রতিষ্ঠাতা গবেষক মার্টিন কুপার সর্বপ্রথম তারবিহীন মোবাইলের নকশা প্রস্তুত করেন। তবে সেই পুরনো ফোন টাচস্ক্রিনের দ্বারা চালিত ছিল না। ছিল বোতাম চালিত। পরবর্তীতে এই মোবাইল ফোন বিশ্বব্যাপী প্রচার পায়। যেহেতু বিনা তারের সাহায্যে ঘুরে ঘুরে এই মোবাইল ব্যবহার করা যেত তাই এর কাজের ধরনের সঙ্গে সাযুজ্য রেখে এর বাংলা প্রতিশব্দ রাখা হয়েছিল। বাংলায় মোবাইলকে বলা হয় চলভাষ যন্ত্র।
প্রথমে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলেও সময়ের সঙ্গে মোবাইলে এসেছে এই সুবিধা। একটা সময় পর্যন্ত এই পরিষেবা কেবল মাত্র ছিল কুক্ষিগত। খুব প্রয়োজন ছাড়া এর ব্যবহার হতো না। তবে সময়ের সঙ্গে ক্রমেই অনলাইনের প্রয়োজনীয়তা বাড়ে। তার সঙ্গে ব্যবহারিক জীবনে অপরিহার্য হয়ে ওঠে এই পরিষেবা। বাংলায় ইন্টারনেট শব্দটিই বহুল চর্চিত হলেও এর প্রকৃত বাংলা প্রতিশব্দ হল অন্তর্জাল মাধ্যম।
















