জলও পচে যায় নাকি! কেন বোতলের গায়ে লেখা থাকে এক্সপায়ারি ডেট?
Expiry date of water : পানীয় জলের বোতলের গায়েও লেখা থাকে এক্সপিয়ারি ডেট। কেন?

‘জলই জীবন’, এই পরিচিতি পংক্তিটি বহুবারই বলতে শোনা যায়। অতীতে চাপ কল অথবা টিউবওয়েল থেকে সংগ্রহ করা জলই পানীয় হিসেবে ব্যবহার করতো মানুষ। সময়ের সঙ্গে সেই অভ্যাসে বদল এসেছে। আধুনিক যুগে বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটজাত পানীয় জল। প্রচলিত কথায় যাকে বলে ‘মিনারেল ওয়াটার’।
আগে দূরে কোথায় ভ্রমণ করার সময় বাড়ি থেকে জল ভরে নিয়ে যাওয়া দস্তুর ছিল, তবে বর্তমানে সমস্ত জায়গায় থরে থরে বিক্রি হয় বিভিন্ন কোম্পানির মিনারেল ওয়াটারের বোতল। তাই বাড়ি থেকে বয়ে নিয়ে যেতে ভুলে গেলেও রাস্তাঘাটে অসুবিধায় পড়তে হয় না মানুষকে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন কখনও বাজারজাত এই পানীয় জলের বোতলের গায়েও লেখা থাকে এক্সপিয়ারি ডেট। অথচ জলের তো কোনও শেষের মেয়াদের কথা বলেন না বিজ্ঞানীরা, তাহলে কেন উল্লেখ থাকে নির্দিষ্ট এই সময়কালের?
- আপনার জন্য আরও কিছু লেখা
Black Water: এই জলের মধ্যে ফুলভিক অ্যাসিড (এফভিএ) থাকে যা একে চারকোলের রঙ দেয়, যার জন্যই মূলত জলটির রং কালো হয়। জানা গেছে, এতে উপস্থিত খনিজ এবং ভিটামিন আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী
গবেষকরা জানাচ্ছেন, বাজারজাত জলের বোতলের গায়ে লেখা ওই তারিখটি আসলে জলের নয়, ওই এক্সপিয়ারি ডেট আসলে প্লাস্টিকের বোতলটির। এমনিতেই চিকিৎসকরা পাস্টিকের দ্রব্য ব্যবহার নিয়ে বারবার নিষেধাজ্ঞা জারি করে থাকেন, তাই যেহেতু জলের এই বোতলগুলিও প্লাস্টিকের তৈরি তাই দীর্ঘদিন ওই বোতলে জল রাখলে বিভিন্ন বিক্রিয়ায় পরিশোধিত জলও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। একটি নির্দিষ্ট সময় পর প্লাস্টিক ধীরে ধীরে জলে দ্রবীভূত হতে থাকে। সেই কারণে যে বোতলে জল ভর্তি থাকে, সেসব বোতলে এক্সপায়ারি ডেট লেখা থাকে।
সুতরাং দোকান থেকে কেনা প্যাকেটজাত জল বেশি দিন ঘরে জমিয়ে রাখা উচিত নয়। এমনকী ওই বোতলে পুনরায় জল ভরে ব্যবহার করাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই বোতলগুলিকে সিঙ্গেল ইউজ বটল বলা হয়। আজকাল অনেককেই দেখা যায় কেনা জলের বোতল থেকে জল খাওয়ার পর সেটি দুমড়ে মুচড়ে তবে ডাস্টবিনে ফেলেন, যাতে ওটি দ্বিতীয়বার কোনওমতেই আর ব্যবহার করা না যায়। শুধু তাই নয় কেউ কেউ আবার বোতলের ঢাকনাটিকে বোতলের মধ্যে পুরে তবে সেটি ফেলেন। মোদ্দা কথা হল, প্লাস্টিকের বোতলে ভরে জল বিক্রি হয় বলেই তার গায়ে নির্দিষ্ট ওই সময়সীমার উল্লেখ থাকে। অর্থাৎ ওই তারিখ জলের নয়, বোতলের এক্সপায়ারি ডেট।















